চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি (সিএনইই) দেশে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণ এবং পরিচালনার দায়িত্ব পাচ্ছে। সম্প্রতি সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিএনইই’র প্রস্তাব অনুমোদন করেছে।
মহেশখালীর কুতুবজোমে ভাসমান টার্মিনালটি নির্মাণ করা হবে। এর আগেও মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। একটি মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি এবং অন্যটি দেশীয় কোম্পানি সামিট পাওয়ার পরিচালনা করছে।
সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে চীনের প্রতিষ্ঠানটিকে কাজ দেওয়া হয়েছে। নির্মিয়মান এই টার্মিনাল থেকে প্রতিদিন ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে সরবরাহ সক্ষমতা বাড়িয়ে ৭৫০ মিলিয়ন ঘনফুট করা যাবে।
পেট্রোবাংলা জানায়, চুক্তি অনুযায়ী, বিল্ড-ওন-অপারেট (বিওও) পদ্ধতিতে টার্মিনালটি নির্মাণ, মালিকানা ও পরিচালনা করবে সিএনইই। অর্থাৎ নির্মাণের পাশাপাশি নির্ধারিত চুক্তির মেয়াদে টার্মিনালের মালিকানা ও পরিচালনার দায়িত্বও থাকবে প্রতিষ্ঠানটির হাতে। চুক্তির মেয়াদ হবে ১৫ অথবা ২০ বছর। ২০২৮ সালের মধ্যে টার্মিনালটি চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পেট্রোবাংলার সূত্র বলছে, বর্তমানে দেশে যে গ্যাস পাইপ লাইন রয়েছে— তার মধ্য দিয়ে প্রতি দিন আরও ৬০০ মিলিয়ন ঘণফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব। এই টার্মিনালটি চালু হলে নতুন করে কোনও পাইপ লাইন নির্মাণের প্রয়োজন হবে না।
সংশ্লিষ্টসূত্র বলছে, দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা ৪ হাজার মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে সরবরাহ করা হয় ২৫০০ থেকে ২৬০০ মিলিয়ন ঘনফুট। ক্রমান্বয়ে দেশীয় গ্যাসের উৎপাদন কমছে। এই ঘাটতি মোকাবিলায় নতুন আমদানি অকঠামো নির্মাণ জরুরি ছিল। ২০২৬ সালের পর গ্যাসের ঘাটতি হতে পারে, এই বিবেচনায় বিগত আওয়ামী লীগ সরকার সামিটকে মহেশখালীতে আরও একটি টার্মিনাল নির্মাণের অনুমোদন দিয়েছিল। তবে ড. মুহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার টার্মিনালটির অনুমোদন বাতিল করে দেয়।এরপর তীব্র গ্রাস সংকটের কবলে পড়ে দেশ। বর্তমান সরকার দেশের গ্যাস সংকটের আশু সমাধানের জন্য বিনিয়োগকারীদের আহ্বান জানায়। চীনের সিএনইই এক্ষেত্রে বিনিয়োগে সাড়া দেয়।
অতিরিক্ত ব্যয় নিয়ে সংসদে আলোচনা
প্রসঙ্গত, গত ১৯ জুন সিএনইই কুতুবজোমে একটি অফশোর এলএনজি টার্মিনাল নির্মাণের প্রস্তাব দেয়। সে সময় জানানো হয়, ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে ১৫ বছরের চুক্তিতে প্রতিষ্ঠানটি দৈনিক ৩ লাখ ৪২ হাজার ডলার নেবে। কিন্তু বর্তমানে এক্সিলারেট এনার্জির টার্মিনালের জন্য সরকারের প্রতিদিনের খরচ ২ লাখ ৫৪ হাজার ডলার। আর সামিট এলএনজি টার্মিনালের জন্য খরচ ২ লাখ ৪৯ হাজার ১১৫ ডলার।
সেই হিসাবে সামিটের তুলনায় সিএনইইকে প্রায় ৩৭ শতাংশ এবং এক্সিলারেটের তুলনায় প্রায় ৩৫ শতাংশ বেশি অর্থ দিতে হবে। দীর্ঘ মেয়াদে এই বাড়তি চার্জ সরকারের এলএনজি আমদানি ও গ্যাস সরবরাহ ব্যবস্থাপনার ব্যয় বাড়ানোর শঙ্কা থাকছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দাম বেশি বলে এর আগে অক্টোবর মাসে চীনা কোম্পানির প্রস্তাবটি রিভিউ করার জন্য ফেরত পাঠানো হয়েছিল। কিন্তু শেষ অব্দি ওই দামেই অনুমোদন পেয়েছে প্রকল্পটি।
প্রস্তাবের আর্থিক হিসাব অনুযায়ী, ১৫ বছরের চুক্তিতে টার্মিনালের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৩২৪ কোটি টাকা। এ ক্ষেত্রে দৈনিক সার্ভিস চার্জ ৩ লাখ ৪২ হাজার ডলার। অন্যদিকে ২০ বছরের চুক্তির জন্য প্রস্তাবিত ব্যয় ১৩ হাজার ১৬১ কোটি টাকা। এ মেয়াদে দৈনিক সার্ভিস চার্জ হবে ৩ লাখ ২৯ হাজার ডলার। ১২ শতাংশ ডিসকাউন্ট রেটে হিসাব করে এ ব্যয় নির্ধারণ করা হয়েছে।
সরকারি ক্রয় আইন ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা ২০২৫-এর সংশ্লিষ্ট বিধির আওতায় এ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অন্যদিকে প্রতিষ্ঠানটির আগে ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের অভিজ্ঞতা না থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে।
জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘ কম খরচে টার্মিনাল নির্মাণের প্রস্তাব থাকা সত্ত্বেও বেশি খরচের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। আন্তর্জাতিক কয়েকটি কোম্পানি কম দামে প্রস্তাব দিলেও সেগুলো যে বিবেচনা করা হয়েছে, এমন প্রমাণ নেই।’’ তাঁর মতে, জ্বালানি খাতে সরকারি অর্থের অপচয় ও লুটপাট বন্ধ করতে হলে পুরো ব্যবস্থার সংস্কার করতে হবে।