কেরাণীগঞ্জের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ কী

কেরাণীগঞ্জের চুনকুটিয়ায় অবৈধ পাইলিংয়ের কারণে গ্যাস পাইপলাইনে লিকেজের ঘটনা ঘটেছে। এ কারণে দক্ষিণ কেরানীগঞ্জের আশপাশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কালিবাড়ী রোডের চুনকুটিয়া এলাকায় ৮ ইঞ্চি ব্যাসের ১৫০ পিএসআইজি (গ্যাসের চাপ) গ্যাস পাইপলাইনের ওপর অবৈধ পাইলিংয়ের ফলে লিকেজ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পাইপলাইন মেরামতের কাজ চলছে। মেরামত কাজের জন্য দক্ষিণ কেরাণীগঞ্জ, জিনজিরা, চুনকুটিয়া, কালিগঞ্জ, বেগুনবাড়ী, খোলামোড়া ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

মেরামত কাজ শেষে যত দ্রুত সম্ভব এসব এলাকায় গ্যাস সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।