আজ যখন লেখাটি লিখছি তখন দেশসেরা বড় একটি শিল্প গ্রুপের দু’জন কর্তা এসেছিলেন। তাদের শিল্প গ্রুপের হাজারও পণ্য। দেশের নানা প্রান্তে তাদের শিল্প এলাকা। জানালেন—অর্থনীতি এমন স্থবির থাকলে, কোনও কোনও প্ল্যান্ট তাদের বন্ধ করে দিতে হবে বা সীমিত করে আনতে হবে। অর্থাৎ তখন লোক ছাঁটাই অনিবার্য। নীরবে লোক ছাঁটাই কিন্তু প্রায় সকল প্রতিষ্ঠানেই চলছে। দোকান থেকে শীর্ষ শিল্প গ্রুপ সর্বত্র কাজ হারানোর আতঙ্ক। কোথাও কোথাও বেতন কমিয়ে দেওয়া হয়েছে। ঘরে বসে অফিস করাকে উৎসাহিত করে কমানো হচ্ছে বেতনভাতা। প্রতিষ্ঠানের অন্যান্য ব্যয়ও কমিয়ে আনা হয়েছে। দুয়েকটি প্রতিষ্ঠান হয়তো প্রকাশ্যে এনেছে তাদের ব্যয় সংকোচন নীতি। কোভিড-১৯ বিদায় নেয়নি। আরও দীর্ঘ অজানা সময় পর্যন্ত এর প্রভাব থাকবে। এখন আমরা প্রকাশ্যে রাজধানীসহ সারাদেশের যে চিত্রটি দেখছি, সেটি স্বাভাবিক চিত্র নয়। আমাদের সমাজবিদ ও অর্থনীতিবিদদের সকলে যে সত্য কথা বলছেন তাও নয়। বরং কেউ কেউ বলছেন বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। করোনাকে পরাজিত করেছে। এসবই লোক ভুলানো কথা। প্রায় অর্ধ কোটি মোবাইলের গ্রাহক কমে যাওয়াকেও অর্থনীতির মন্দার গুরুত্বপূর্ণ সূচক হিসেবে গণ্য করতেই হবে। ক্রয়ক্ষমতা কমে যাওয়া বা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার কারণেও মোবাইল ব্যবহার কমেছে। দেশে বৈদেশিক মুদ্রা প্রবেশের হার বেড়েছে বলে অতি উল্লসিত হওয়ার সুযোগে নেই। কারণ মধ্যপ্রাচ্য প্রবাসীরা কাজ হারিয়ে বা কাজ হারানোর আশঙ্কায় তাদের জমানো টাকা পাঠাতে শুরু করেছে, দেশে বিকল্প কিছু একটা করার জন্য। ইউরোপ আমেরিকায় প্রবাসী অনেকেই দেশে আর্থিক অসহায় অবস্থায় পড়া স্বজনদের জন্য টাকা পাঠানোর পরিমাণ বাড়িয়েছে। এই প্রবাহ খুব বেশিদিন টেকসই হবে না।
রাজধানী বা বড় শহরে কাজ হারিয়ে যারা গ্রামে ফিরে গিয়েছিলেন, তাদের অনেকে সেখানে এখনও কাজ জোগাড় করতে পারেননি। দীর্ঘস্থায়ী বন্যা ও করোনার কারণে গ্রামেও কাজের সুযোগ কমে গেছে। ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় কৃষিজ ও কুটির শিল্পের ক্রেতা কমেছে। দামি সবজির চাহিদা কম। কমেছে দুধ ও গোস্ত, মাছের চাহিদা। ফলে তৃণমূলের অর্থনীতিও এখনও ভঙ্গুর অবস্থায় রয়েছে। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে হলে সকল পর্যায় থেকে অর্থনীতির সত্য চিত্র তুলে ধরতে হবে। করোনা মহামারিতেও দুর্নীতি ও অনিয়মমুক্ত হয়নি সমাজ, রাষ্ট্র। সুতরাং এই দুই রোগ সঙ্গে নিয়ে নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করাও সম্ভব নয়। তাই সবার আগে সংকট না লুকিয়ে সত্য চিত্র তুলে ধরা প্রয়োজন। এই সংকট মোকাবিলায় সকলের শপথ নিতে হবে—যা বলিবো সত্য বলিবো। মিথ্যা বলিবো না।
লেখক: বার্তা প্রধান, সময় টিভি