দেশে সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ

পরিবেশবান্ধব শিল্পকারখানা গড়ে তোলার ক্ষেত্রে বিশ্বে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) লিড (এলইইডি) সনদ পেয়েছে দেশের আরও ১২টি তৈরি পোশাক, বস্ত্র ও পোশাকশিল্পের আনুষঙ্গিক পণ্য উৎপাদনকারী কারখানা। নতুন এসব স্বীকৃতির ফলে দেশে লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০২টিতে। এ সংখ্যার দিক থেকে বিশ্বের শীর্ষে রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত তথ্য অনুযায়ী, নতুন সনদ পাওয়া ১২টি কারখানার মধ্যে ৯টি প্লাটিনাম এবং তিনটি গোল্ড সনদ অর্জন করেছে। নতুন কারখানাগুলোর মধ্যে সর্বোচ্চ ৯৭ পয়েন্ট পেয়েছে ঢাকার ধামরাইয়ে অবস্থিত অ্যাডজি ট্রিমস লিমিটেড।

সব মিলিয়ে দেশে বর্তমানে প্লাটিনাম সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা ১৩৪টি। এ ছাড়া গোল্ড সনদ পেয়েছে ১৪৮টি, সিলভার সনদ ১৬টি এবং সার্টিফাইড শ্রেণিতে রয়েছে চারটি কারখানা। সব মিলিয়ে ৩০২টি কারখানা অর্জন করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিড সনদ।

শুধু কারখানার সংখ্যায় নয়, সর্বোচ্চ মানের পরিবেশবান্ধব শিল্পকারখানার তালিকাতেও বাংলাদেশের অবস্থান উল্লেখযোগ্য। বিশ্বের সর্বোচ্চ রেটিং পাওয়া ১০০টি লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার মধ্যে ৫৩টিই বাংলাদেশে অবস্থিত।

নতুন প্লাটিনাম সনদ পেয়েছে ৯ কারখানা

নতুন করে প্লাটিনাম সনদ পাওয়া কারখানাগুলোর মধ্যে ধামরাইয়ের অ্যাডজি ট্রিমস লিমিটেড ৯৭ পয়েন্ট পেয়েছে। এ ছাড়া গাজীপুরের ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস লিমিটেড ৯১, প্রবৃদ্ধি অ্যাপারেলস লিমিটেড ৮৮, নারায়ণগঞ্জের এফকেএল প্রিন্টিং বিল্ডিং ৮৬, গাজীপুরের এল ইউসিন ফ্যাশন লিমিটেড ৮৫ এবং চট্টগ্রামের ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লিমিটেড ৮৪ পয়েন্ট অর্জন করেছে।

অন্যদিকে, চট্টগ্রামের কেডিএস অ্যাপারেলস লিমিটেডের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং ইউনিট, সাভারের ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) পুরোনো এলাকার প্যাক্সার বাংলাদেশ লিমিটেড এবং গাজীপুরের বিপ্রবর্তায় অবস্থিত এক্সপো অ্যাকসেসরিজ লিমিটেড প্রত্যেকে ৮২ পয়েন্ট পেয়ে প্লাটিনাম সনদ অর্জন করেছে।

গোল্ড সনদ পেয়েছে তিন কারখানা

নতুন করে গোল্ড সনদ পাওয়া তিনটি কারখানা হলো নারায়ণগঞ্জের বার্নালি কালেকশনস লিমিটেডের নিটিং ইউনিট, চট্টগ্রামের বেস্টেক বিডি লিমিটেড এবং টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত এক্সপোর্ট বিল্ডিং-২। প্রতিষ্ঠানগুলো যথাক্রমে ৬৮, ৬৬ ও ৬৪ পয়েন্ট পেয়েছে।

কীভাবে দেওয়া হয় লিড সনদ

লিড সনদ মূলত ভবনের পরিবেশগত কার্যকারিতা, জ্বালানি ও পানির ব্যবহার, সম্পদের দক্ষ ব্যবস্থাপনা এবং টেকসই নির্মাণব্যবস্থার বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে দেওয়া হয়। নতুন ভবন নির্মাণের পাশাপাশি বিদ্যমান ভবনের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্যও রয়েছে পৃথক মূল্যায়নপদ্ধতি।

নতুন ১২টি কারখানার কয়েকটি নতুন ভবন নির্মাণসংক্রান্ত (বিডি+সি) এবং অন্যগুলো বিদ্যমান ভবনের পরিচালনা ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত (ও+এম) মানদণ্ডে মূল্যায়িত হয়েছে।