সরকার ৩৪৬ কোটি ৭১ লাখ ৯৩ হাজার ২০০ টাকার সার কেনার সিদ্ধান্ত নিয়েছে। মরক্কো ও কানাডা থেকে কেনা হবে ৮০ হাজার মেট্রিক টন সার। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় এই সার কেনা হবে।
বুধবার (২৪ মে) অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভায় সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান সাংবাদিকদের বলেন, ‘কৃষি মন্ত্রণালয়ের অধীন বিএডিসি কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি, এস.এ থেকে তৃতীয় লটে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার ১২০ কোটি ৩ লাখ ৭৯ হাজার ২০০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিএডিসি কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে পঞ্চম লটে ৫০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার কেনার সিদ্ধান্ত হয়েছে। এতে সরকারের ব্যয় হবে ২২৬ কোটি ৬৮ লাখ ১৪ হাজার টাকা।