সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৬, ১৩:১৩ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৩:১৩

সাভার চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের পর যেসব ট্যানারি এখনও উৎপাদনে যেতে পারেনি, সেগুলো চালু করতে প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার। একই সঙ্গে চামড়াশিল্পের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পরিবেশগত মান নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক সনদ অর্জনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিবেশগত বিধিবিধান পরিপালনে ব্যর্থ কোনও ট্যানারিকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম ২০২৬ এবং সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। নেদারল্যান্ডসের সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ (সিবিআই) এবং লাইটক্যাসেল পার্টনার্স যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। 

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য রফতানিতে বিপুল সম্ভাবনা রয়েছে। গত বছর দেশ থেকে লেদার ও নন-লেদার পণ্য মিলিয়ে প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার। পাশাপাশি প্রতিবেশী ভারতও বাংলাদেশের চামড়াজাত পণ্যের অন্যতম প্রধান ক্রেতা হিসেবে আবির্ভূত হয়েছে।’ এ সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পণ্যের গুণগত মান, পরিবেশগত কমপ্লায়েন্স এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের দীর্ঘসূত্রতা চামড়াশিল্পের অগ্রগতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সরকার এখন এ খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নিচ্ছে। সাভার চামড়া শিল্পনগরীতে স্থানান্তরিত হওয়ার পরও যেসব ট্যানারি উৎপাদন শুরু করতে পারেনি, সেগুলো সচল করতে কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়া হবে।’ 

তিনি জানান, ৫০ হাজার বর্গফুট বা তার বেশি আয়তনের প্রতিটি কারখানায় নিজস্ব তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন বাধ্যতামূলক করা হবে। একই সঙ্গে সাভারের সব ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জন করতে হবে। পরিবেশগত মান ও বিধিবিধান অনুসরণে কোনও ধরনের ছাড় দেওয়া হবে না।

মন্ত্রী আরও বলেন, ‘সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত ক্রোমিয়াম রিকভারি ইউনিট স্থাপনের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে দেশের চামড়াশিল্প আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে।’ 

দেশের অর্থনীতিতে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের গুরুত্ব তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আয়বৈষম্য কমাতে এ খাতের বিকাশ অপরিহার্য। বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) সিএমএসএমই খাতের অবদান এক-চতুর্থাংশেরও কম।’ অর্থনৈতিক বৈষম্য কমাতে এ খাতের অবদান অন্তত ৬০ শতাংশে উন্নীত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, ‘ব্যাংকঋণ গ্রহণের ক্ষেত্রে জটিল নথিপত্র ও প্রক্রিয়াগত বাধার কারণে অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা প্রয়োজনীয় অর্থায়ন থেকে বঞ্চিত হন। এ সমস্যা সমাধানে এসএমই ফাউন্ডেশনকে নতুনভাবে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সহজে প্রাতিষ্ঠানিক সহায়তা ও ঋণ সুবিধা পান।’ 

তিনি জানান, বর্তমান দায়িত্ব গ্রহণের পর এসএমই খাতের ঋণ পুনঃঅর্থায়ন কর্মসূচির বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এ কর্মসূচিতে ঋণ আদায়ের হার ৯৮ শতাংশ, যা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা ও আর্থিক শৃঙ্খলার ইতিবাচক দৃষ্টান্ত।

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘টেকসই শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণে দুই দেশের সহযোগিতা নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে হোম টেক্সটাইল ও চামড়াশিল্পের মতো রফতানিমুখী খাতে নেদারল্যান্ডসের প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বাংলাদেশের শিল্প খাতকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ 

তিনি বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং চামড়াশিল্পের উন্নয়নে নেদারল্যান্ডস সরকার, সিবিআই ও সংশ্লিষ্ট উন্নয়ন অংশীদারদের সহযোগিতার প্রশংসা করেন। একই সঙ্গে টেকসই উৎপাদনব্যবস্থা, পরিবেশবান্ধব শিল্পায়ন এবং রফতানি বহুমুখীকরণের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে টেকসই বাণিজ্য সম্প্রসারণ, শিল্প খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং হোম টেক্সটাইল ও চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক বাজার উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় সিবিআইয়ের হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন করা হয়। নতুন এ কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট খাতের সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারের মানদণ্ড অনুসরণ এবং রফতানি সম্ভাবনা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। এছাড়া সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ (সিবিআই)-এর ম্যানেজিং ডিরেক্টর জুডিথ আরেন্ডস বক্তব্য দেন।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, শিল্পোদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। 

/জেইউ/এসটি/ 
সম্পর্কিত
ডিসেম্বরের মধ্যে সিইপিএ’র খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া
রোজার আগে ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী
চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়াতে উদ্যোগ
সর্বশেষ খবর
‘আপনি অতিথি, আমাদের শান্তিতে থাকতে দেন’, ওসিকে নিষিদ্ধ  ছাত্রলীগ নেতার হুমকি
‘আপনি অতিথি, আমাদের শান্তিতে থাকতে দেন’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি
শতকোটি টাকার সিনেমা বানানো অনন্ত জলিল এখন ঋণগ্রস্ত
শতকোটি টাকার সিনেমা বানানো অনন্ত জলিল এখন ঋণগ্রস্ত
উড্ডয়নের ঠিক আগে এয়ার ইন্ডিয়ার বিমানে হাইজ্যাক আতঙ্ক
উড্ডয়নের ঠিক আগে এয়ার ইন্ডিয়ার বিমানে হাইজ্যাক আতঙ্ক
নাকের গড়ন বুঝে বাছুন নাকছাবি
নাকের গড়ন বুঝে বাছুন নাকছাবি
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান