পোশাক খাতের অস্থিরতায় বিপর্যস্ত হতে পারে ব্যাংক খাত

দেশের রফতানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক ও বস্ত্র খাতে চলমান শ্রমিক অসন্তোষ এবং উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ব্যাংক খাতে। একের পর এক কারখানায় উৎপাদন বন্ধ, শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনায় রফতানি কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি উদ্যোক্তাদের নগদ অর্থের প্রবাহেও চাপ তৈরি হচ্ছে। এতে সময়মতো ঋণের কিস্তি পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পোশাক কারখানার মালিকরা। আর তাদের ঋণ আদায় নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছেন ব্যাংকাররা।

ব্যাংকার ও পোশাকশিল্পের উদ্যোক্তাদের আশঙ্কা, চলমান অস্থিরতা দ্রুত নিয়ন্ত্রণে না এলে আগামী তিন থেকে চার মাসের মধ্যে ব্যাংক খাতে এর বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠান নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করে আসছিল, উৎপাদন ও রফতানি আয় ব্যাহত হলে— সেগুলোর ঋণও খেলাপি হওয়ার ঝুঁকিতে পড়বে। এতে আগে থেকেই উচ্চ খেলাপি ঋণের চাপে থাকা ব্যাংক খাতের পরিস্থিতি আরও নাজুক হতে পারে।

এ প্রসঙ্গে বিজিএমইএ’র সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘পোশাক খাতে চলমান অস্থিরতা দীর্ঘায়িত হলে এর প্রভাব শুধু রফতানি ও উৎপাদনে সীমাবদ্ধ থাকবে না, ব্যাংক খাতেও চাপ তৈরি হবে। কারখানায় উৎপাদন ব্যাহত হলে সময়মতো পণ্য রফতানি করা কঠিন হয়ে পড়বে। এতে রফতানি আয় আসতে দেরি হবে, অথচ ব্যাংকঋণের কিস্তি, সুদ ও অন্যান্য আর্থিক দায় পরিশোধের চাপ অব্যাহত থাকবে। বিশেষ করে ছোট ও মাঝারি কারখানাগুলো বেশি ঝুঁকিতে পড়বে। এ পরিস্থিতি চলতে থাকলে অনেক কারখানার ঋণ পরিশোধের সক্ষমতা কমে যেতে পারে, যা শেষ পর্যন্ত ব্যাংকের খেলাপি ঋণ আরও বাড়িয়ে দিতে পারে।’’

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর মাসের শেষে দেশের ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ২০ হাজার ৪৩০ কোটি টাকা। এর মধ্যে বস্ত্র ও তৈরি পোশাক খাতে ঋণের পরিমাণ ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯ কোটি টাকা, যা মোট ঋণের ১৯ দশমিক ১০ শতাংশ। অর্থাৎ ব্যাংক খাতের মোট ঋণের প্রায় এক-পঞ্চমাংশই এ দুই শিল্পের সঙ্গে যুক্ত।

উদ্বেগের বিষয় হলো, এ খাতে বিতরণ করা ঋণের প্রায় ৩০ শতাংশ আগে থেকেই খেলাপি। গত ডিসেম্বর শেষে বস্ত্র ও তৈরি পোশাক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ২ হাজার ৯৬৩ কোটি টাকা। একই সময়ে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকা। চলতি বছরের জুনের শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ৬ লাখ ৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বিতরণ করা ঋণের প্রায় ৩২ দশমিক ৭৮ শতাংশ এখন খেলাপি।

এ অবস্থায় পোশাক খাতের নতুন সংকট ব্যাংকগুলোর জন্য বাড়তি ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে এ খাতে বড় অঙ্কের ঋণ রয়েছে এমন ব্যাংকগুলো বেশি চাপে পড়তে পারে।

অস্থিরতা ছড়াচ্ছে শিল্পাঞ্চলে

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে বেশ কিছু দিন ধরে শ্রমিক অসন্তোষ চলছে। শুরুতে সীমিত কয়েকটি কারখানায় আন্দোলন হলেও ৩১ অক্টোবরের পর তা বিভিন্ন শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়ে। উত্তরা, মিরপুর ও চট্টগ্রামের কয়েকটি কারখানা থেকে শুরু হওয়া বিক্ষোভ পরে গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জেও ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি সামাল দিতে গত ১ নভেম্বর ৬ সদস্যের নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। তবে বোর্ডের আলোচনা চললেও শ্রমিক অসন্তোষ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

নভেম্বরের শুরুতে একপর্যায়ে প্রায় ৬৯০টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়। পরে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আবারও বিভিন্ন শিল্পাঞ্চলে অস্থিরতা দেখা দিয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) শিল্প পুলিশ-১-এর তথ্য অনুযায়ী, সাভার ও আশুলিয়ার ২০ থেকে ২৫টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে ১৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে হাজিরা কার্ড পাঞ্চ করে বেরিয়ে যান। অন্যদিকে ১১টি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান করেন।

একই দিন সাভারের উলাইল এলাকায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন আল মুসলিম গ্রুপের শ্রমিকেরা। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়।

এদিকে বিজিএমইএ’র তথ্য অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝি সময়ে আশুলিয়া, সাভার ও গাজীপুরের বেশ কিছু কারখানায় টানা কয়েক দিন উৎপাদন ব্যাহত হয়। শ্রম অসন্তোষের কারণে অনেক কারখানা পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। কিছু কারখানা শ্রম আইন অনুযায়ী বন্ধও ঘোষণা করা হয়েছে।

