রূপপুরে সাড়ে ৮ ঘণ্টা সফল বিদ্যুৎ উৎপাদন, আবারও চলবে পরীক্ষা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হরা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রায় সাড়ে আট ঘণ্টা কেন্দ্রটি চালানো হয়। পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের সময়ে কেন্দ্রটির কোনো সমস্যা হয়নি। এখন আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য কেন্দ্রটি গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এরপর আবার কয়েক ঘণ্টার জন্য চালানো হবে। তবে পরবর্তী পরীক্ষামূলক উৎপাদন কবে শুরু হবে, তা এখনই নিশ্চিত নয়।

বুধবার (১৮ নভেম্বর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

কেন্দ্রটির প্রকল্প পরিচালক কবির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, সাড়ে আট ঘণ্টা কেন্দ্রটি চালিয়েছি। চালাতে কোনো সমস্যা হয়নি। এখন আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর আবার কয়েক ঘণ্টার জন্য চালানো হবে। তবে কখন চালানো হবে, তা বলা সম্ভব নয়। গ্রিডে আপাতত ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হয়েছে। ধীরে ধীরে এই উৎপাদন বাড়ানো হবে। তবে কবে বাড়ানো যাবে বা কতটা বাড়ানো হবে, তা নির্ভর করছে পরীক্ষার ফলাফলের ওপর।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকাল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হয়।

এ সময় কেন্দ্রটির নির্মাণ প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা সৈকত আহমেদ জানিয়েছিলেন, গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সময় টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণের পাশাপাশি গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য কেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে।

তিনি জানান, পরীক্ষার প্রতিটি ধাপে কেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের পারফরম্যান্স এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় যাচাই করা হবে। কারিগরি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন প্রয়োজন হবে।

তিনি বলেন, বায়েরা অনুমোদন দিলে কেন্দ্রটি আবার পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কার্যক্রম শুরু হবে। রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষ হলে প্রথম ইউনিট থেকে পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

সৈকত আহমেদ আরও  এ সময় প্রথম ইউনিটটি রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কাছে প্রভিশনাল টেকওভার করা হবে। পরে সরকারি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে এনপিসিবিএলের কার্যক্রম শুরু হবে।