অনলাইনে বাণিজ্যের ৫২ সেবা

অনলাইনে শতভাগ সেবা দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও রফতানির প্রধান নিয়ন্ত্রকের দফতর। স্বাধীনতার ৫০ বছরে মোট ৫২টি সেবা অনলাইনে প্রদান নিশ্চিত করা হয়েছে। ব্যবসায়ীরা এসব সেবা বাসায় বসেই পাচ্ছেন। তাদের যেতে হচ্ছে না সিসিআইএন্ডই অফিসেও।

সোমবার (৬ জুন) ঢাকায় আমদানি ও রফতানির প্রধান নিয়ন্ত্রকের দফতর আয়োজিত ‘স্বাধীনতার ৫০ বছরে ৫০ ধরনের সেবা অনলাইনে প্রদান’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলাম, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট জসিম উদ্দিন, আমদানি ও রফতানি অফিসের প্রধান নিয়ন্ত্রক শেখ রফিকুল ইসলাম বক্তৃতা করেন।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, অনলাইনে ব্যবসায়ীদের জন্য সকল সেবা নিশ্চিত করে দায়িত্বশীল অবদান রাখতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করলে সোনার বাংলা গড়তে বেশি সময় লাগবে না।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য বিগত যে কোনও সময়ের চেয়ে গতিশীল হয়েছে। ব্যবসার পরিধি বেড়েছে। আমাদের কাছে ব্যবসায়ীদের প্রত্যাশাও অনেক। দেশের মানুষ যে কোনও হয়রানি ছাড়া বাণিজ্য-সেবা পেতে চায়। চলতি অর্থবছরে ৫১ বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। প্রকৃত রফতানি ৬০ বিলিয়ন ডলারের কম হবে না। আগামী দুই বছর পর তা ৮০ বিলিয়ন ছাড়াবে বলে জানান মন্ত্রী।

উল্লেখ্য, ব্যবসায়ীদের জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করতে সরকারের আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতর ২০১৯ সালে ১ জুলাই থেকে অনলাইন সিস্টেম ‘অনলাইন লাইসেন্সিং মডিউল (ওএরএম)’ কার্যক্রম শুরু করে।