মাতারবাড়ীতে স্থায়ী এলএনজি টার্মিনাল নির্মাণ করতে চায় সরকার

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি ও সরবরাহ বাড়াতে কক্সবাজারের মাতারবাড়ীতে স্থলভিত্তিক স্থায়ী টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) পদ্ধতিতে টার্মিনালটি নির্মাণ করা হবে। এ লক্ষ্যে প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা, প্রকৌশল নকশা প্রণয়ন এবং বাস্তবায়নের ক্রয় ব্যবস্থাপনার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের উদ্যোগ নিয়েছে পেট্রোবাংলার কোম্পানি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল)।

জ্বালানি বিভাগ সূত্র জানায়, গত ১৭ নভেম্বর এ বিষয়ে আগ্রহপত্র আহ্বান করেছে আরপিজিসিএল। আগামী ৮ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আগ্রহী প্রতিষ্ঠানগুলো আবেদন জমা দিতে পারবে। পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের মাধ্যমে প্রকল্পটির কারিগরি, আর্থিক ও বাস্তবায়ন কাঠামো নির্ধারণ করা হবে।

আরপিজিসিএল সূত্র জানায়, মাতারবাড়ীতে স্থলভিত্তিক এলএনজি গ্রহণ, সংরক্ষণ ও পুনরায় গ্যাসে রূপান্তরের টার্মিনাল নির্মাণ করা হবে পিপিপি পদ্ধতিতে। নিয়োগ করা পরামর্শক প্রতিষ্ঠান সম্ভাব্যতা সমীক্ষার পাশাপাশি ফ্রন্ট-এন্ড ইঞ্জিনিয়ারিং ডিজাইন (ফিড) এবং প্রকল্প বাস্তবায়নের ক্রয় ব্যবস্থাপনা সেবা দেবে।

সংস্থাটির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, এর আগে বিগত সরকারের সময় একই ধরনের একটি উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। বর্তমানে দেশে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে। তবে ঝড়-ঝঞ্ঝার মতো প্রাকৃতিক দুর্যোগের সময় টার্মিনাল দুটি বন্ধ রাখতে হয়। এতে দেশে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটে।

স্থায়ী টার্মিনাল নির্মাণ করা হলে জাহাজে করে আমদানি করা এলএনজি ট্যাঙ্কারে সংরক্ষণ করা যাবে। পরে সেখান থেকে এলএনজিকে গ্যাসে রূপান্তর করে সরবরাহ করা হবে। ট্যাঙ্কারের ধারণক্ষমতা অনুযায়ী ১৫ থেকে ৩০ দিন বা তার বেশি সময় এলএনজি মজুদ রাখা সম্ভব হবে। এতে প্রাকৃতিক দুর্যোগের সময়ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা যাবে।

দেশে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন কমে আসায় আমদানিনির্ভর এলএনজির ওপর নির্ভরতা বাড়ছে। বর্তমানে মহেশখালীতে দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে দৈনিক ৯০০ মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি করা হচ্ছে। নতুন করে আরও একটি ভাসমান টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য চীনের একটি কোম্পানির প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, মাতারবাড়ীতে স্থায়ী এলএনজি টার্মিনাল নির্মাণে ব্যয় হতে পারে প্রায় ২ বিলিয়ন ডলার বা ২৪ হাজার কোটি টাকা। এ জন্য প্রায় ১৫৬ একর জমির প্রয়োজন হতে পারে। টার্মিনালটির প্রাথমিক পরিকল্পিত গ্যাস সরবরাহ সক্ষমতা দৈনিক ১ হাজার মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। এতে এলএনজি সংরক্ষণ ট্যাঙ্ক, জাহাজ থেকে এলএনজি খালাসের জেটি, পুনরায় গ্যাসে রূপান্তরের (রিগ্যাসিফিকেশন) ব্যবস্থা এবং গ্যাস সরবরাহের পাইপলাইনসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। তবে সম্ভাব্যতা সমীক্ষা ও বিস্তারিত নকশা চূড়ান্ত হওয়ার পর নির্মাণ ব্যয় এবং জমির চাহিদায় পরিবর্তন আসতে পারে।

পরামর্শক প্রতিষ্ঠান নির্বাচনে গুণগত মান ও ব্যয়ভিত্তিক নির্বাচন পদ্ধতি অনুসরণ করা হবে। আবেদনকারী প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন প্রকল্প, সম্ভাব্যতা সমীক্ষা, প্রকৌশল নকশা, আর্থিক কাঠামো তৈরি এবং পিপিপি প্রকল্পের ক্রয় ব্যবস্থাপনায় কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

এ ছাড়া বাংলাদেশ অথবা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার তুলনীয় বাজার ও নিয়ন্ত্রক কাঠামোর অধীনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রতিষ্ঠানগুলোর। বাংলাদেশের পিপিপি আইন-২০১৫, পিপিপি বিধিমালা-২০১৮ এবং জ্বালানি খাতের সংশ্লিষ্ট বিধিবিধান সম্পর্কেও ধারণা থাকতে হবে। গত তিন অর্থবছরে প্রতিষ্ঠানটির গড় বার্ষিক লেনদেন কমপক্ষে ৫০ লাখ ডলার হতে হবে।

আগ্রহী প্রতিষ্ঠানগুলো এককভাবে অথবা যৌথ উদ্যোগে আবেদন করতে পারবে। যৌথ উদ্যোগের ক্ষেত্রে প্রতিটি অংশীদারকে প্রকল্পে সুনির্দিষ্ট ভূমিকা রাখতে হবে। এ ধরনের উদ্যোগে অংশ নেওয়া সব প্রতিষ্ঠান সম্মিলিত ও পৃথকভাবে প্রকল্পের কাজের জন্য দায়বদ্ধ থাকবে। আরপিজিসিএলের নিজস্ব তহবিল থেকে পরামর্শক নিয়োগের ব্যয় নির্বাহ করা হবে।