সেনাপ্রধানের সঙ্গে এফবিসিসিআই নেতাদের বৈঠক

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকায় আর্মি হেডকোয়ার্টারে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এফবিসিসিআই সভাপতি জনাব মাহবুবুল আলম। প্রতিনিধি দলে ছিলেন— এফবিসিসিআই’র সাবেক সভাপতি  মাহবুবুর রহমান,  আব্দুল আউয়াল মিন্ট‍ু,  মীর নাসির হোসেন,  এ.কে আজাদ,  মো. জসিম উদ্দিন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস মিলিটেডের ব্যবস্থাপনা পরিচালক  তপন চৌধুরী, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি  আশরাফ আহমেদ, বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি  খন্দকার রফিকুল ইসলাম, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিইও  নাসির এজাজ বিজয়।

এ সময় দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং শিল্প কারখানার উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা সচল রাখার লক্ষ্যে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করাসহ চাঁদাবাজি রোধে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা চান ব্যবসায়ী নেতারা।

ইতোমধ্যে শিল্পের নিরাপত্তা ইস্যুতে শিল্প এলাকাগুলোতে বিভিন্ন কার্যক্রম ও টহল পরিচালনা করায় বাংলাদেশ সেবাবাহিনীকে ধন্যবাদ জানান এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। এ সময় শিল্পের নিরাপত্তা জোরদার করা এবং ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফেরাতে সেনাবাহিনীর সঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন এফবিসিসিআই সভাপতি।

দেশের সব নাগরিকের পাশাপাশি ব্যবসায়ী সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেন সেনাপ্রধান। তিনি জানান, শিল্প প্রতিষ্ঠান, সাপ্লাই চেইন, বন্দরের নিরাপত্তা প্রদানসহ দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা যাতে নির্বিঘ্নে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা তৎপর রয়েছে।

কোনও শিল্প প্রতিষ্ঠান যেকোনও ধরনের হুমকির শিকার হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।