নভোএয়ারে যুক্ত হলো তিনটি এটিআর উড়োজাহাজ

মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর সঙ্গে অন্য অতিথিরাদেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার এর বিমানবহরে যুক্ত হয়েছে ৬৮টি আসনের তিনটি এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ। মঙ্গলবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কনফারেন্স রুমে এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি। একইসঙ্গে নভোএয়ার এর সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নতুন তিনটি উড়োজাহাজ যুক্ত হওয়ায় নভোএয়ার এর বহরে উড়োজাহাজ সংখ্যা ছয় এ উন্নীত হয়েছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, ৬৮টি আসনের এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ দিয়ে সৈয়দপুর রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার। এছাড়া ১ এপ্রিল থেকে রাজশাহী রুটে সোম, বুধ ও শুক্রবারে প্রতিদিন একটি ফ্লাইট ও ২ এপ্রিল থেকে বরিশাল রুটে মঙ্গল, বৃহস্পতি, শনি ও রবিবার প্রতিদিন একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এর ফলে অভ্যন্তরীণ রুটের সাতটি গন্তব্যেই ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার।
মফিজুর রহমান বলেন, চট্টগ্রাম, যশোর, কক্সবাজার, সিলেট, সৈয়দপুর, রাজশাহী ও বরিশালের যাত্রীরা ঢাকায় কানেক্টিং ফ্লাইটের মাধ্যমে এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে ভ্রমণ করতে পারবেন মাত্র ছয় হাজার টাকায়। এর ফলে দেশের পর্যটন শিল্প ও ব্যবসা বাণিজ্যের প্রসারেও সহায়তা করবে।
বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, সিলেট ও যশোর রুটে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।  এছাড়া আন্তর্জাতিক রুটে ঢাকা-ইয়াঙ্গুন রুটে সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করছে বিমান সংস্থাটি।

অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদ্য বিদায়ী চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদ্য নিযুক্ত চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী উপস্থিত ছিলেন।

/সিএ/ এএইচ/