এসএমই খাতের জন্য অল্প সুদে ঋণ সুবিধা চায় ডিসিসিআই

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) খাতের জন্য অল্প সুদে ঋণ সুবিধা প্রবর্তন এবং ঋণপ্রাপ্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একইসঙ্গে এই খাতের জন্য ঋণ প্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণ, প্রণোদনা এবং কর অব্যাহতির উদ্যোগ নেয়ার আহ্বানও জানিয়েছেন সংস্থার সভাপতি তাসকীন আহমেদ।

ডিসিসিআই সভাপতি মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই দাবিগুলো উপস্থাপন করেন।

তাসকীন আহমেদ বলেন, "করোনা মহামারি ও বর্তমান সংকটের কারণে দেশের এসএমই খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবুও এই খাত মোট জিডিপিতে প্রায় ৩০ শতাংশ অবদান রাখে এবং শিল্পখাতের মোট কর্মসংস্থানের প্রায় ৮০ শতাংশ সুযোগ সৃষ্টি করে।"

তিনি আরও বলেন, বাংলাদেশের এলডিসি উত্তরণে সরকারের উদ্যোগকে স্বাগত জানাই, তবে এর বাস্তবায়নে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সরকারের সংলাপ অব্যাহত রাখা জরুরি। এলডিসি উত্তরণের পর বেসরকারি খাতের অংশগ্রহণ ও সুপারিশ বাস্তবায়নে সরকারকে আরও সক্রিয় হতে হবে।

বর্তমান বিদ্যমান জ্বালানি সংকট মোকাবিলায় তাসকীন আহমেদ বলেন, "মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে সরকারের পদক্ষেপ সময়োপযোগী হলেও, জনগণের জীবন-জীবিকা, কর্মসংস্থান এবং শিল্প-কারখানার উৎপাদন বজায় রাখা প্রাধান্য পাওয়া উচিত।"

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, "নির্বাচিত সরকার দেশের মানুষের আশা পূরণে বদ্ধপরিকর। দেশের সামগ্রিক অর্থনীতি ও শিল্প-কারখানার কার্যক্রম উন্নত করতে বেসরকারি খাতের সঙ্গে সংলাপের মাধ্যমে উদ্যোগ নেওয়া হবে।"

সাক্ষাৎকারে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান এবং ভারপ্রাপ্ত মহাসচিব ড. একেএম আসাদুজ্জামান পাটোয়ারী উপস্থিত ছিলেন।