বাজারে সবজির দাম আবারও বেড়ে গেছে। সরবরাহ কম হওয়ায় পাইকারী বাজারে দম বেশি হওয়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। ক্রেতারা বলছেন, গত সপ্তাহ থেকে দু’একটা সবজির দাম একটু বাড়তি ছিল, কিন্তু এখন সব সবজির দাম আকাশ ছোঁয়া।
বাজার ঘুরে দেখা যায়, আলু ৩৫, পটল ৯০-১০০, বেগুন প্রকার ভেদে ১০০-১৫০, সিম ১২০-২০০, ভেন্ডি ১০০, টমেটো ১৫০, পেঁপে ৩৫, করলা ১২০-১৫০, বরবটি ১২০, ঝিঙা ১২০, চিচিঙ্গা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ দেশি ১৪০ ও হাইব্রিড ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অথচ সিম কেজি প্রতি ৬০-১০০ টাকার মধ্যে ছিল। পটল ছিল ৫০-৬০ টাকা। অন্যান্য সবজিও কেজি প্রতি ১০-২০ টাকা বাড়তি রয়েছে।
প্রতি পিস ফুলকপি ৫০ ও বাঁধকপি ৫০ টাকা, লাউ ৭০- ৮০ টাকা, কাঁচা কলা ৪০ টাকা প্রতি হালি, লালশাক প্রতি আঁটি ১৫, কলমি শাক ২০, পুঁইশাক ৩০ টাকা। ডিমের মধ্যে লাল ডিম ১৩৫- ১৪০, সাদা ডিম ১২০ টাকা ডজন বিক্রি হচ্ছে।
রুই মাছ ৪০০টাকা থেকে শুরু করে ৫২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ছোট মলা, চিংড়িসহ অন্যান্য মাছের দাম কেজিতে ৫০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। গরুর মাংস ৮২০ টাকা কেজি, খাসির মাংস ১২০০ টাকা। ব্রয়লার কেজি প্রতি ১৯০, কক ৩৩০, দেশি মুরগি ৬৬০ টাকা।
এর মধ্যে গত কয়েকদিনের তুলনায় পটল কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে। সিম ও টমোটের দাম কেজি প্রতি ১০ টাকা বেড়ে ৮০ ও ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও বাজারে নতুন আলু ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
রবিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় রাজধানীর মেরাদিয়ায় বাজার করতে এসেছেন গৃহিনী লোপা খান। প্রায় সকালেই টাটকা সবজি নিতে আসেন তিনি। সেখানেই কথা হয় তার সঙ্গে।
তিনি বলেন, কয়েকদিন আগে সবজির মূল্য একটু স্থিতিশিল ছিল। স্থিতিশিল বলতে দাম একই জায়গায় ছিল। কিন্তু গত কয়েকদিন থেকে আবারও দাম বাড়তির দিকে। পূর্বে যে জায়গায় ছিল সেই জায়গার দিকে যাচ্ছে।
তিনি বলেন, সিম সবচেয়ে ভালোটা ১৫০ থেকে ১৬০ টাকা কেজি ছিল। এখন এটা ২০০ টাকা। এভাবে ঝিঙ্গা, চিচিঙ্গিা, বেগুন, টমোটো সব সবজির দাম কেজি প্রতি ২০ টাকা ৫০ টাকা বেড়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের তো আসলে দেখার কেউ নেই। আমরা এখন এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি। দাম বাড়লে তখন সস্তা খুঁজি। বাসি, নষ্ট সবজি কিনতে হয়।
লোপার মতোই বাজারে আসা ক্রেতারা বলছেন, গত কয়েকদিন থেকে সবজির দাম বাড়তির দিকে। অথচ শুক্রবারের আগে সবজির যে দাম কমতির দিকে ছিল সেটিই ছিল। শুক্রবার থেকে বিভিন্ন ধরনের সবজি ১০ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।
মিলন রহমান বলেন, সকালে টাটকা সবজির জন্য তিনি এ বাজারে আসেন। শুক্রবার থেকে সবজির দাম বাড়তি। কেন বাড়তি তার কোন জবাব ব্যবসায়ীদের কাছে নেই।
তিনি বলেন, শুধু সবজি না, মাছের বাজারও কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।
বাজারে আসা মনিরুল ইসলাম বলেন, সবজির বাজার আবার বাড়ছে। দাম কম থাকলে অন্তত মানুষ খেয়ে বাঁচতে পারবে। তা না হলে মানুষ প্রয়োজনের তুলনায় কম খেতে হবে।
তিনি বলেন, ব্রয়লার মুরগি ১৭০-১৯০ টাকা কেজি। এটি আরও কমা উচিত। সাধারণ মানুষ ব্রয়লার কিংবা মাছের মধ্যে তেলাপিয়া, পাঙাস বেশি কেনে। সেটিও ৩০০ টাকা কেজির কাছাকাছি। আসলে জিনিষপত্রের দাম না কমলে মানুষের চলা কঠিন।
তিনি বলেন, আমরা তো গরীব মানুষ, দাম এভাবে হঠাৎ বেড়ে গেলে কীভাবে চলবো। আমাদের তো খেয়ে বাঁচতে হবে।
মেরাদিয়া বাজারের সবজি বিক্রেতা কাওছার জানান, সবজির বাজার এখন একটু বাড়তির দিকে। আমরাই বেশি দামে কিনছি। এখন তো আসলে কিছু করার নেই।
তিনি বলেন, সবজির সরবরাহ কম। এ কারণে দাম বেশি। আবার সরবরাহ বাড়লে দাম কমে আসবে। কাঁচাবাজার এ রকমই উঠানামা করে।
আরেক বিক্রেতা আব্দুল হামিদ বলেন, গত কয়েকদিনের চেয়ে দাম কিছুটা বেড়েছে। কাঁচা সবজির দাম এ রকমই হয়। সরবরাহ বাড়লে আবার কমে আসবে।
মাছ ব্যবসায়ী সালাম বলেন, মাছের বাজার একটু চড়া। দাম বাড়তির দিকে। তেলাপিয়া, পাঙাস, ছোট রুই- এগুলো ৩২০-৩৫০ টাকা কেজি। আসলে কোনও মাছের দামই ওইভাবে কমতির দিকে নেই।