রাজস্ব বাড়াতে পারলে প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে উন্নীত করা সম্ভব: বিশ্বব্যাংক

দেশের রাজস্ব আয় বাড়ানো, সরকারি ব্যয়ের দক্ষতা নিশ্চিত করা এবং জ্বালানি খাতের ভর্তুকি ব্যবস্থায় সংস্কার করতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বছরে ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত করা সম্ভব। একই সঙ্গে ২০৩৫ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে রাজস্ব আয় ১৪ দশমিক ৪ শতাংশে উন্নীত করা যেতে পারে। এ জন্য কর প্রশাসনের আধুনিকায়ন, কর অব্যাহতি কমানো, জ্বালানির দাম নির্ধারণে বাস্তবভিত্তিক নীতি গ্রহণ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি আরও লক্ষ্যভিত্তিক করার সুপারিশ করেছে বিশ্বব্যাংক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকায় পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) সঙ্গে যৌথভাবে প্রকাশিত ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এসব সুপারিশ তুলে ধরেছে বিশ্বব্যাংক।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজস্ব আয় অত্যন্ত কম। অন্যদিকে সরকারের নিয়মিত ব্যয় ও জ্বালানি খাতের ভর্তুকির চাপ বাড়ছে। এতে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের সুযোগ সংকুচিত হচ্ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি সরকারি অর্থের ব্যবহার আরও কার্যকর করতে হবে।

বিশ্বব্যাংকের মতে, রাজস্ব সংস্কারকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান কৌশলের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করতে হবে। ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনেও এ ধরনের সংস্কার জরুরি।

রাজস্ব আয় জিডিপির মাত্র ৮ শতাংশ

প্রতিবেদনে বাংলাদেশের রাজস্ব আদায়ের দুর্বল চিত্র তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৫ অর্থবছরে জিডিপির মাত্র ৬ দশমিক ৮ শতাংশ ছিল কর রাজস্ব। কর ও করবহির্ভূত আয় মিলিয়ে সরকারের মোট রাজস্ব দাঁড়িয়েছে জিডিপির ৮ শতাংশ। অথচ বাংলাদেশের সমপর্যায়ের দেশগুলোতে এই হার দ্বিগুণেরও বেশি।

বিশ্বব্যাংক বলছে, রাজস্ব আয় কম হওয়ায় সরকারের উন্নয়ন ব্যয় করার সক্ষমতা সীমিত হয়ে পড়ছে। এর প্রভাব পড়ছে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ওপর।

সরকারি বিনিয়োগের ক্ষেত্রেও ধারাবাহিক সংকোচন দেখা গেছে। ২০২২ অর্থবছরে জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ ছিল সরকারি মূলধনি ব্যয়। ২০২৫ অর্থবছরে তা কমে ২ দশমিক ৮ শতাংশে নেমেছে। একই সময়ে শিক্ষা খাতে ব্যয় ছিল জিডিপির মাত্র ১ দশমিক ৫ শতাংশ, যা সমপর্যায়ের দেশগুলোর তুলনায় অনেক কম।

সুদ পরিশোধে বাড়ছে চাপ

সরকারের ঋণের সুদ পরিশোধের ব্যয়ও বাড়ছে। ২০১৭ অর্থবছরে জিডিপির ১ দশমিক ৫ শতাংশ ছিল সুদ পরিশোধের ব্যয়। ২০২৬ অর্থবছরে তা বেড়ে ২ দশমিক ৬ শতাংশে দাঁড়াতে পারে বলে প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিশ্বব্যাংকের পর্যবেক্ষণ অনুযায়ী, সরকারের ঋণের বড় অংশ অভ্যন্তরীণ ব্যাংক খাত থেকে নেওয়া হচ্ছে। এতে বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির সুযোগও সীমিত হচ্ছে।

জ্বালানি ভর্তুকিতে বাড়ছে ব্যয়ের চাপ

বিদ্যুৎ ও গ্যাস খাতে ভর্তুকি সরকারের অর্থের ওপর বাড়তি চাপ তৈরি করছে। ২০১৮ অর্থবছরে এ খাতে ভর্তুকি ছিল জিডিপির শূন্য দশমিক ৩ শতাংশ। ২০২৫ অর্থবছরে তা বেড়ে ১ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ার কারণে আগামী দিনে এই ব্যয় আরও বাড়তে পারে।

এ পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের দাম নির্ধারণে ব্যয়ভিত্তিক ও নিয়মতান্ত্রিক পদ্ধতি চালুর সুপারিশ করেছে বিশ্বব্যাংক। পাশাপাশি জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী ও স্বাধীন করার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে ভর্তুকি সংস্কারের নামে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের সুরক্ষা কমানো যাবে না বলে সতর্ক করেছে সংস্থাটি। এ জন্য সাধারণ ভর্তুকির পরিবর্তে প্রকৃত উপকারভোগীদের কাছে সরাসরি সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। শক্তিশালী সামাজিক সুরক্ষা তথ্যভান্ডার এবং ফ্যামিলি কার্ড কর্মসূচি এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে দেশে দারিদ্র্যের হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ। ২০২৬ সালে তা বেড়ে ২২ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে বলে প্রাক্কলন করা হয়েছে। তাই জ্বালানি মূল্য সংস্কারের পাশাপাশি দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য কার্যকর সামাজিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি।

কর্মসংস্থানেও পিছিয়ে বাংলাদেশ

বাংলাদেশের শ্রমবাজারের দুর্বলতাও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, কর্মক্ষম বয়সী নারীদের প্রতি পাঁচজনের মধ্যে তিনজন শ্রমবাজারের বাইরে রয়েছেন। অন্যদিকে দেশের মোট কর্মজীবীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে কাজ করেন।

বিশ্বব্যাংকের মতে, দক্ষতা উন্নয়ন, অবকাঠামো ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহে সরকারের দীর্ঘদিনের অপর্যাপ্ত বিনিয়োগের কারণে বেসরকারি খাতের বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। এর প্রভাব পড়েছে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে। তরুণ ও ক্রমবর্ধমান শ্রমশক্তির জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি করতে হলে এসব খাতে বিনিয়োগ বাড়াতে হবে।

কর ব্যবস্থায় বড় সংস্কারের পরামর্শ

রাজস্ব আয় বাড়াতে করনীতি নির্ধারণ ও কর আদায়ের প্রশাসনিক কার্যক্রম আলাদা করার সুপারিশ করেছে বিশ্বব্যাংক। একইসঙ্গে কর প্রশাসনে ডিজিটাল ব্যবস্থা চালু, একক করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) ব্যবস্থার কার্যকর সমন্বয় এবং কর ব্যবস্থাপনা আধুনিকায়নের কথা বলা হয়েছে।

এ ছাড়া কর অব্যাহতি কমানো, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাণিজ্য কর ব্যবস্থায় সংস্কারের পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২২ অর্থবছরে কর অব্যাহতির কারণে সরকারের রাজস্ব ক্ষতির পরিমাণ ছিল জিডিপির ৬ দশমিক ৯ শতাংশ। অথচ ওই বছর মোট কর রাজস্বও এর কাছাকাছি ছিল। ফলে অপ্রয়োজনীয় কর অব্যাহতি কমাতে পারলে সরকারের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।

সংস্কার হলে বাড়বে বিনিয়োগ ও প্রবৃদ্ধি

বিশ্বব্যাংকের প্রক্ষেপণ অনুযায়ী, রাজস্ব আহরণ বাড়ানো, ভর্তুকি ব্যবস্থায় সংস্কার, জ্বালানির দাম যৌক্তিক পর্যায়ে নির্ধারণ এবং সরকারি ব্যয়ের দক্ষতা নিশ্চিত করা গেলে ২০৩৫ অর্থবছরে জিডিপির অনুপাতে সরকারের রাজস্ব আয় ১৪ দশমিক ৪ শতাংশে উন্নীত হতে পারে।

অন্যদিকে সীমিত সংস্কার হলে এই হার ১০ শতাংশে আটকে থাকতে পারে। পূর্ণাঙ্গ সংস্কার বাস্তবায়ন করা গেলে সরকারি ব্যয় জিডিপির ১৮ শতাংশে উন্নীত করা সম্ভব হবে। একই সঙ্গে বাজেট ঘাটতি পুরো সময়জুড়ে ৫ শতাংশের নিচে রাখা এবং ২০৩৫ অর্থবছরে তা ৩ দশমিক ৬ শতাংশে নামিয়ে আনা সম্ভব বলে মনে করছে সংস্থাটি।

বিশ্বব্যাংকের মতে, এসব সংস্কারের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ানোর সুযোগ তৈরি হবে। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের পথও সুগম হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সামনে এখন মূল চ্যালেঞ্জ শুধু রাজস্ব আয় বাড়ানো নয়, বরং সংগৃহীত অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে, তা নিশ্চিত করা। রাজস্ব ব্যবস্থার সংস্কার ও সরকারি ব্যয়ের দক্ষতা বাড়ানো গেলে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথে ফিরতে পারবে বাংলাদেশ।