সরকারি ছয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১১ শীর্ষ কর্মকর্তা কে কোথায় যাচ্ছেন

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১১ মহাব্যবস্থাপককে (জিএম) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পাশাপাশি কয়েকজন কর্মকর্তাকে এক ব্যাংক থেকে অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে কয়েকজনকে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে বহাল রাখা হয়েছে। অন্যদের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে।

যারা নিজ নিজ ব্যাংকে পদোন্নতি পেয়েছেন

মোহাম্মদ শাহেদুর রহমানকে রূপালী ব্যাংক পিএলসির ডিএমডি পদে পদোন্নতি দিয়ে একই ব্যাংকে পদায়ন করা হয়েছে। মোহাম্মদ ফজলুল করিমকে অগ্রণী ব্যাংক পিএলসির ডিএমডি পদে পদোন্নতি দিয়ে একই ব্যাংকে রাখা হয়েছে।

আবু সাঈদ মো. রওশানুল হককে বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি পদে পদোন্নতি দিয়ে একই ব্যাংকে পদায়ন করা হয়েছে। মো. আব্দুল মতিনকেও জনতা ব্যাংক পিএলসির ডিএমডি পদে পদোন্নতি দিয়ে একই ব্যাংকে রাখা হয়েছে।

এ ছাড়া শিকদার ফারুক এ আজমকে রূপালী ব্যাংক পিএলসির ডিএমডি পদে পদোন্নতি দিয়ে একই ব্যাংকে পদায়ন করা হয়েছে। মো. জামান মোল্লা ও মো. সাফায়েত হোসেন পাটওয়ারীকে সোনালী ব্যাংক পিএলসির ডিএমডি পদে পদোন্নতি দিয়ে একই ব্যাংকে রাখা হয়েছে।

এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে পদায়ন

পদোন্নতির পাশাপাশি কয়েকজন কর্মকর্তাকে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে। আশরাফুজ্জামান খানকে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।

মো. ইকবাল হোসেন খাঁকে রূপালী ব্যাংক থেকে জনতা ব্যাংক পিএলসির ডিএমডি পদে পদায়ন করা হয়েছে। শাহীনূর সুলতানাকে অগ্রণী ব্যাংক থেকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, মো. হাসান ইমামকে বেসিক ব্যাংক পিএলসি থেকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।

যে নীতিমালায় পদোন্নতি ও পদায়ন

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের চাকরি ‘রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে মনোনয়ন/নিয়োগ/পদোন্নতি ও পদায়ন নীতিমালা-২০২৬’ অনুযায়ী পরিচালিত হবে।

এ ছাড়া সরকার সময়ে সময়ে জারি করা সংশ্লিষ্ট নীতিমালা ও প্রজ্ঞাপনও তাঁদের চাকরির ক্ষেত্রে প্রযোজ্য হবে।