দুর্নীতির দায় শ্রমিকের ওপর চাপানো যাবে না: দেবপ্রিয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৬, ১৭:০১ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৭:০১

ব্যবসা পরিচালনায় দুর্নীতি ও অনিয়মের কারণে ব্যয় বাড়লেও তার দায় শ্রমিকদের ওপর চাপানো যাবে না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি প্রশ্ন তুলেছেন, দুর্নীতির কারণে ব্যবসায়িক ব্যয় বাড়লে শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করে সেই ব্যয় মেটানো কতটা যুক্তিসংগত?

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘‘ব্যবসা পরিচালনায় বিভিন্ন পর্যায়ে দুর্নীতি ও অনিয়মের কারণে অতিরিক্ত ব্যয় হয়। কিন্তু সেই ব্যয়ের দায় শ্রমিকদের কম মজুরি দিয়ে মেটানোর চেষ্টা গ্রহণযোগ্য নয়। যারা দুর্নীতি ও সুশাসনের অভাবের কথা বলছেন, তাদেরও রাজনৈতিক নেতৃত্বের কাছে জবাবদিহি নিশ্চিত করার দাবি তুলতে হবে। মেহনতি মানুষের ন্যায্য পাওনা কমিয়ে দুর্নীতির ব্যয়ের ভর্তুকি দেওয়ার ব্যবস্থা চলতে পারে না।’’

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই অর্থনীতিবিদ। তিনি বলেন, মজুরির বিষয়টি শ্রম মন্ত্রণালয়ের দেখার কথা। কিন্তু এ বিষয়ে জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মজুরি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছে বলেও তারা জানতে পারেননি।

সময়মতো মজুরি বোর্ড গঠন না করাকে সরকারের রাজনৈতিকভাবে অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত উল্লেখ করে দেবপ্রিয় বলেন, ‘‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও একই সময়ে পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ দেখা যায়নি। এ ধরনের পরিস্থিতিতে সরকারের সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান ও বক্তব্য থাকা প্রয়োজন ছিল।’’

দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘‘অর্থনীতিতে এখন নিম্নচাপ চলছে। উদ্যোক্তারা নানা সমস্যার মধ্যে রয়েছেন। কিন্তু সরকারের আচরণ ও সংসদের কার্যক্রমে অর্থনীতির এই পরিস্থিতির যথাযথ প্রতিফলন দেখা যাচ্ছে না। অর্থনৈতিক ও শ্রমসংক্রান্ত বিষয়গুলো ক্রমেই আইনশৃঙ্খলার বিষয়ে পরিণত হচ্ছে, পরে তা রাজনৈতিক রূপ নিচ্ছে। অথচ এমন পরিস্থিতি হওয়ার কথা ছিল না।’’

তিনি বলেন, ‘‘অর্থনীতির সংকট মোকাবিলায় সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে, সেগুলো স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন। ২০০৯ সালের জনঅর্থায়ন ও বাজেট ব্যবস্থাপনা আইন অনুযায়ী প্রতি তিন মাস পরপর সরকারের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংসদে বিবৃতি দেওয়ার কথা। বাজেট ঘোষণার পাঁচ মাস পার হলেও অর্থমন্ত্রী এখনো এ ধরনের বিবৃতি দেননি।’’

দেবপ্রিয় বলেন, ‘‘বিনিয়োগ, বাণিজ্য ও বাজেট বাস্তবায়নের অগ্রগতি নিয়ে অর্থমন্ত্রী সংসদে নিয়মিত বিবৃতি দিলে অর্থনীতির সংকট মোকাবিলা সহজ হতো। একইসঙ্গে দুর্নীতি দমনসহ সরকারের ঘোষিত সংস্কার কার্যক্রম বাস্তবায়নেও অগ্রগতি আনা সম্ভব হতো।’’

সরকারের সংস্কার কার্যক্রমের ঘাটতি বিদেশি ক্রেতাদের সঙ্গে দর-কষাকষিতেও প্রভাব ফেলছে বলে মনে করেন তিনি। তার মতে, বিদেশি ক্রেতারা বাংলাদেশের দুর্বল অবকাঠামো ও দুর্নীতিগ্রস্ত রাজস্ব ব্যবস্থাপনার দায় নিতে চান না। এসব সমস্যা সমাধানে সরকারকে প্রয়োজনীয় সংস্কার করতে হবে।

তৈরি পোশাকশিল্পের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানোর ওপরও গুরুত্ব দেন সিপিডির এই ফেলো। তিনি বলেন, ‘‘স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের জন্য বাংলাদেশ যে তিন বছর সময় পেয়েছে, এ সময়ে শিল্পের বৈচিত্র্য আনা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। দেশের মোট রফতানির প্রায় ৮০ শতাংশ একটি খাতের ওপর নির্ভরশীল থাকা দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।’’

মজুরি বৃদ্ধির ফলে ছোট ও মাঝারি কারখানাগুলোর টিকে থাকা কঠিন হবে, এমন যুক্তির প্রসঙ্গে দেবপ্রিয় বলেন, ‘‘সুশাসনের অভাব ও দুর্নীতির কারণে ব্যবসার ব্যয় বাড়লে তার দায় শ্রমিকদের বহন করতে হবে কেন? শ্রমিকদের ন্যায্য মজুরি না দেওয়াই এসব সমস্যার সমাধান হতে পারে না।’’

সংবাদ সম্মেলনে সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং গবেষণা বিভাগের প্রধান তৌফিকুল ইসলাম খানসহ সংস্থাটির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
পোশাক খাতের অস্থিরতা কাটবে কবে?
নতুন মজুরি কার্যকর ১ ডিসেম্বর থেকে, ঘোষণা কবে নিশ্চিত নয়
শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া: গাজীপুরে ৭০ কারখানায় ছুটি ঘোষণা
সর্বশেষ খবর
বিএনপি নেতার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন
বিএনপি নেতার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন
রিকেলটন-রাবাদার জুটিতে ৫৫৭, ১৫৭ রানের লিড দক্ষিণ আফ্রিকার
রিকেলটন-রাবাদার জুটিতে ৫৫৭, ১৫৭ রানের লিড দক্ষিণ আফ্রিকার
সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২
সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
সর্বাধিক পঠিত
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী