বীমা খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গবেষণা করবে ঢাবি ও ইন্স্যুরেন্স নিউজ বিডি

বাংলাদেশের বীমা খাতের বর্তমান পরিস্থিতি, সমস্যা ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে যৌথভাবে গবেষণা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ এবং ইন্স্যুরেন্স নিউজ বিডি। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের কার্যালয়ে এ সমঝোতা স্মারক সই হয়। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম জাহিদ এবং ইন্স্যুরেন্স নিউজ বিডির সম্পাদক ও প্রকাশক মোস্তাফিজুর রহমান টুংকু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির, ইন্স্যুরেন্স নিউজ বিডির পরামর্শক ড. বিশ্বজিৎ কুমার মণ্ডলসহ দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গবেষণায় থাকবে যেসব বিষয়

‘বাংলাদেশের বীমা খাত: বাস্তবতা, চ্যালেঞ্জ ও উত্তরণের পথ’ শীর্ষক গবেষণায় দেশের জীবন ও সাধারণ—দুই ধরনের বীমা খাতের বিভিন্ন দিক বিশ্লেষণ।

গবেষণায় বীমার প্রসার, গ্রাহকের আস্থা, নতুন বীমা পণ্য, সেবা ব্যবস্থা, দাবি নিষ্পত্তি, প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবলের ঘাটতি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা পর্যালোচনা।

এ লক্ষ্যে বীমা কোম্পানি, গ্রাহক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়া হবে। পাশাপাশি গবেষণায় প্রাথমিক ও গৌণ—দুই ধরনের তথ্য ব্যবহার করা হবে।

সমঝোতা অনুযায়ী, গবেষণার পরিকল্পনা প্রণয়ন, পদ্ধতি নির্ধারণ, তথ্য বিশ্লেষণ এবং গবেষণার মান নিশ্চিত করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ। আর ইন্স্যুরেন্স নিউজ বিডি গবেষণায় আর্থিক সহায়তা, খাতসংশ্লিষ্ট তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপনে সহযোগিতা করবে। চুক্তি সইয়ের পরই গবেষণার কাজ শুরু হবে। আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা যা বললেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম জাহিদ বলেন, বীমা খাত দেশের আর্থিক নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণার অভিজ্ঞতা এবং ইন্স্যুরেন্স নিউজ বিডির খাতভিত্তিক অভিজ্ঞতার সমন্বয়ে তথ্যভিত্তিক গবেষণা করা সম্ভব। গবেষণার ফলাফল বীমা খাতের উন্নয়ন ও নীতিনির্ধারণে সহায়ক তথ্য দিতে পারে।

ইন্স্যুরেন্স নিউজ বিডির সম্পাদক ও প্রকাশক মোস্তাফিজুর রহমান টুংকু বলেন, গবেষণার মাধ্যমে বীমা খাতের সমস্যাগুলো চিহ্নিত করার পাশাপাশি উন্নয়নের সুযোগগুলোও নির্ধারণ করা সম্ভব হবে।

তার মতে, প্রমাণভিত্তিক গবেষণা বীমা খাত সম্পর্কে মানুষের আস্থা বাড়াতে এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে সহায়তা করতে পারে।

বিআইআইএসএসের গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির বলেন, বাংলাদেশের বীমা খাতে যেমন অনেক চ্যালেঞ্জের, তেমনি সম্ভাবনাও রয়েছে।

তিনি বলেন, সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশের বীমা খাত নিয়ে মৌলিক গবেষণা হবে। এর মাধ্যমে খাতটির বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে প্রয়োজনীয় তথ্য উঠে আসবে। এসব তথ্য বীমা খাত সংস্কারে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমঝোতা অনুযায়ী, গবেষণার স্বাধীনতা বজায় থাকবে। গবেষণার বিশ্লেষণ, ফলাফল ও সুপারিশের দায়িত্ব থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ওপর।