রফতানি আয় বন্ধ হলে কিস্তি আসবে কোথা থেকে

পোশাক খাতের অস্থিরতার প্রভাব ব্যাংকে কীভাবে পড়তে পারে, তার ব্যাখ্যা দিয়েছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মাসরুর আরেফিন। তার মতে, শ্রমিক আন্দোলন ও উৎপাদন ব্যাহত হওয়ার কারণে পণ্য রফতানিতে বিলম্ব, ক্রয়াদেশ বাতিল এবং বিদেশি ক্রেতাদের আস্থা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তিনি বলেন, ‘‘মজুরি বৃদ্ধি, উৎপাদন ব্যাহত হওয়া এবং রফতানি কার্যক্রমে বিঘ্ন—এই তিনটি বিষয় একসঙ্গে শিল্পের ওপর চাপ তৈরি করছে। স্বল্পমেয়াদে উৎপাদন বন্ধ থাকলে ভালো প্রতিষ্ঠানও নগদ অর্থের সংকটে পড়তে পারে। এতে ঋণের কিস্তি পরিশোধে বিলম্ব হওয়ার পাশাপাশি চলতি মূলধনের সংকট তৈরি হবে। মধ্যমেয়াদে ব্যাংকের ঋণের মানও খারাপ হতে পারে।’’

মাসরুর আরেফিনের মতে, চলমান অস্থিরতা দীর্ঘায়িত হলে শুধু বর্তমান রফতানি চালান নয়, আগামী বছরের ক্রয়াদেশও ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ, বছরের এই সময়ে সাধারণত পরবর্তী গ্রীষ্ম মৌসুমের পোশাকের ক্রয়াদেশ চূড়ান্ত হয়। একবার ক্রয়াদেশ ভারত, ভিয়েতনাম বা পাকিস্তানের মতো প্রতিযোগী দেশে চলে গেলে তা আবার ফিরিয়ে আনা কঠিন হতে পারে।

বিজিএমইএর সাবেক সভাপতি ড. রুবানা হকও মনে করেন, শ্রমিক অসন্তোষের প্রভাব তাৎক্ষণিকভাবে শেষ হবে না। আগামী তিন থেকে চার মাসে এর চাপ ব্যাংকগুলো অনুভব করবে।

তার ভাষ্য, কারখানা বন্ধ থাকলে পণ্য রফতানি হবে না, ফলে অর্থও আসবে না। অথচ উদ্যোক্তাদের ঋণের কিস্তি ও ঋণপত্রের দায় পরিশোধ করতে হবে। ছোট ও মাঝারি কারখানাগুলো এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপে পড়বে। নিয়মিত কিস্তি দেওয়া প্রতিষ্ঠানও নগদ অর্থের সংকটে পড়ে খেলাপি হওয়ার ঝুঁকিতে পড়তে পারে।

ভালো ব্যাংকও পড়তে পারে ঝুঁকিতে

ব্যাংকারদের উদ্বেগের আরেকটি কারণ হলো, তৈরি পোশাক ও বস্ত্র খাতে শুধু দুর্বল নয়, ভালো ও নিয়মিত ঋণ পরিশোধকারী অনেক প্রতিষ্ঠানেরও বড় অঙ্কের ঋণ রয়েছে। ফলে এসব প্রতিষ্ঠান উৎপাদন ও রফতানি সংকটে পড়লে তুলনামূলক ভালো ব্যাংকগুলোর ঋণের মানও খারাপ হতে পারে।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, ‘‘দেশের মোট রফতানি আয়ের বড় অংশ আসে বস্ত্র ও তৈরি পোশাক খাত থেকে। এ শিল্পে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন। এ খাত ক্ষতিগ্রস্ত হলে শুধু উদ্যোক্তা বা শ্রমিক নন, ব্যাংকসহ পুরো অর্থনীতিই ক্ষতির মুখে পড়বে।’’

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘‘যেকোনো ধরনের উৎপাদন বিঘ্ন বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করে। বিনিয়োগের একটি অংশ ঋণ এবং অন্য অংশ উদ্যোক্তার নিজস্ব মূলধন। নিজস্ব মূলধন ক্ষতিগ্রস্ত হলে ঋণ পরিশোধের সক্ষমতাও কমে যায়। ফলে খেলাপি ঋণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।’’

আগে থেকেই চাপে পোশাক ও বস্ত্র খাত

শুধু শ্রমিক অসন্তোষ নয়, কয়েক বছর ধরেই নানা সমস্যায় রয়েছে পোশাক ও বস্ত্র খাত। গ্যাস ও বিদ্যুৎ সংকট, কাঁচামাল আমদানির ব্যয় বৃদ্ধি, ডলারের বিনিময়মূল্যের ওঠানামা, উচ্চ সুদহার এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা—সব মিলিয়ে উদ্যোক্তাদের উৎপাদন ব্যয় বেড়েছে।

বিশেষ করে ছোট ও মাঝারি কারখানাগুলো বেশি সংকটে রয়েছে। বড় প্রতিষ্ঠান তুলনামূলক সহজে অর্থায়ন ও রফতানি কার্যক্রম পরিচালনা করতে পারলেও ছোট কারখানাগুলোর পক্ষে বাড়তি ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনেও তৈরি পোশাক ও বস্ত্র খাতে খেলাপি ঋণের উচ্চ হারকে উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০২৪ সালে তৈরি পোশাক খাতে খেলাপি ঋণের হার ছিল ২৬ শতাংশ এবং বস্ত্র খাতে ২৫ শতাংশ বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ব্যাংক খাতে বাণিজ্যিক ঋণের পর পোশাক ও বস্ত্র খাতের ঋণ খেলাপির চাপ অন্যতম বড় উদ্বেগ। অর্থাৎ এ খাতে নতুন করে ঋণ পরিশোধে ব্যর্থতা বাড়লে ব্যাংকগুলোর বিদ্যমান সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।