কৃষি পদক পেয়েছে প্রাণ ডেইরি

কৃষিক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই কৃষি পদক-২০২১ পেয়েছে প্রাণ ডেইরি লিমিটেড।

রবিবার (২৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরীর হাতে এ পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

এ বছর ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই কৃষি পদক প্রদান করা হয়। কৃষিপণ্যের সেরা রফতানিকারক প্রতিষ্ঠান হিসেবে এ পদক পায় প্রাণ ডেইরি। প্রাণ আরএফএল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়সহ পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০০১ সালে দেশে দুগ্ধ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কাজ শুরু করে প্রাণ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান প্রাণ ডেইরি। প্রাণ ডেইরি’ই দেশে প্রথম ‘ডেইরি হাব’ প্রচলন করে। এসব হাবের অধীনে দেশের বিভিন্ন প্রান্তে ছোট ছোট ‘দুগ্ধ সংগ্রহ কেন্দ্র’ প্রতিষ্ঠার মাধ্যমে প্রাণ ডেইরি সরাসরি খামারিদের প্রশিক্ষণ ও সহায়তা দিচ্ছে ও তাদের কাছ থেকে দুধ সংগ্রহ করে আসছে। পরে খামারিদের কাছ থেকে সংগৃহীত দুধ থেকে পণ্য উৎপাদন করে বিপণন করছে দেশ ও বিদেশে। বর্তমানে প্রাণ ডেইরি দেশে দুগ্ধ শিল্পে স্বনির্ভরতা অর্জনে কাজ করছে এবং বিদেশে দুগ্ধ জাতীয় পণ্যের বিশাল বাজার তৈরিতে কাজ করছে। এর পাশাপাশি প্রাণ ডেইরি জুস ও ড্রিংকস, বিস্কুট এন্ড বেকারি, ফ্রোজেন স্ন্যাকস, কনফেকশনারিসহ বিভিন্ন পণ্য উৎপাদন করে দেশ ও বিদেশে বাজারজাত করছে।