জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সোমবার অনুষ্ঠিত এক সভায় ব্যাংকটির ৫ বছর কর অব্যাহতির সুবিধা বাড়ানো হয়েছে। এ বিষয়টি নিয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে এনবিআর। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর গ্রামীণ ব্যাংকের কর অব্যাহতির সুবিধা শেষ হয়। তবে এ সময়ের মধ্যে গ্রামীণ ব্যাংক পুনরায় কর অব্যাহতির সুবিধা ৫ বছর বাড়ানোর জন্য আবেদন করে। এর আগে ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ব্যাংকটি কর অব্যাহতি সুবিধা ভোগ করে আসছিল।
সূত্র জানায়, গত ১ ডিসেম্বর এনবিআরের বোর্ড সভায় গ্রামীণ ব্যাংকের কর অব্যাহতি দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর এ সংক্রান্ত যাবতীয় নথিপত্র অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বরাবর পাঠানো হয়। অর্থমন্ত্রীও এ বিষয়ে সবুজ সংকেত দেন। অর্থমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর এনবিআর কর অব্যাহতির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত, গ্রামীণ ব্যাংক কর অঞ্চল-১৪-এর সার্কেল-২৮৭ অধিক্ষেত্রভুক্ত করদাতা। এ ব্যাংকের করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) ০৭০-২০০-১৮৮৪।
গ্রামীণ ব্যাংক দেশজুড়ে ২ হাজার ৫৬৮টি শাখার মাধ্যমে ৮১ হাজার ৩৯০টি গ্রামে প্রায় ৮৬ লাখ ৫৪ হাজার সদস্যের মধ্যে ক্ষুদ্রঋণ বিতরণ করছে। এ কর্মসূচির আওতায় সদস্য পরিবারের লোক সংখ্যা ৫ কোটিরও বেশি। গ্রামীণ ব্যাংক বছরে প্রায় গড়ে ১৩ হাজার ৫০০ কোটি টাকা ঋণ বিতরণ করে।
/জিএম/এএইচ /