ফার্নিচার রফতানিতে বড় বাধা উচ্চ শুল্ক কর

আসবাব নির্মাণ শিল্পের উদ্যোক্তাদেরকে আমদানিকৃত কাঁচামালের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক ও ৩ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক পরিশোধ করতে হয়। এটিকে উচ্চহার বলছেন এই খাতের উদ্যোক্তারা। তারা বলছেন, শুল্ক-কর ফার্নিচার রফতানিতে সবচেয়ে বড় বাধা।  বাজেটে  সম্পূরক শুল্ক কমিয়ে আনা ও নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার (৮ মার্চ) এফবিসিসিআই কার্যালয়ে আসবাব, পার্টিকেল বোর্ড ও সংশ্লিষ্ট বিষয় সম্পর্কিত এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির প্রথম সভায় এ দাবি জানান তারা।

সভায় ফার্নিচার খাতের উদ্যোক্তারা জানান, আসবাব রফতানিতে ১৫ শতাংশ প্রণোদনা দেওয়া হলেও এটি মূলত প্রণোদনা নয়। কেননা, অন্যান্য রফতানিমুখী খাত কাঁচামাল আমদানিতে শূন্য শুল্ক সুবিধা পেলেও আসবাবপত্রের কাঁচামালে সবধরনের শুল্ক ও কর পরিশোধ করতে হয়। আগামী বাজেটে প্রণোদনার হার অন্তত ২০ শতাংশ করার দাবি জানান ব্যবসায়ীরা। এছাড়াও আসবাবপত্র খাতে সামগ্রিক করহার ৮৯ শতাংশ বলে জানান বক্তারা। নতুন বাজেটে এই করহার কমানোর দাবি জানান তারা। সভায় প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআইর সহ-সভাপতি এম এ মোমেন।