কম সুদে বিদেশি ঋণ পাওয়ার সুযোগ বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৬, ১৬:৫৬ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৬:৫৬

আন্তর্জাতিক উৎস থেকে কম সুদে এবং দীর্ঘমেয়াদে ঋণ পাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের জন্য। যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশের অন্তর্ভুক্তির ফলে এ সম্ভাবনা তৈরি হয়েছে। সংস্থাটি সরাসরি ঋণ দেওয়ার পাশাপাশি অন্য আন্তর্জাতিক ঋণদাতাদের দেওয়া ঋণের বিপরীতে গ্যারান্টি ও বিমা সুরক্ষা দিতে পারবে। এতে বিদেশি ঋণদাতাদের কাছে বাংলাদেশের ঋণঝুঁকি কমবে। ফলে তুলনামূলক কম সুদে এবং দীর্ঘ মেয়াদে ঋণ পাওয়ার ক্ষেত্রে দর-কষাকষির সুযোগ বাড়বে।

বিশেষ করে বড় অবকাঠামো প্রকল্প, জ্বালানি, প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্যসেবা ও আর্থিক খাতে বিনিয়োগের জন্য বিদেশি অর্থায়ন সংগ্রহ সহজ হতে পারে। একই সঙ্গে অর্থায়নের অভাবে আটকে থাকা বাণিজ্যিকভাবে লাভজনক প্রকল্প বাস্তবায়নের পথও খুলবে।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশকে অর্থায়নের যোগ্য দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ডিএফসি। এর ফলে এখন থেকে বাংলাদেশের সরকারি ও বেসরকারি খাতের উপযুক্ত প্রকল্পগুলো সংস্থাটির অর্থায়নের জন্য আবেদন করতে পারবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এ বিষয়ে জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘অর্থনৈতিক চাপের এই সময়ে অর্থায়নের নতুন একটি উৎস পাওয়া গেল। ডিএফসির কাছ থেকে বড় অঙ্কের ঋণ বা বিনিয়োগ পাওয়া না গেলেও অন্য উৎস থেকে বড় বিনিয়োগ ও ঋণ পাওয়া সহজ হতে পারে। কারণ, ডিএফসি ঋণ বা বিনিয়োগের বিমা সুরক্ষা এবং গ্যারান্টি দেয়।’’

তিনি বলেন, ‘‘ডিএফসির মতো একটি সংস্থা বাংলাদেশের সঙ্গে থাকলে আন্তর্জাতিক ঋণদাতাদের কাছে ঋণের ঝুঁকি তুলনামূলক কম বলে বিবেচিত হবে। ফলে ঋণের মেয়াদ বাড়ানো ও সুদের হার কমানোর বিষয়ে দর-কষাকষির সুযোগ তৈরি হবে।’’

যেভাবে কম সুদে ঋণ পাওয়ার সুযোগ তৈরি হবে

বিদেশি ঋণদাতারা কোনো দেশ বা প্রকল্পে অর্থায়নের আগে ঋণ ফেরত পাওয়ার ঝুঁকি বিবেচনা করে। রাজনৈতিক অস্থিরতা, মুদ্রা বিনিময় হারের ওঠানামা, সরকারি হস্তক্ষেপ কিংবা অন্যান্য অনিশ্চয়তার কারণে ঋণের ঝুঁকি বাড়লে সুদের হারও বেশি হতে পারে। অনেক ক্ষেত্রে ঋণদাতারা দীর্ঘমেয়াদি ঋণ দিতেও আগ্রহী হন না।

ডিএফসির গ্যারান্টি ও বিমা সুরক্ষা এ ঝুঁকি কমাতে সহায়তা করবে। অর্থাৎ কোনো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশকে ঋণ দেওয়ার ক্ষেত্রে ডিএফসির কাছ থেকে গ্যারান্টি পেলে ঋণ ফেরত পাওয়ার ঝুঁকি তুলনামূলক কম মনে করতে পারে। এতে ঋণদাতাদের আস্থা বাড়বে। পাশাপাশি ঋণের সুদের হার, পরিশোধের সময়সীমা ও অন্যান্য শর্ত নিয়ে বাংলাদেশের দর-কষাকষির সুযোগ তৈরি হবে।

তবে ডিএফসির গ্যারান্টি পেলেই ঋণের সুদ নির্দিষ্ট হারে কমে যাবে, এমন নিশ্চয়তা নেই। ঋণের পরিমাণ, প্রকল্পের আর্থিক সক্ষমতা, ঝুঁকি এবং অর্থায়নের শর্তের ওপর সুদের হার নির্ভর করবে।

