ভোরের আলো ফুটলে একজন অভিভাবক যখন তার সন্তানের কোমল হাতটি ধরে নিশ্চিন্ত মনে বিদ্যালয়ের দিকে হেঁটে যান, কিংবা একজন সচেতন মানুষ যখন কোনও অজানা ভয় ছাড়াই জনসমক্ষে নিজের স্বাধীন মত প্রকাশ করেন— তখন তারা হয়তো সচরাচর খেয়াল করেন না যে, কোনও অদৃশ্য আইনি বলয় তাদের এই দৈনন্দিন অধিকারগুলোকে আগলে রাখছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭ অনুচ্ছেদে স্পষ্ট ঘোষণা রয়েছে—প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ। কিন্তু সংবিধানের সেই অমূল্য প্রতিশ্রুতি কেবল কাগজে মুদ্রিত উচ্চকিত শব্দমালায় সীমাবদ্ধ থাকে না— সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে তার সঠিক প্রতিফলন নিশ্চিত করতে নেপথ্যে সর্বদা ক্রিয়াশীল থাকে রাষ্ট্রযন্ত্রের একটি অত্যন্ত সুসংহত ও শৃঙ্খলাবদ্ধ অনুশাসন।
আমাদের প্রতিদিনের ব্যক্তিগত নিরাপত্তা, শিক্ষার মৌলিক সুযোগ, ব্যক্তিস্বাধীনতা কিংবা ন্যায়বিচার পাওয়ার অধিকার— এই সবকটি বিষয়ই পরিচালিত হয় রাষ্ট্রের সুনির্দিষ্ট কিছু প্রবিধান ও আইনি কাঠামোর মাধ্যমে। কিন্তু সাধারণ নাগরিকের জন্য প্রয়োজনীয় একটি স্বাধীন ভাবনা কীভাবে ধাপে ধাপে রাষ্ট্রের বাধ্যবাধকতামূলক বিধানে রূপ নেয়? নীতি, আইন, বিধি কিংবা মানদণ্ড—এদের কার্যকারিতা ও ক্ষমতার তারতম্যই বা কেমন? বাংলাদেশের প্রশাসনিক ও বিচারিক কাঠামোর দিকে নজর দিলে দেখা যায়— প্রতিটি রাষ্ট্রীয় দলিলের অর্পিত ক্ষমতার একটি সুনির্দিষ্ট স্তরক্রম রয়েছে। আর এই স্তরক্রমের শীর্ষবিন্দুতে অবস্থান করছে দেশের সংবিধান [অনুচ্ছেদ ১৫২(১)], যার মূল চেতনা থেকেই প্রাণরস সংগ্রহ করে বাকি সব আইনি দলিল।
রাষ্ট্রীয় এই রূপান্তরের প্রথম সূচনাটি ঘটে সরকারের উচ্চপর্যায়ের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং সামাজিক উদ্দেশ্য থেকে, যাকে শাসনতান্ত্রিক পরিভাষায় বলা হয় ‘নীতি’ বা পলিসি। ‘সচিবালয় নির্দেশমালা’ অনুসারে, নীতি হলো— মূলত কোনও বিশেষ ক্ষেত্র বা খাত সম্পর্কে সরকারের দীর্ঘমেয়াদি অঙ্গীকার ও সুদূরপ্রসারী আদর্শগত ঘোষণা। উদাহরণ হিসেবে দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রণীত ‘জাতীয় শিক্ষা নীতি’-র কথা বিবেচনা করা যেতে পারে।
কোনও দেশে হুট করে একটি শাস্তিযোগ্য আইন চাপিয়ে দেওয়ার বদলে নীতি দিয়ে কাজ শুরু করার যৌক্তিকতা হলো— রাষ্ট্র আগে প্রকাশ করতে চায়, সে তার সমাজকে কোন দর্শনে গড়ে তুলতে চায়। এই দলিলটি সমাজের সামনে অঙ্গীকার ব্যক্ত করে যে প্রতিটি শিশুর জন্য বৈষম্যহীন শিক্ষা সুনিশ্চিত করা রাষ্ট্রের মূল দায়িত্ব, যা মূলত দুটি মৌলিক প্রশ্নের নিষ্পত্তি ঘটায়— একটি নির্দিষ্ট খাতে রাষ্ট্র ঠিক কী অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ, এবং তা অর্জনের কারণটি ঠিক কী।
