সাগরে তেল-গ্যাস অনুসন্ধান শুরু হবে কবে?

দেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধান শুরু হতে আরও অন্তত দুই বছর অপেক্ষা করা লাগতে পারে। অফশোরে তেল-গ্যাস অনুসন্ধানের দরপত্র জমা দেওয়ার সময়সীমা আগামী বছরের মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে দরপ্রস্তাব যাচাই-বাছাই, দর-কষাকষি এবং চুক্তি সম্পন্ন করতে আগামী বছরের শেষ ভাগ পর্যন্ত সময় লেগে যেতে পারে। এরপরও চুক্তি করেই সাগরে অনুসন্ধান শুরু করা সম্ভব হবে না। অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও জাহাজ প্রস্তুত এবং সাগরে কাজ শুরুর উপযুক্ত মৌসুমের অপেক্ষা করতে হবে। সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি জ্বালানি প্রতিমন্ত্রী ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান লন্ডন সফরে গেলে সেখানে সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে অফশোর অনুসন্ধান নিয়ে আলোচনা হয়। বিনিয়োগকারীরা দরপ্রস্তাব তৈরির জন্য আরও সময় চান। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতেই দরপত্র জমার সময়সীমা বাড়ানো হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের কাজ আবহাওয়ার ওপর অনেকটাই নির্ভরশীল। সাধারণত অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সাগর তুলনামূলক শান্ত থাকে। এ সময় অনুসন্ধান জাহাজ ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে কাজ করা সহজ। অন্যদিকে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা ও মৌসুমি আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকে। এ সময়ে অনুসন্ধানের কাজ চালানো কঠিন হয়ে পড়ে।

সেই হিসাবে আগামী বছরের মার্চে দরপত্র জমা শেষ হওয়ার পর দরপ্রস্তাব মূল্যায়ন, কোম্পানি নির্বাচন, দর-কষাকষি এবং চুক্তি সম্পন্ন করতে যদি বছরের শেষ ভাগ পর্যন্ত সময় লাগে, তাহলে ২০২৭ সালের অনুসন্ধান মৌসুমে কাজ শুরুর প্রস্তুতি নেওয়া কঠিন হবে। সে ক্ষেত্রে পরবর্তী উপযুক্ত মৌসুমের জন্য অপেক্ষা করতে হতে পারে। অর্থাৎ ২০২৮ সালের অক্টোবরের আগে সাগরে অনুসন্ধান কার্যক্রম শুরুর সম্ভাবনা কম।

এদিকে দেশের স্থলভাগে গ্যাসের উৎপাদন ক্রমেই কমছে। চাহিদা মেটাতে বাড়ছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ওপর নির্ভরতা। এমন পরিস্থিতিতে সমুদ্রে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান জরুরি হয়ে পড়লেও দরপত্রের সময়সীমা বাড়ানোর কারণে সেই উদ্যোগের সুফল পেতে আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে।

প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আহ্বান করা অফশোর বিডিং রাউন্ড ২০২৬-এ দরপত্র জমা দেওয়ার সময় চার মাস বৃদ্ধি করে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক তেল-গ্যাস কোম্পানিগুলো দরপত্র জমা দিতে পারবে। আগে এ সময়সীমা ছিল ৩০ নভেম্বর।

এই দরপত্রের আওতায় বঙ্গোপসাগরের ২৬টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের সুযোগ রয়েছে। এর মধ্যে অগভীর সমুদ্রের ১১টি এবং গভীর সমুদ্রের ১৫টি ব্লক। চলতি বছরের ২৪ মে এ বিডিং রাউন্ডের দরপত্র আহ্বান করা হয়।

নতুন উৎপাদন অংশীদারত্ব চুক্তির (পিএসসি) আওতায় বিদেশি কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে এবার গ্যাসের দাম নির্ধারণ ও করছাড়সহ বিভিন্ন শর্তে পরিবর্তন আনা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ১০ মার্চ অফশোর বিডিং রাউন্ডের দরপত্র আহ্বান করা হয়েছিল। ওই দফায় ২৪টি ব্লক রাখা হয়। সাতটি আন্তর্জাতিক কোম্পানি দরপত্রের কাগজ কিনলেও শেষ পর্যন্ত কোনও প্রস্তাব জমা দেয়নি। পরে আরও তিন মাস সময় বাড়ানো হলেও কোনও দরদাতা পাওয়া যায়নি।

এবার দরপত্র কিনেছে তুর্কি পেট্রোলিয়াম ওভারসিজ কোম্পানি (টিপিএও) এবং চীনের বড় জ্বালানি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল অফশোর অয়েল করপোরেশন। এছাড়া বেরিংগিয়া পাওয়ার বাংলাদেশ লিমিটেড, ক্রিসএনার্জি, পিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড, অনোডা ইনকরপোরেটেড, রিস্ট্যাড এনার্জি, ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এবং টিপিএও ডাটা কিনেছে।

পেট্রোবাংলার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘‘সময় বাড়ানো ছাড়া উপায় ছিল না। সাড়া খুব একটা ছিল না। আর কোম্পানিগুলো সময় চাচ্ছিল। অনেক বছর পিছিয়ে গেছি এটা যেমন সত্যি, এটাও সত্যি যে, এবার আমরা আশা করছি, কাজ হবে— কিছুটা সময় বেশি লাগলেও।’’ 

এদিকে জ্বালানি বিশেষজ্ঞ বিডি রহমত উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে আমরা অনেক অনেক বছর পিছিয়ে আছি। এখনো কাজটা শুরু করলে গ্যাস পেতে অন্তত ৫/৭ বছর সময় লাগবে। এই যে সাড়া না পেয়ে কোম্পানিগুলোর অনুরোধের আমরা সময় বাড়ালাম, এর অর্থ দাঁড়ালো আমরা আরও দুই বছর  পিছিয়ে গেলাম। এরপর কাজ শুরু হলে আমরা গ্যাস পাবো কবে। এদিকে সাগরের একই সীমানা এলাকা থেকে মিয়ানমার গ্যাস তুলছে বলে খবর শোনা যায়। ওই ৫/৭ বছর পর আমার আসলে কী পাবো, এটাও এখন প্রশ্নবিদ্ধ।’’

জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম বলেন, ‘‘জ্বালানি খাতে দুর্নীতির কারণে এসব কাজে আমরা পিছিয়ে গেছি। যে কোম্পানিই আসে— তাদেরই সাবেক সরকারের সংশ্লিষ্টরা ভাগ চাইতে শুরু করে। কোম্পানিগুলো কাজ করবে নাকি ভাগ দেবে, সেটা একটা প্রশ্ন। আমরা অনেক পিছিয়ে পড়েছি।’’