প্রাইম ব্যাংক দেশের বৃহৎ করপোরেটের ডিলার/পরিবেশকদের সেবা দিতে ‘প্রাইম ডিলার’ নামে একটি ‘ডেডিকেটেড ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং প্রোগ্রাম’ চালু করেছে। প্রাইম ব্যাংক, প্রাইম ডিলার প্রোগ্রামের আওতায় জিপিএইচ ইস্পাত লিমিটেডের সঙ্গে একটি স্ট্র্যাটিজিক পার্টনারশিপ করেছে।
রবিবার (২৬ ডিসেম্বর) প্রাইম ব্যাংক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অংশীদারিত্ব বা পার্টনারশিপে জিপিএইচ ইস্পাত লিমিটেডের নিবন্ধিত ডিলাররা প্রাইম ব্যাংক থেকে এক কোটি টাকা পর্যন্ত জামানতমুক্ত এমএসএমই ঋণের সঙ্গে ২৪/৭ ব্যাংকিং এবং ডেডিকেটেড ডিলার হেল্প ডেস্ক সুবিধা পাবেন।
অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাত লিমিটেডের ক্রেডিট সিনক্রোনাইজেশন এবং মনিটরিং ইউনিটের প্রধান চম্পক চক্রবর্তী এবং প্রাইম ব্যাংকের এসইভিপি ও এমএসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ এম. ওমর তৈয়ব -সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ বলেন, ‘জিপিএইচ ইস্পাত ও প্রাইম ব্যাংকের জন্য এটি একটি সময়োপযোগী উদ্যোগ, যা বাংলাদেশের এমএসএমই-এর প্রসারের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিকরণ প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে।’