নাশকতা প্রতিরোধে দেশের সব বিদ্যুৎ স্থাপনার নিরাপত্তা জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করা, রাজনৈতিক কর্মী ও জনগণকে সচেতন ও সজাগ করা এবং নাশকতাকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাতে বলা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) বিদ্যুৎ খাতের সব সেবা সংস্থার প্রধান ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৈঠকে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ বিভাগের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, বৈঠকে সব সাবস্টেশনের নিরাপত্তা জোরদার, সার্বক্ষণিক মনিটরিং এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টিকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।
বৈঠকে বিদ্যুৎ খাতের বিভিন্ন সংস্থার প্রধানরা নাশকতা প্রতিরোধে গৃহীত ব্যবস্থা মন্ত্রীকে অবহিত করেন। এ সময় নাশকতার চেষ্টাকারী এবং দায়িত্ব পালনে অবহেলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী।