যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের ৩০ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, মধ্য-পশ্চিমাঞ্চলে খামারি পর্যায়ে ডিমের দাম ডজনে দশমিক তিন পাঁচ ডলার বেড়ে ৩.৭৭ ডলার হয়েছে। আর ক্যালিফোর্নিয়ায় দশমিক পাঁচ তিন ডলার বেড়ে হয়েছে ৪.৩৪ ডলার। এজন্য অবশ্য কোনও খামারিকে অভিযুক্ত করেনি সরকার। কারণ, কৃষি বিভাগ জানে ডিমের দাম কেন বেড়েছে।
জীবনযাত্রার ব্যয়ের তথ্য নিয়ে কাজ করা ‘নামবিও’ (Numbeo) নামের একটি অনলাইন বলছে–বিশ্বের যেসব দেশে ডিমের দাম কম, তার মধ্যে বাংলাদেশ একটি। সুইজারল্যান্ডে দাম সবচেয়ে বেশি। ১০০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০০তম। অর্থাৎ বাংলাদেশ থেকে ৯৯টি দেশে ডিমের দাম বেশি। বাংলাদেশে পোলট্রি শিল্পের ব্যাপক বিকাশ হয়েছে। এ ব্যবসার সঙ্গে ৬০ লাখের মতো মানুষের জীবিকা জড়িত।
বাংলাদেশে ডিমের দাম কেন বেড়েছে এবং অন্যান্য দেশেও বা কেন এর দাম বেশি? দ্য ইকোনমিক টাইমস ২৮ জুন এক প্রতিবেদনে জানিয়েছে–পোলট্রি খামারের ফিডসহ প্রয়োজনীয় পণ্যের দামে লাগামহীন ঊর্ধ্বগতির কারণে ভারতে ডিমের দাম বেড়েছে।
বাংলাদেশসহ সারা বিশ্বেই এই বাস্তবতা। প্রতিটি দেশে ডিমের দাম আরও কিছু সময় ঊর্ধ্বমুখী থাকবে।
সারা বিশ্বের মূল্যস্ফীতির মূল কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। গম রফতানিকারক দেশগুলোর অন্যতম ইউক্রেন। কিন্তু যুদ্ধের কারণে দেশটির রফতানি বন্ধ হয়ে যায়। এর ফলে ভুট্টার দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। কারণ, গমের বিকল্প ভুট্টা। পোলট্রি খাদ্যের অন্যতম উপাদান এই ভুট্টা।
বিশ্বের অন্যতম তেল রফতানিকারক দেশ রাশিয়া রফতানির লাগাম টানার ফলে সারা বিশ্বে ডিজেলের দাম অনেক বেড়ে গেছে। এতে বিভিন্ন ক্ষেত্রে সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটে। অন্যান্য দেশের মতো বাংলাদেশও এর ভুক্তভোগী।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগস্টে ডিজেলের দাম বৃদ্ধির কারণে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ট্রাক ধর্মঘট হয়।
তখন যানবাহন সংকটের কারণে হঠাৎ ডিম সরবরাহে ব্যাঘাত ঘটে। তেলাপিয়া মাছসহ পচনশীল অনেক পণ্য পরিবহনে সমস্যা হয়। ডিজেলের দাম বৃদ্ধির কারণে শুধু ডিম নয়, পচনশীল অনেক পণ্যের দামই আকস্মিক বেড়ে যায়।
রাশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে তেল কেনার বিষয়ে সমঝোতা করেছে ভারত ও চীন। এক্ষেত্রে বাংলাদেশ থেকে বেশ সুবিধায় থাকবে দেশ দুটি।
আমাদের প্রধানমন্ত্রী সফলভাবে সব সমস্যা সামাল দিয়ে এগিয়ে যাচ্ছেন। এজন্য তিনি কৃতিত্বের দাবিদার। আমরা শ্রীলঙ্কা বা অন্যান্য দেশের পরিণতি এড়াতে পেরেছি।
বাংলাদেশিরা মাছ পছন্দ করে। ডিমের মতো একই কারণে মাছের দামও বেড়েছে। অল্প খরচে এখনও আমিষের সবচেয়ে ভালো উৎস ডিম। তাই, পোলট্রি শিল্পকে এগিয়ে নিতে, অবাস্তব কারণে উৎপাদকদের আইনি ঝামেলায় জড়ানোর পরিবর্তে ভর্তুকি দিয়ে সহায়তা করতে হবে।
লেখক: নিউ ইয়র্কে বসবাসরত সাবেক বিনিয়োগ ব্যাংকার।