টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা 

বিশ্ববাজারে খাঁটি (তেজাবি) স্বর্ণের দাম কমে যাওয়ার প্রভাবে দেশের বাজারেও আবারও কমানো হয়েছে সোনার দাম। টানা দ্বিতীয় দিনের মতো দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। একই সঙ্গে কমানো হয়েছে রুপার দামও।  

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এর আগে সোমবারও প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। ফলে দুই দিনে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম মোট ৬ হাজার ৫৯০ টাকা কমেছে। 

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা। 

এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা। 

শুধু সোনা নয়, রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৯০ টাকা। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই দাম কার্যকর থাকবে।  

বাজুস জানিয়েছে, নির্ধারিত দামের সঙ্গে অলংকার তৈরির মজুরি যুক্ত হবে। তবে ২০২৬-২৭ অর্থবছরের নতুন ভ্যাট কাঠামোর আওতায় স্বর্ণের গয়নার ক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। নতুন ব্যবস্থায় প্রতি ভরি স্বর্ণের গয়নার ওপর নির্দিষ্ট ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে। এর আগে মোট মূল্যের ওপর ৫ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য ছিল। 

এছাড়া অলংকার বিনিময় ও পুনঃক্রয়ের ক্ষেত্রে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের বিদ্যমান নীতিমালা বহাল থাকবে। রুপার অলংকারে ভ্যাট সংক্রান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে বলেও জানিয়েছে সংগঠনটি।