সরকারি ব্যয়ে আবারও কড়াকড়ি, গাড়ি কেনা ও ভবন নির্মাণ বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ নভেম্বর ২০২৬, ২৩:৩২ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ২৩:৩২

চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকারি ব্যয়ে আবারও কড়াকড়ি আরোপ করেছে সরকার। ব্যয় সংকোচনের অংশ হিসেবে নতুন গাড়ি কেনা, সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ এবং নতুন ভবন নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পের সংখ্যা কমিয়ে গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নের জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে সোমবার (৯ নভেম্বর) জারি করা এক পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। এতে সব মন্ত্রণালয় ও বিভাগকে মূল বাজেটের নির্ধারিত ব্যয়সীমার মধ্যে সংশোধিত বাজেট প্রস্তাব তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৬ নভেম্বরের মধ্যে সংশোধিত বাজেটের প্রস্তাব জমা দিতে বলা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, সংশোধিত বাজেটে মূল বাজেটের চেয়ে অতিরিক্ত ব্যয়ের প্রস্তাব করা যাবে না। বরং সরকারের অগ্রাধিকার, নীতি ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রয়োজনীয় খাতে বরাদ্দ পুনর্বিন্যাস করতে হবে।

নতুন গাড়ি কেনায় নিষেধাজ্ঞা

অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী, চলতি অর্থবছরে সব ধরনের যানবাহন কেনার জন্য বরাদ্দ করা অর্থ ব্যয় বন্ধ থাকবে। তবে ১০ বছরের বেশি পুরোনো সরকারি তালিকাভুক্ত (টিওঅ্যান্ডই) গাড়ি প্রতিস্থাপন এবং নতুন গঠিত সরকারি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় যানবাহন কেনার ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন নিতে হবে।

এ ক্ষেত্রে অ্যাম্বুলেন্স ও নিরাপত্তার কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া প্রতিস্থাপন বা নতুন কেনা গাড়ি বৈদ্যুতিক হতে হবে। তবে ২০২৬ সালের ৮ জুলাইয়ের আগে অনুমোদিত উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে এই শর্ত শিথিল করা যাবে।

এ ছাড়া সরকারি কর্মচারীদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত বিশেষ অগ্রিম ঋণের বরাদ্দ রাখা যাবে না। পরিচালন বাজেটে ভূমি অধিগ্রহণের জন্যও কোনো বরাদ্দ রাখা নিষিদ্ধ করা হয়েছে।

নতুন ভবন নির্মাণেও নিষেধাজ্ঞা

শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট স্থাপনা ছাড়া নতুন আবাসিক, অনাবাসিক ও অন্যান্য ভবন নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে যেসব ভবনের নির্মাণকাজ ৭০ শতাংশ বা তার বেশি শেষ হয়েছে, সেগুলোর বাকি কাজ সম্পন্ন করতে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে অর্থ ব্যয় করা যাবে। জরুরি প্রয়োজনে অন্য কোনো ভবন নির্মাণের ক্ষেত্রেও আলাদা অনুমোদন নিতে হবে।

বিদেশে প্রশিক্ষণ ও সেমিনারে সরকারি অর্থ বন্ধ

সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণের বরাদ্দ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে অর্থ বিভাগ। তবে অত্যাবশ্যকীয় বিবেচনায় সীমিত পরিসরে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণের জন্য বরাদ্দ রাখা যাবে।

অন্যদিকে সরকারি অনুষ্ঠানে আপ্যায়ন, সেমিনার ও কর্মশালা আয়োজনের জন্য বরাদ্দ রাখা যাবে। তবে এসব ক্ষেত্রে আড়ম্বর পরিহার করে ব্যয় সাশ্রয়ী হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কম গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাদ

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রকল্পের সংখ্যা সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের কৌশলগত লক্ষ্য ও নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। প্রয়োজনে কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাদ দিতে হবে। বরাদ্দ ছাড়া কোনো প্রকল্প সংশোধিত এডিপির মূল অংশে রাখা যাবে না।

অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পের তালিকায় রয়েছে বৈদেশিক ঋণ ও অনুদানে বাস্তবায়নাধীন প্রকল্প, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, বিদ্যুৎ উৎপাদন, কৃষিভিত্তিক শিল্প, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দুর্যোগ ব্যবস্থাপনা।

চলতি অর্থবছরে যেসব প্রকল্প শেষ হওয়ার কথা, সেগুলোও অগ্রাধিকার পাবে। ধীরগতির প্রকল্প থেকে বরাদ্দ কমিয়ে দ্রুত বাস্তবায়ন করা সম্ভব এমন গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থায়ন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

একই ধরনের ছোট ছোট প্রকল্প আলাদাভাবে না রেখে প্রয়োজনে গুচ্ছ প্রকল্প হিসেবে বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বৈদেশিক ঋণ ও অনুদানের অর্থ যথাযথভাবে ব্যবহারের জন্য প্রয়োজনীয় স্থানীয় মুদ্রার সংস্থান নিশ্চিত করতে বলা হয়েছে। চলমান প্রকল্পের প্রয়োজনীয় স্থানীয় মুদ্রার বরাদ্দ নিশ্চিত করার পরই নতুন প্রকল্পে বরাদ্দের প্রস্তাব করা যাবে।

বেতন-ভাতা নির্ধারণে নতুন বেতনকাঠামো

সংশোধিত পরিচালন বাজেট তৈরির ক্ষেত্রে ২০২৬ সালের জাতীয় বেতনকাঠামো অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য চলতি অর্থবছরের অক্টোবর মাসের প্রকৃত বেতন-ভাতা ব্যয় বিবেচনায় নেওয়া যাবে।

এ ছাড়া রাজস্ব আয় ও পরিচালন ব্যয়ের সংশোধিত প্রাক্কলন তৈরির ক্ষেত্রে আগের দুই অর্থবছরের প্রথম ছয় মাস এবং চলতি অর্থবছরের প্রথম চার মাসের প্রকৃত আয় ও ব্যয়ের প্রবণতা বিবেচনায় নিতে হবে।

অর্থ বিভাগের নির্দেশনায় সামগ্রিকভাবে সরকারি ব্যয়ের লাগাম টেনে ধরে অগ্রাধিকারপ্রাপ্ত খাতে অর্থের সংস্থান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
২৪ হাজার হয়রানিমূলক মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী
পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ: জামায়াত
জ্বালানি তেলের দাম বাড়লেও কমেছে মূল্যস্ফীতি
সর্বশেষ খবর
চেম্বারে ঢুকে চিকিৎসককে পিটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়িতে আশ্রয়, যুবদল নেতা গ্রেফতার
চেম্বারে ঢুকে চিকিৎসককে পিটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়িতে আশ্রয়, যুবদল নেতা গ্রেফতার
এক সন্ত্রাসীর ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করে দেওয়া সাব-রেজিস্ট্রার সাময়িক বরখাস্ত
এক সন্ত্রাসীর ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করে দেওয়া সাব-রেজিস্ট্রার সাময়িক বরখাস্ত
৩ বছরে বিয়ে না হলে পুরো টাকা ফেরতের প্রতিশ্রুতি ডেটিং অ্যাপের
৩ বছরে বিয়ে না হলে পুরো টাকা ফেরতের প্রতিশ্রুতি ডেটিং অ্যাপের
এশিয়ায় জ্বালানি রূপান্তরে স্থানীয় জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতের আহ্বান
এশিয়ায় জ্বালানি রূপান্তরে স্থানীয় জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতের আহ্বান
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