আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের এমডিকে অপসারণ

বেসরকারি খাতের আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরমান আর চৌধুরীকে অপসারণের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২৭ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের পর ব্যাংক কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়।

জানা গেছে, গত এপ্রিলে ফরমান আর চৌধুরীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। পরবর্তী নিরীক্ষায় তার বিরুদ্ধে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ব্যাংকের পরিচালনা পর্ষদ তার অপসারণের সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশ ব্যাংকের অনুমতি চায়।

ব্যাংকের নথিপত্র অনুযায়ী, ফরমান আর চৌধুরীর বিরুদ্ধে নিয়োগে অনিয়ম, সিএসআর তহবিলের অপব্যবহার, খেলাপি ঋণ গোপন, নিরাপত্তা সঞ্চিতি না রেখে মুনাফা প্রদর্শন, এজেন্ট ব্যাংকিং কার্যক্রমে অনিয়ম, অতিরিক্ত বেতন ও বোনাস গ্রহণসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। অভিযোগের প্রমাণ মেলায় বেতনের বাইরে নেওয়া অতিরিক্ত অর্থও তিনি ফেরত দেন বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “ব্যাংকটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের সঙ্গে বাংলাদেশ ব্যাংক সম্মতি জানিয়েছে। তাই এমডির অপসারণ কার্যকর হয়েছে।”

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের আগস্টে ব্যাংকটির পূর্বের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে বাংলাদেশ ব্যাংক। পরে স্বতন্ত্র পরিচালকদের নেতৃত্বে নতুন পর্ষদ গঠন করা হয়। এর আগে ব্যাংকটি বিতর্কিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। তার ভাই আবদুস সামাদ তখন ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পরিদর্শন প্রতিবেদনে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের বিভিন্ন অনিয়ম ও আর্থিক অনিশ্চয়তার বিষয়ও উঠে এসেছে।