প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো মেহেরপুর

প্রথমবারের মতো সরাসরি জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে মেহেরপুর জেলা। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র নবনির্মিত ১৩২ কেভি সঞ্চালন লাইন ও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র চালুর মধ্য দিয়ে এই সংযোগ স্থাপন করা হয়েছে। এর ফলে জেলাটিতে মানসম্মত ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহের পথ সুগম হবে।

বুধবার  (১১ নভেম্বর) পাওয়ার গ্রিড বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদিন পার্শ্ববর্তী কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা থেকে ৩৩ কেভি বিতরণ লাইনের মাধ্যমে মেহেরপুরে বিদ্যুৎ সরবরাহ করা হতো। দীর্ঘ দূরত্বের বিতরণ ব্যবস্থার কারণে জেলাটিতে প্রায়ই লো-ভোল্টেজসহ বিদ্যুৎ সরবরাহজনিত নানা সমস্যা দেখা দিতো।

মেহেরপুর জেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার আধুনিকায়ন, মানসম্মত ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং জাতীয় গ্রিডের সঞ্চালন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই অবকাঠামো নির্মাণ করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।

প্রকল্পের আওতায় মেহেরপুর সদর উপজেলার আলমপুর মৌজায় তিন একর জমির ওপর ২৪০ এমভিএ ক্ষমতাসম্পন্ন ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে। পাশাপাশি নির্মাণ করা হয়েছে কুষ্টিয়া-মেহেরপুর ৪৮ কিলোমিটার দীর্ঘ ১৩২ কেভি সঞ্চালন লাইন। মেহেরপুর জেলাকে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করতে কুষ্টিয়া গ্রিড উপকেন্দ্রে দুটি ১৩২ কেভি বে-এক্সটেনশনও নির্মাণ করা হয়েছে।

গত ২৮ ও ২৯ অক্টোবর যথাক্রমে নবনির্মিত সঞ্চালন লাইন ও গ্রিড উপকেন্দ্র সফলভাবে চালু করা হয়। এর মধ্য দিয়ে মেহেরপুর জেলা প্রথমবারের মতো ১৩২ কেভি ভোল্টেজ লেভেলে সরাসরি জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত হয়।

পাওয়ার গ্রিড বাংলাদেশ জানায়, এই সংযোগের ফলে মেহেরপুর জেলায় মানসম্মত, নির্ভরযোগ্য ও উন্নতমানের বিদ্যুৎ সরবরাহের পথ সুগম হবে। পাশাপাশি কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা গ্রিড উপকেন্দ্রের ওপর বিদ্যমান অতিরিক্ত লোডের চাপ এবং ওভারলোডজনিত সমস্যা নিরসনেও গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।

পিজিবি জানিয়েছে, দেশের বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ ও আধুনিকায়নের মাধ্যমে একটি নির্ভরযোগ্য, স্থিতিশীল ও টেকসই জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তুলতে তারা কাজ করছে।