বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি প্রণয়ন কমিটির (এমপিসিসি) সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ সাদিক আহমেদ। বুধবার (৪ মার্চ) তিনি কেন্দ্রীয় ব্যাংককে তার পদত্যাগের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে অবহিত করেন।
বাংলাদেশ ব্যাংকের উচ্চপর্যায়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে পদত্যাগের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি প্রণয়ন কমিটি সাত সদস্যের একটি কাঠামো। এতে গভর্নরকে প্রধান করে কেন্দ্রীয় ব্যাংকের চারজন অভ্যন্তরীণ সদস্য এবং তিনজন বাহ্যিক বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত থাকেন। অভ্যন্তরীণ সদস্যরা হলেন— গভর্নর, একজন ডেপুটি গভর্নর, মনিটরি পলিসি বিভাগের নির্বাহী পরিচালক এবং প্রধান অর্থনীতিবিদ (চিফ ইকোনমিস্ট)।
অপরদিকে বাহ্যিক তিন সদস্যের মধ্যে রয়েছেন— বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান এবং একজন স্বতন্ত্র অর্থনীতিবিদ। সেই স্বতন্ত্র অর্থনীতিবিদ হিসেবেই দায়িত্ব পালন করছিলেন সাদিক আহমেদ।
দেশের মুদ্রানীতি প্রণয়ন, সুদের হার নির্ধারণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় এমপিসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এমন সময়ে সাদিক আহমেদের পদত্যাগ কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণী পরিসরে নতুন আলোচনা তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।