শুক্রবার ভোর সাড়ে ৫টা। রাজধানীর রামপুরা এলাকায় হাজীপাড়া সিএনজি পাম্পে গ্যাস নিতে গাড়ির দীর্ঘ সারি। রাত ৮টায় সিরিয়াল দিয়েও ভোরে গ্যাস পেয়েছেন কেউ কেউ। আবার ভোর ৩টার দিকে এসে যারা লাইনে দাঁড়িয়েছেন, তাদেরও অপেক্ষা শেষ হয়নি।
সরেজমিনে দেখা যায়, হাজীপাড়া সিএনজি পাম্পের দুই পাশেই গাড়ির দীর্ঘ সারি। এক পাশের লাইন বিটিভি পার হয়ে রামপুরা ব্রিজ পর্যন্ত চলে গেছে। অন্য পাশের লাইন মালিবাগ মোড় ছাড়িয়ে খিলগাঁও ফ্লাইওভারের কাছাকাছি পৌঁছেছে।
প্রাইভেটকার নিয়ে গ্যাসের জন্য অপেক্ষায় থাকা সোহেল রানা বলেন, ‘গ্যাসের জন্য এত দীর্ঘ সিরিয়াল জীবনে দেখিনি। সিরিয়াল কম হবে ভেবে ভোর ৪টার দিকে এসেছিলাম। এসে দেখি লাইন বিটিভি পর্যন্ত চলে গেছে। অন্য পাশের লাইনও খিলগাঁও ফ্লাইওভার পর্যন্ত। শেষ পর্যন্ত বিটিভির দিকের লাইনে দাঁড়িয়েছি। রামপুরা বাজারও পার হতে পারিনি। এখন গ্যাস কখন পাবো, সেটাই বুঝতে পারছি না। এর মধ্যে লাইন বন্ধ হয়ে গেলে তো সর্বনাশ।’
সিএনজি চালক সুমন বলেন, ‘ড্রাইভারি জীবনে গ্যাসের জন্য মানুষকে এভাবে কষ্ট করতে দেখিনি। ভোর ৪টায় এসে এখন সাড়ে ৬টা বাজে। আরও অন্তত আড়াই ঘণ্টা অপেক্ষা করতে হবে বলে মনে হচ্ছে। তারপরও সর্বোচ্চ ২০০ টাকার গ্যাস পাবো কি না, সন্দেহ আছে।’
প্রায় ছয় ঘণ্টা অপেক্ষার পর গ্যাস পাওয়া রিপন মিয়া বলেন, ‘গ্যাস পেলাম ১৭৯ টাকার। এখন আপনিই বলেন, এই টাকার গ্যাসে কতক্ষণ চলবে? আমাদের তো সব পথ বন্ধ।’
সিএনজি চালক রহিম শিকদার বলেন, ‘রাত ১২টার পর সিরিয়ালে দাঁড়িয়েছি। কিছুক্ষণ আগে ৮০ টাকার গ্যাস পেয়েছি। এখন আবার লাইনে দাঁড়িয়েছি, যদি আরও কিছু গ্যাস পাওয়া যায়।’
পাম্পটির বিক্রয়কর্মী ইউসুফ বলেন, ‘যে প্রেসার আছে, তাতে এর চেয়ে বেশি গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। তারপরও যতটুকু দেওয়া যাচ্ছে, সেটাই বড় কথা। পরিস্থিতি এমন থাকলে সকাল ৯টার দিকে গ্যাস সরবরাহ বন্ধও হয়ে যেতে পারে।’
গ্যাসের চাপ কম থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রয়োজনীয় পরিমাণ গ্যাস না পাওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন চালকরা। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে পাম্পটির দুই পাশের সড়কে গাড়ির সারি আরও দীর্ঘ হতে দেখা যায়।