প্রিমিয়ামে ছাড় দিয়ে বিপাকে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, ৩ মাসের নিষেধাজ্ঞা

নির্ধারিত ট্যারিফ রেটের চেয়ে কম প্রিমিয়ামে বীমা পলিসি ইস্যু করার অভিযোগে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির মেরিন (কার্গো) উপশ্রেণির বীমা ব্যবসা তিন মাসের জন্য স্থগিত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একই সঙ্গে এই উপশ্রেণির নিবন্ধন কেন স্থগিত করা হবে না, সে বিষয়ে কোম্পানির কাছে ব্যাখ্যা চেয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আইডিআরএর রেটিং শাখার নন-লাইফ অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

আইডিআরএ সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর কর্তৃপক্ষের একটি পরিদর্শক দল বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয় সরেজমিন পরিদর্শন করে। এ সময় ২০২৬ সালে ইস্যু করা বিভিন্ন মেরিন কার্গো বীমা পলিসি পর্যালোচনা করে নির্ধারিত ট্যারিফ রেটের চেয়ে উল্লেখযোগ্য হারে কম প্রিমিয়াম আদায়ের বিষয়টি উঠে আসে। বিভিন্ন হারে প্রিমিয়াম কমিয়ে গ্রাহকদের বীমা সুবিধা দেওয়া হয়েছে বলে পরিদর্শনে দেখতে পায় দলটি।

আইডিআরএর মতে, নির্ধারিত ট্যারিফের চেয়ে কম হারে প্রিমিয়াম গ্রহণের এ ঘটনা বীমা আইন, ২০১০-এর ৬০ ধারা এবং কর্তৃপক্ষের জারি করা নন-লাইফ ৮৩/২০২১ নম্বর সার্কুলারের সুস্পষ্ট লঙ্ঘন।

চিঠিতে বলা হয়েছে, বীমা আইন, ২০১০-এর ১০(২) ধারা অনুযায়ী আইন ও সার্কুলার লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের মেরিন (কার্গো) উপশ্রেণির বীমা ব্যবসা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। একই সঙ্গে আইনের ১০(১) ধারা অনুযায়ী কোম্পানিটির এই উপশ্রেণির নিবন্ধন কেন স্থগিত করা হবে না, তার কারণ ব্যাখ্যা করে আগামী ৩০ দিনের মধ্যে কর্তৃপক্ষের কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

আইডিআরএর পরিচালক (রেটিং, অডিট ও জরিপ) মো. মিজানুর রহমান চিঠিতে স্বাক্ষর করেছেন। চিঠির অনুলিপি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং আইডিআরএর চেয়ারম্যানের স্টাফ অফিসারসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।