রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ২০২৪-২০২৬ মেয়াদে নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ঋণখেলাপি এবং কর, ভ্যাট ও শুল্ক পরিশোধের হালনাগাদ তথ্য যাচাইয়ের উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
এ জন্য সংগঠনটির নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের তালিকা, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনুলিপি চেয়েছে মন্ত্রণালয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে এসব তথ্য পাঠাতে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে অনুরোধ করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা এক চিঠিতে এ তথ্য চাওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, রিহ্যাবের ২০২৪-২০২৬ মেয়াদে নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সব সদস্যের ঋণখেলাপি সংক্রান্ত তথ্য এবং কর, ভ্যাট ও শুল্ক পরিশোধের বর্তমান অবস্থা যাচাই করা হবে। এ জন্য প্রয়োজনীয় তথ্য ও নথি নির্ধারিত সময়ের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের চিঠিতে নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের পূর্ণাঙ্গ তালিকার পাশাপাশি প্রত্যেকের টিআইএন ও এনআইডির কপি দিতে বলা হয়েছে। এসব তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট সদস্যদের আর্থিক দায় এবং সরকারি রাজস্ব পরিশোধের অবস্থা যাচাই করা হবে।
চিঠির অনুলিপি অবগতির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব, সচিবের একান্ত সচিব এবং মহাপরিচালক (বাণিজ্য সংগঠন)-এর কার্যালয়ে পাঠানো হয়েছে।
এর আগে রিহ্যাবের সভাপতি পদ শূন্য ঘোষণা এবং সংগঠনটির এজিএমসহ বিভিন্ন বিরোধপূর্ণ কার্যক্রম নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় এবার নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ঋণখেলাপি ও কর-ভ্যাট-শুল্ক পরিশোধের তথ্য যাচাইয়ের উদ্যোগ নেওয়া হলো।