চার শতাংশ নগদ সহায়তা পাবে ৫৫টি অনলাইন মার্কেটপ্লেস

নানা ব্যস্ততার মধ্যে সময়ের সঙ্গে তাল মিলিয়ে কুলিয়ে উঠতে না পেরে অনেকেই এখন হাঁটছেন অনলাইনে কেনাকাটার পথে। এরই মধ্যে বাংলাদেশে গড়ে উঠেছে বিশাল অনলাইন ক্রেতা- বিক্রেতা গোষ্ঠী।  মানুষের অনলাইনে কেনাকাটার চাহিদা বাড়াতে গড়ে উঠছে নিত্য নতুন অনলাইন মার্কেট।

এদিকে,  চলতি ২০২১-২২ অর্থবছরে সরকার ৫৫টি অনলাইন মার্কেটপ্লেসকে সরকার নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার (৩০ জানুয়ারি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, রফতানি প্রণোদনা বা নগদ সহায়তার ক্ষেত্রে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে প্রাথমিকভাবে নির্বাচিত ৫৫ টি স্বীকৃত অনলাইন মার্কেটপ্লেস উপযুক্ত হিসেবে বিবেচিত হবে।

সার্কুলারে বলা হয়েছে, সফটওয়্যার ও আইটিএস সেবা রফতানির বিপরীতে ব্যক্তি পর্যায়ের ফ্রিল্যান্সারদেরকে ৪ শতাংশ রফতানি ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

প্রসঙ্গত, রফতানি ভর্তুকি প্রযোজ্য হওয়ার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ স্বীকৃত অনলাইন মার্কেটপ্লেস থেকে অর্জিত আয় দেশে প্রত্যাবাসন নিশ্চিত হয়ে রফতানি ভর্তুকি প্রদান করতে হবে মর্মে নির্দেশনা আছে।