তবে সাধারণ নাগরিকের পরিষ্কারভাবে জানা প্রয়োজন যে নীতি কেবলই একটি দৃষ্টিভঙ্গি বা দিকনির্দেশক চিন্তা— এর নিজের কোনও সরাসরি আইনি প্রয়োগক্ষমতা নেই। কোনও নীতি লঙ্ঘিত হওয়ার অজুহাতে কোনও নাগরিক আদালতের শরণাপন্ন হয়ে মামলা ঠুকে দিতে পারেন না, কিংবা রাষ্ট্রও কাউকে সরাসরি শাস্তি দিতে পারে না। নীতির সেই কল্যাণকামী ভাবধারাকে বাস্তবে নামিয়ে আনার জন্য যে সুনির্দিষ্ট কর্মপদ্ধতির প্রয়োজন হয়, সেটিকে বলা হয় ‘কৌশল’ বা স্ট্র্যাটেজি।
নীতি যদি হয় অভীষ্ট লক্ষ্য বা গন্তব্য, কৌশল হলো সেখানে পৌঁছানোর বাস্তবমুখী সুনির্দিষ্ট পথনকশা। নীতি যেখানে ‘কী’ এবং ‘কেন’-র জবাব দেয়, কৌশল সেখানে পথ দেখায় ঠিক কীভাবে এবং কোন নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাপ্ত সম্পদ ও সুযোগ ব্যবহার করে তা অর্জিত হবে। শিক্ষানীতির লক্ষ্য পূরণে প্রস্তুতকৃত পাঁচ বছর মেয়াদি শিক্ষা উন্নয়ন কৌশলপত্রটি এর চমৎকার উদাহরণ।
একটি মহৎ-নীতি ও কৌশলপত্র রাষ্ট্রকে অগ্রগতির সুনির্দিষ্ট দিকনির্দেশ দেয় ঠিকই, কিন্তু নাগরিকের অধিকার রক্ষায় যখন সর্বজনীন আইনি বাধ্যবাধকতা তৈরি করা আবশ্যক হয়ে পড়ে—যাতে কেউ কারও অধিকার ক্ষুণ্ন করলে রাষ্ট্র প্রতিবিধান নিতে পারে—তখন সূচনা ঘটে ‘আইন’-এর। সাধারণ মানুষের মনে প্রায়শই একটি প্রশ্ন জাগে—সাধারণ পরিভাষায় ‘আইন’ এবং জাতীয় সংসদে পঠিত ও পাস হওয়া ‘সংবিধি’ বা ‘অ্যাক্ট’ -এর ভেতর মূল পার্থক্য কোথায়?
প্রকৃতপক্ষে, ‘আইন’ একটি বিশাল ও পরিব্যাপ্ত ধারণা, আর ‘অ্যাক্ট’ হলো সেই ধারণার একটি নির্দিষ্ট লিখিত কাঠামো। সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে ‘আইন’ বলতে বোঝায়— সংবিধান, জাতীয় সংসদ কর্তৃক প্রণীত আইন, রাষ্ট্রপতির অধ্যাদেশ, সংবিধিবদ্ধ বিধি-প্রবিধান, উচ্চ আদালতের রায় এবং দীর্ঘদিনের প্রচলিত আইনি প্রথা।
অপরদিকে, ‘অ্যাক্ট’ বা সংবিধি হলো—নির্দিষ্ট কোনও বিষয়কে কেন্দ্র করে জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে পঠিত, আলোচিত ও সর্বসম্মতিক্রমে অনুমোদিত লিখিত আইনি দলিল। যেমন—সব শিশুর মৌলিক শিক্ষা নিশ্চিত করার তাগিদে সংবিধানের ৬৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় সংসদ যখন ‘প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলক) আইন’ প্রণয়ন করে, তখন তা আর কেবল সরকারের ইচ্ছার প্রকাশ থাকে না। এটি দেশের প্রতিটি নাগরিকের জন্য পালনীয় একটি অলঙ্ঘনীয় কর্তব্যে রূপান্তরিত হয়, যার কোনও ব্যত্যয় ঘটলে রাষ্ট্র আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে।
আইনকে নীতি বা কৌশলের মতো নমনীয় না রেখে এভাবে বাধ্যতামূলক করার মূল যুক্তি হলো—নাগরিকের মৌলিক অধিকারকে যেন কেবল প্রশাসনিক সদিচ্ছার ওপর ছেড়ে না দিয়ে রাষ্ট্রের আইনি সুরক্ষায় স্থায়ীভাবে বাঁধা যায়।
জাতীয় সংসদে একটি পরিপূর্ণ সংবিধি বা আইন পাস হওয়ার আইনি প্রক্রিয়াক্রটি অত্যন্ত দীর্ঘ এবং এটি সর্বোচ্চ গণতান্ত্রিক স্বচ্ছতার ওপর প্রতিষ্ঠিত। জাতীয় সংসদের ‘কার্যপ্রণালী বিধি’ অনুসারে আইন প্রণয়ন যাত্রাটি মূলত কয়েকটি ধারাবাহিক ধাপে সম্পন্ন হয়ে থাকে।
প্রথমত, সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় খসড়া তৈরি করে এবং আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ শাখা থেকে সেটির আইনি পরিমার্জন বা ‘ভেটিং’ সম্পন্ন করে মন্ত্রিসভার অনুমোদন নেওয়া হয়। দ্বিতীয়ত, মন্ত্রী মহোদয় সংসদে বিলটি উত্থাপন করেন, যা ‘প্রথম পাঠ’ হিসেবে গণ্য হয় এবং গেজেটে প্রজ্ঞাপিত হয়। তৃতীয়ত, সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী বিলটি গভীর পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরিত হয়। এখানে স্থায়ী কমিটিতে বিশেষজ্ঞদের মতামত ও প্রকাশ্য পর্যালোচনার যৌক্তিকতা হলো— তড়িঘড়ি করে তৈরি আইনে যেন জনস্বার্থবিরোধী বা সাংবিধানিক ত্রুটি থেকে না যায়।
পরবর্তী ধাপে সংসদে অনুষ্ঠিত হয় ‘দ্বিতীয় পাঠ’, যেখানে বিলটির প্রতিটি ধারার ওপর সংসদ সদস্যদের সুচিন্তিত আলোচনা ও পৃথকভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অতঃপর ‘তৃতীয় পাঠ’-এর মাধ্যমে সংসদে উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠের সমর্থনে বিলটি চূড়ান্তভাবে গৃহীত ও পাস হয়।
সংবিধানের ৮০ অনুচ্ছেদ অনুযায়ী পাস হওয়া বিলটি রাষ্ট্রপতির সম্মতির জন্য প্রেরিত হলে তিনি ১৫ দিনের মধ্যে তাতে সম্মতি দান করেন। রাষ্ট্রপতি পুনর্বিবেচনার নির্দেশ দিলে সংসদ তা পুনরায় পাস করলে ৭ দিনের মধ্যে তিনি সম্মতি দিতে বাধ্য থাকেন [অনুচ্ছেদ ৮০(৪)]। তবে রাজস্ব সংক্রান্ত ‘অর্থবিল’ [অনুচ্ছেদ ৮১] পুনর্বিবেচনার সুযোগ থাকে না এবং সংসদ না থাকলে জরুরি প্রয়োজনে রাষ্ট্র পরিচালনা সচল রাখতে রাষ্ট্রপতি ‘অধ্যাদেশ’ [অনুচ্ছেদ ৯৩] জারি করতে পারেন।
জাতীয় সংসদ একটি মৌলিক আইন পাসের মাধ্যমে সার্বিক আইনি পরিমণ্ডলটি তৈরি করে দেয়, কিন্তু দৈনন্দিন প্রশাসনিক কার্যপ্রক্রিয়া কীভাবে পরিচালিত হবে, তা বিস্তারিতভাবে আইনের ধারায় লিখে রাখা সংসদের পক্ষে সম্ভব হয় না। সংসদীয় সময়ের সীমাবদ্ধতা এবং মাঠপর্যায়ের প্রযুক্তিগত পরিবর্তনের সাথে দ্রুত খাপ খাওয়াতেই সংসদ মূল আইনের ভেতরেই বিশেষ বিধান রেখে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংস্থাকে বিস্তারিত বিধিমালা প্রণয়নের অধিকার অর্পণ করে। ‘জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭’-এর আওতায় অর্পিত এই ক্ষমতার ভিত্তিতে তৈরি হয় ‘বিধি’ এবং ‘প্রবিধান’। তবে এখানে একটি প্রধান সাংবিধানিক যুক্তি কাজ করে—কোনও অধস্তন বিধিমালা মূল আইনের এখতিয়ার অতিক্রম করতে পারে না। নির্বাহী বিভাগ যাতে সংসদকে এড়িয়ে স্বৈরাচারী নিয়ম চাপাতে না পারে, সেজন্যই সংবিধানের ১০২ অনুচ্ছেদ বলে উচ্চ আদালত এমন অতিরিক্ত বিধি সরাসরি বাতিল করার সুযোগ রাখে।
আইনি শাসন ব্যবস্থার একেবারে মাঠপর্যায়ে বাস্তবায়নের সুবিধার্থে অবস্থান করে দুটি উপাদান—‘দিকনির্দেশনা’ এবং ‘মানদণ্ড’। দেখতে কাছাকাছি মনে হলেও এদের আইনি বাধ্যবাধকতা ও যুক্তিতে রয়েছে গুণগত ব্যবধান। দিকনির্দেশনা হলো—মূলত কার্যসম্পাদনের সুবিধার্থে প্রণীত একটি পরামর্শমূলক রূপরেখা, যা নমনীয়; কারণ স্থানীয় বাস্তবতা ও বাজেটের ভিন্নতাকে ছাড় দেওয়ার প্রশাসনিক প্রয়োজন পড়ে। যেমন, শিশুবান্ধব বিদ্যালয় কাঠামোর দিকনির্দেশনায় শ্রেণিকক্ষ আলো-বাতাসযুক্ত রাখা প্রশংসনীয়, কিন্তু না মানলে বিদ্যালয় বন্ধ হয়ে যায় না। অপরদিকে ‘মানদণ্ড’ কোনও ঐচ্ছিক পরামর্শ নয়, বরং সুনির্দিষ্ট বাধ্যতামূলক পরিমাপক। কারণ জনসুরক্ষা ও মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে কোনও ছাড় দেওয়ার সুযোগ নেই—তাই ভবনের ভূকম্পন সহনশীলতা বা ছাত্র-শিক্ষক অনুপাতের নির্দিষ্ট গাণিতিক মাত্রা অমান্য করলে তা অবিলম্বে শাস্তিযোগ্য ও আইনগতভাবে অবৈধ ঘোষিত হয়।
একটি সচল ও কল্যাণমুখী রাষ্ট্রে নাগরিক অধিকার অক্ষুণ্ণ রাখার নেপথ্যে শাসনতন্ত্রের এই আইনি স্তরক্রম নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে। দূরদর্শী রাজনৈতিক চিন্তাভাবনা (নীতি) থেকে শুরু করে সময়োপযোগী কর্মপরিকল্পনা (কৌশল), সংসদের মাধ্যমে জন্ম নেওয়া বাধ্যবাধকতা (আইন), প্রয়োগের প্রশাসনিক প্রক্রিয়া (বিধি) এবং মাঠপর্যায়ের অবিকল্প মাপকাঠি (মানদণ্ড)—প্রতিটি অনুশাসনের রয়েছে সুনির্দিষ্ট রূপ, যুক্তি ও গুরুত্ব। দেশের সাধারণ জনগণ যখন গভীরভাবে অনুধাবন করতে পারেন যে তাদের যেকোনও একটি মানবিক দাবি কীভাবে রাজনৈতিক ইচ্ছা থেকে শুরু করে সুনির্দিষ্ট আইন ও মানদণ্ডে পরিণত হয়ে তাঁদের অধিকার সুসংহত করে, তখন রাষ্ট্র পরিচালনায় জনগণের সত্যিকার স্বত্ব প্রতিষ্ঠিত হয়, এবং সুসংহত হয় নাগরিক জীবনের প্রকৃত নিরাপত্তা ও মর্যাদা।
লেখক: একজন আইন গবেষক এবং উন্নয়নকর্মী