২৫ বছর মেয়াদি সরাসরি ঋণও দেবে ডিএফসি

অন্য উৎস থেকে ঋণ পাওয়ার ক্ষেত্রে গ্যারান্টি দেওয়ার পাশাপাশি ডিএফসি নিজেও সরাসরি অর্থায়ন করতে পারে। সংস্থাটি সর্বোচ্চ ২৫ বছর মেয়াদি ঋণ দিয়ে থাকে। ফলে দীর্ঘমেয়াদি অবকাঠামো ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এ অর্থায়ন কাজে লাগতে পারে।

এ ছাড়া বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোতে ইকুইটি বা মালিকানাভিত্তিক বিনিয়োগের সুযোগ রয়েছে। যেসব প্রতিষ্ঠান প্রচলিত ব্যাংক বা বেসরকারি ঋণদাতাদের কাছ থেকে প্রয়োজনীয় অর্থায়ন পাচ্ছে না, তাদের উপযুক্ত প্রকল্পেও ঋণ ও বিনিয়োগ করতে পারে সংস্থাটি।

মুদ্রা বিনিময় হারের অস্থিরতা, রাজনৈতিক সহিংসতা, সরকারি হস্তক্ষেপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বিনিয়োগে ক্ষতির ঝুঁকি মোকাবিলায় বিমা সুরক্ষাও দেয় ডিএফসি। ফলে বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের প্রকল্পগুলো আরও আকর্ষণীয় হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

যেসব খাতে মিলতে পারে অর্থায়ন

ডিএফসি মূলত সাতটি খাতে বিনিয়োগকে অগ্রাধিকার দেয়। এগুলো হলো গুরুত্বপূর্ণ খনিজসম্পদ, অবকাঠামো ও লজিস্টিকস, জ্বালানি, প্রযুক্তি ও টেলিযোগাযোগ, কৃষি ও খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং আর্থিক সেবা।

বাংলাদেশ এসব খাতে নতুন প্রকল্প গ্রহণ কিংবা চলমান প্রকল্প সম্প্রসারণের জন্য ডিএফসির কাছে অর্থায়ন চাইতে পারবে। বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি, বন্দর ও যোগাযোগ অবকাঠামো, কৃষি প্রক্রিয়াজাতকরণ, খাদ্য সংরক্ষণ, প্রযুক্তি এবং স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে।

ডিএফসির তথ্য অনুযায়ী, সংস্থাটি এ পর্যন্ত বিভিন্ন দেশে ৪০ বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন করেছে। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের ঝুঁকি মোকাবিলায় ৭০ কোটি ডলারের গ্যারান্টি দিয়েছে।

অর্থায়ন পেতে যেসব শর্ত পূরণ করতে হবে

বাংলাদেশ অর্থায়নের যোগ্য দেশের তালিকায় যুক্ত হলেও সব প্রকল্পের জন্য স্বয়ংক্রিয়ভাবে ঋণ বা গ্যারান্টি পাওয়া যাবে না। এ জন্য ডিএফসির নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।

প্রকল্পটি অবশ্যই অর্থায়নের আওতাভুক্ত দেশে অবস্থিত হতে হবে। পাশাপাশি পরিবেশ, শ্রমিক অধিকার, মানবাধিকার ও স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষার বিষয়গুলো নিশ্চিত করতে হবে। প্রকল্পের বাণিজ্যিক সম্ভাবনা, আর্থিক সক্ষমতা এবং উন্নয়নমূলক প্রভাবও বিবেচনা করা হবে।

এ ছাড়া প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট খাতে অভিজ্ঞতা, ব্যবস্থাপনা দক্ষতা ও আর্থিক সক্ষমতার প্রমাণ থাকতে হবে। বেসরকারি উৎস থেকে প্রয়োজনীয় অর্থায়ন পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে কি না, সেটিও বিবেচনায় নেবে ডিএফসি।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
‘শ্বাসরোধে হত্যা করা হয় এপস্টেইনকে’, সামনে আসলো নতুন তথ্য
কোয়াড বৈঠক দিয়ে এশিয়া সফর শুরু করছেন ট্রাম্প
চাপ সত্ত্বেও জেনসেন হুয়াংকে ফেরাচ্ছে না এনভিডিয়া
সর্বশেষ খবর
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেলো পাঁচ জনের
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেলো পাঁচ জনের
‘বাবার কোলে মা’ মন্তব্য নিয়ে বিতর্কে মুখ খুললেন রাহুল গান্ধী
‘বাবার কোলে মা’ মন্তব্য নিয়ে বিতর্কে মুখ খুললেন রাহুল গান্ধী
চাকরির প্রলোভনে শ্রীলঙ্কায় বাংলাদেশিরা, জরুরি হস্তক্ষেপের আহ্বান
চাকরির প্রলোভনে শ্রীলঙ্কায় বাংলাদেশিরা, জরুরি হস্তক্ষেপের আহ্বান
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
সর্বাধিক পঠিত
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়