এডিবির নাম-লোগো ব্যবহার করে প্রতারণা, যা জানালো কর্তৃপক্ষ 

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নাম, লোগো এবং কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের অপচেষ্টা চলছে। এজন্য নকল ওয়েবসাইট, ভুয়া ফেসবুক পেজ, জাল পরিচয়পত্রসহ বিভিন্ন প্রতারণামূলক উপকরণ ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে এই ধরনের প্রতারণা সম্পর্কে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এডিবি।  

সোমবার (২০ জুলাই) এডিবির ঢাকা কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, এডিবি কখনও কোনও ব্যক্তিকে সরাসরি ঋণ, অনুদান, তহবিল বা অন্য কোনও ধরনের আর্থিক সহায়তা দেয় না। একইভাবে কোনও ধরনের আর্থিক সহায়তার বিনিময়ে ব্যক্তিগত আর্থিক তথ্যও চায় না। মোবাইল ব্যাংকিং, ব্যাংক হিসাব বা অন্য কোনও মাধ্যমে অর্থ জমা দেওয়ার অনুরোধও করে না। 

এডিবির ভাষ্য, সম্প্রতি প্রতারক চক্র সংস্থাটির নাম ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে নকল ওয়েবসাইট, ভুয়া ফেসবুক পেজ, জাল পরিচয়পত্র এবং অন্যান্য প্রতারণামূলক উপকরণ তৈরি করছে। এসবের মাধ্যমে সাধারণ মানুষকে ভুয়া ঋণ ও আর্থিক সহায়তার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে এডিবির কোনও ধরনের সম্পর্ক বা সম্পৃক্ততা নেই। 

এই পরিস্থিতিতে জনসাধারণকে ভুয়া ঋণ বা আর্থিক সহায়তার প্রস্তাবে সাড়া না দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে এডিবির নাম ব্যবহার করে কেউ যোগাযোগ করলে বা অর্থ দাবি করলে বিষয়টি দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার হিসেবে এডিবি সরকার ও বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় উন্নয়ন প্রকল্পে অর্থায়ন ও কারিগরি সহায়তা দিয়ে থাকে। ফলে এডিবির প্রতিনিধি পরিচয়ে কোনও ব্যক্তি যদি সরাসরি ঋণ, অনুদান বা আর্থিক সহায়তার প্রস্তাব দেয়, তাহলে সেটি প্রতারণা হিসেবে বিবেচনা করতে হবে।  

উল্লেখ্য, এর আগে বিশ্বব্যাংকের নাম ব্যবহার করেও একই ধরনের ঋণ প্রতারণার অভিযোগ ওঠে। সে সময়ও বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছিল।