তুলাসহ বিভিন্ন কৃষিপণ্যের রফতানি বাড়াতে প্রকাশ করছে ব্রাজিল বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
বুধবার (১৫ জুন) বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাবিম নাদজা পপফ-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এসে এ আগ্রহের কথা জানান।
বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাবিম নাদজা পপফ জানান, ব্রাজিল আন্তরিকভাবে বিশ্বাস করে বাংলাদেশ তাদের বন্ধুপ্রতীম দেশ। সেজন্য ব্রাজিল বাংলাদেশের বস্ত্র ও তুলাসহ বিভিন্ন কৃষিপণ্য খাতে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও উন্নয়ন ঘটাতে আগ্রহী। ব্রাজিলে সেরা মানের তুলা উৎপাদিত হয়। ব্রাজিল বিশ্বের বিভিন্ন দেশে উন্নতমানের এ তুলা রফতানি করে। এ তালিকায় অন্যতম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ব্রাজিল ভবিষ্যতে আরও অধিক পরিমাণে তুলাসহ বিভিন্ন কৃষিপণ্য বাংলাদেশে রফতানি করতে চায়।
আলোচনাকালে বস্ত্র ও পাটমন্ত্রী ব্রাজিলের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জানান, বাংলাদেশও আন্তরিকভাবে বিশ্বাস করে যে, ব্রাজিল বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও ব্রাজিলের বস্ত্র খাত একসঙ্গে এগিয়ে যাবে। দুই দেশের ব্যবসা-বাণিজ্যে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, আলোচনার মাধ্যমে তা দূর করা হবে।