এটি এনজিওদের সরকার, ব্যবসায়ীদের মতামত নেওয়া হয়নি: আজম জে চৌধুরী

বর্তমান সরকারকে ‘এনজিওদের সরকার’ আখ্যা দিয়ে ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী বলেছেন, সরকার কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যবসায়ীদের মতামত নেয়নি। তিনি অভিযোগ করেন, যেহেতু সরকারের অনেকেই এনজিও পটভূমি থেকে এসেছেন, তাই এনজিওগুলোর মাধ্যমেই দেশ পরিচালনার চেষ্টা করা হচ্ছে।

বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার কাওরান বাজারে এনএলআই অডিটোরিয়ামে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি অ্যান্ড চ্যালেঞ্জেস ফর নিউ গভর্নমেন্ট’ শীর্ষক সেমিনার ও স্টুডেন্ট স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইআরএফ সভাপতি দৌলত আকতার মালার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আজম জে চৌধুরী বলেন, ‘‘দেশে আদৌ কোনও বাস্তব সংস্কার (রিফর্ম) হয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে।’’ তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘‘নিয়ম অনুযায়ী কোনও পণ্য আমদানির পর একদিনের মধ্যে শুল্ক পরিশোধ শেষে তা খালাস পাওয়ার কথা থাকলেও বাস্তবে তা হয় না। অনেক ক্ষেত্রে কী পণ্য আমদানি হয়েছে— তা বুঝতে না পেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পণ্য পরীক্ষার জন্য বুয়েটে পাঠায়। এতে খালাস পেতে এক থেকে দেড় মাস পর্যন্ত সময় লেগে যায়।’’

তিনি বলেন, ‘‘মাইক্রোলেভেলে যে ভোগান্তি, সেটি ম্যাক্রোলেভেলের রিফর্মের অংশ নয়। ম্যাক্রোলেভেল বড় বিষয়— অর্থনীতি কীভাবে চলছে, তা নিয়ে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক কাজ করছে। কিন্তু অর্থনীতির অপারেশনাল কার্যক্রম চলে মাইক্রোলেভেলে, আর সেখানে কোনও কার্যকর সংস্কার হয়নি।’’

জমির মিউটেশন প্রক্রিয়ায় দুর্নীতি ও হয়রানির চিত্র তুলে ধরে আজম জে চৌধুরী বলেন, ‘‘ডিসি অফিস ও সংশ্লিষ্ট দফতরগুলোতে এখনও ব্যাপক হয়রানি রয়েছে। এর সঙ্গে চাঁদাবাজিও যুক্ত হয়েছে।’’ তিনি বলেন, ‘‘এটাকে এলআর ফান্ড বলা হয়। আগে যেখানে ৫০ হাজার থেকে একলাখ টাকা ঘুষ দিতে হতো, এখন সেখানে ১০ লাখ টাকা দিতে হচ্ছে—যা অত্যন্ত দুঃখজনক।’’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, ব্র্যাক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল মোমেন, ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম কামালউদ্দিন জসিম এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইআরএফের সাবেক সভাপতি শামসুল হক জাহিদ ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিইও মো. কাজিম উদ্দিনসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা।