নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি মূল্য ও স্থানীয় খুচরা বাজার মূল্যের ব্যবধান নিয়ে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে প্রস্তুত করা যৌথ প্রতিবেদন সংসদীয় কমিটিতে উপস্থাপন করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুবের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে গত তিন বছরের নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি মূল্য ও স্থানীয় খুচরা বাজার মূল্যের ব্যবধান নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের অনুসন্ধান, তদন্ত, মামলার রায় ও আদেশের ফলে বাজারে প্রতিযোগিতাবিরোধী চুক্তি, যোগসাজশ, কৃত্রিম সংকট সৃষ্টি, সরবরাহ নিয়ন্ত্রণ ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মতো কার্যক্রম নিরুৎসাহিত করার উদ্যোগ অব্যাহত রয়েছে বলে কমিটিকে অবহিত করা হয়।
বিশেষ করে ভোজ্যতেল, ডিম, মুরগি, আটা, ময়দা, চাল, পেঁয়াজ ও আলুসহ বিভিন্ন পণ্যের যোগসাজশমূলক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে বিদেশে বাণিজ্য মিশনে কর্মরত কর্মকর্তাদের পদায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের ভাষাজ্ঞান ও অভিজ্ঞতা বিবেচনার নির্দেশনা দেওয়া হয়। আমদানি-রফতানি কার্যক্রমে ডিলার নিয়োগের ক্ষেত্রেও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
টিসিবি কার্ডসহ বিভিন্ন সেবামূলক কার্ড প্রদানের ক্ষেত্রে সমন্বিত প্রক্রিয়া অনুসরণের পরামর্শ দেওয়া হয়। একইসঙ্গে প্রকৃত প্রাপকদের কার্ড দেওয়ার বিষয়ে সচেষ্ট থাকার আহ্বান জানানো হয়। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম ও চুক্তি দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।
বৈঠকের শুরুতে পূর্ববর্তী বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। পরে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন দফতরগুলোর জনবল, দফতর ও সংস্থাগুলোর কার্যাবলি, উল্লেখযোগ্য অর্জন এবং আমদানি-রফতানি ও সরকারের পরিচালন ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করা হয়।
দেশের সব পর্যায়ে সেবার মান বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি। বৈঠকে কমিটির সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর, মো. বরকত উল্লাহ বুলু, হেলেন জেরিন খান, মোহাম্মদ কামাল হোসেন, গাজী এনামুল হক ও আব্দুল মুনতাকিম অংশ নেন।
বৈঠকে বাণিজ্য সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দফতরগুলোর প্রধানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।