দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে সোনাগাজীতে

ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ (ইজিবি)। ১ হাজার ৮৮৮ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন প্রকল্পটি ২০২৮ সালের ৩০ জুনের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) প্রকল্পসংক্রান্ত এক কর্মশালার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়, বাংলাদেশ সরকার, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ও ইজিবির নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। গত ৩ আগস্ট অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে অর্থায়ন চুক্তি সই হয়।

প্রকল্পটি চালু হলে ২০২৮ সালের জুন থেকে জাতীয় গ্রিডে বছরে প্রায় ৪৪১ দশমিক ১৮ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রয়েছে। সরকারের ২০৩০ সালের মধ্যে সৌরশক্তি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনেও এটি ভূমিকা রাখবে।

প্রকল্পের আওতায় প্রায় ৪ লাখ ৬৯ হাজার ৫৬০টি সোলার পিভি মডিউল, ২৬টি ইনভার্টার এবং দুটি সাবস্টেশন স্থাপন করা হবে। একই জমিতে সৌর বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কৃষি ও পশুপালনের জন্য এগ্রোভোল্টাইক ধারণা প্রয়োগের পরিকল্পনা রয়েছে।

এছাড়া স্থানীয় প্রায় এক হাজার বেকার যুবক ও নারীর দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, কম্পিউটার ল্যাব স্থাপন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনের পরিকল্পনা রয়েছে।

সোনাগাজীতে আরও ১৩০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ৩৮৬ একর ভূমি অধিগ্রহণ প্রকল্প গত ২৯ সেপ্টেম্বর একনেক অনুমোদন দিয়েছে। পাশাপাশি মুছাপুরে ১৫০ মেগাওয়াটের ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকায় প্রায় ৬০০ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র গড়ে তোলার সম্ভাবনা রয়েছে।

ইজিবি মনে করে, এ প্রকল্প শুধু বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নয়; বরং পরিচ্ছন্ন জ্বালানি, পরিবেশ সুরক্ষা, স্থানীয় কর্মসংস্থান ও টেকসই আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও ছিলেন– বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের ঢাকা রিজিওনাল হাবের রেসিডেন্ট হেড আলী এম. খান এবং অপারেশনাল টিম লিডার নাসের মোহাম্মদ ইয়াকুবু, ইজিবির চেয়ারম্যান কে এম আলী রেজা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম এবং ইজিবির ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মনজুর কাদিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।