জুলাইয়ে রফতানি আয় ২৫ শতাংশ বেড়ে ৪.৭৮ বিলিয়ন ডলার

নতুন অর্থবছরের (২০২৫-২৬) শুরুর প্রথম মাস জুলাইয়ে দেশের রফতানি আয়ে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। এ মাসে বাংলাদেশ ৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৯০ শতাংশ বেশি।

সোমবার (৪ আগস্ট ) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই মাসে রফতানি আয় ছিল ৩ দশমিক ৮২ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে জুলাই মাসে রফতানিতে প্রায় এক বিলিয়ন ডলারের প্রবৃদ্ধি হয়েছে।

এছাড়া বিদায়ী অর্থবছর ২০২৪-২৫ সালে দেশের মোট পণ্য রফতানি আয় দাঁড়ায় ৪৮ দশমিক ২৮ বিলিয়ন ডলারে, যা তার আগের অর্থবছর ২০২৩-২৪-এর ৪৪ দশমিক ৪৭ বিলিয়নের তুলনায় ৮ দশমিক ৫৫ শতাংশ বেশি। তবে শেষ মাস জুনে রফতানি আয় ৭ দশমিক ৫৫ শতাংশ হ্রাস পেয়েছিল।

রফতানিকারকরা বলছেন, জুন মাসের এই মন্দার জন্য আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর অর্ডার কমে যাওয়া, যুক্তরাষ্ট্রে শুল্ক নিয়ে অনিশ্চয়তা, অভ্যন্তরীণ গ্যাস সংকট এবং ঈদের দীর্ঘ ছুটির প্রভাব দায়ী।

তবে নতুন অর্থবছরের শুরুতেই দৃশ্যপট পাল্টেছে। শুধু তৈরি পোশাক খাতেই জুলাই মাসে ৩ দশমিক ৯৬ বিলিয়ন ডলারের রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৬৭ শতাংশ বেশি। তৈরি পোশাকের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, হোম টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য, প্রকৌশল পণ্য, হিমায়িত খাদ্য ও প্লাস্টিক পণ্যের রফতানিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

রফতানি আয়ের এই ইতিবাচক সূচনা থেকে সংশ্লিষ্টরা আশা করছেন, পুরো অর্থবছরেই প্রবৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে।