কপ ৩১ সম্মেলনে বাংলাদেশ: প্রত্যাশা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ 

জলবায়ু পরিবর্তন এখন আর কেবল পরিবেশগত সমস্যা নয়। এটি অর্থনীতি, খাদ্যনিরাপত্তা, জনস্বাস্থ্য, দারিদ্র্য এবং উন্নয়ন পরিকল্পনার সঙ্গে গভীরভাবে যুক্ত। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য এর প্রভাব আরও ব্যাপক। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান অত্যন্ত সামান্য। এই বাস্তবতায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ-৩১) বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পরিসরে নিজেদের দাবি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন দিনের সরকারি সফরে তুরস্কে  গেছেন। ১২ নভেম্বর আন্তালিয়ায় বিশ্বনেতাদের অধিবেশনে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। বাংলাদেশের জন্য এই সফরের গুরুত্ব শুধু আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং জলবায়ু ন্যায্যতা, অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা আদায়ের সুযোগ হিসেবেও একে বিবেচনা করা প্রয়োজন।

ভৌগোলিক অবস্থান, ঘন জনবসতি, নদীনির্ভর জীবনব্যবস্থা এবং কৃষির ওপর নির্ভরতার কারণে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, খরা, তাপপ্রবাহ এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি মানুষের জীবন ও জীবিকার ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করছে। এসব সমস্যার প্রভাব শুধু উপকূলীয় এলাকায় সীমাবদ্ধ নয়। উত্তরাঞ্চলের খরা, হাওরাঞ্চলের আকস্মিক বন্যা এবং শহরাঞ্চলের তাপপ্রবাহও বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর তুলনামূলকভাবে বেশি পড়ে। কৃষক, জেলে, দিনমজুর, নারী এবং নিম্ন আয়ের মানুষের অভিযোজনের সক্ষমতা সীমিত। ফলে জলবায়ু সংকট শুধু পরিবেশগত নয়, সামাজিক ন্যায়বিচারের প্রশ্নও। বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা (২০২৩-২০৫০) অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ১১৩টি উদ্যোগ চিহ্নিত করা হয়েছে। এগুলো বাস্তবায়নে ২০৫০ সাল পর্যন্ত আনুমানিক ২৩০ বিলিয়ন মার্কিন ডলারন প্রয়োজন হবে। এই হিসাব থেকেই বোঝা যায়, জলবায়ু পরিবর্তন মোকাবিলা বাংলাদেশের জন্য কত বড় অর্থনৈতিক ও উন্নয়নগত চ্যালেঞ্জ।

আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলন ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলবে। তুরস্ক সম্মেলনের আয়োজক দেশ এবং অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক আলোচনার নেতৃত্ব দিচ্ছে। এবারের সম্মেলনের অন্যতম চ্যালেঞ্জ হলো— পূর্ববর্তী সম্মেলনগুলোতে গৃহীত প্রতিশ্রুতিকে বাস্তব পদক্ষেপে রূপান্তর করা। বাংলাদেশের পক্ষ থেকে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন বৃদ্ধি, অভিযোজন কার্যক্রমে সহায়তা এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর অর্থায়নের দাবি জানানো হতে পারে।

জলবায়ু তহবিলের আবেদন ও অনুমোদন প্রক্রিয়া সহজ করার বিষয়টিও গুরুত্বপূর্ণ। এই অবস্থান যথার্থ। কারণ জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের দায় সীমিত হলেও এর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে। তাই উন্নত ও অধিক নির্গমনকারী দেশগুলোর ঐতিহাসিক দায় এবং আর্থিক সক্ষমতার ভিত্তিতে দায়িত্ব পালনের বিষয়টি আন্তর্জাতিক আলোচনায় গুরুত্ব পাওয়া প্রয়োজন।

২০২৪ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ সম্মেলনে উন্নত দেশগুলো ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের লক্ষ্য গ্রহণ করে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি উৎস মিলিয়ে বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার অর্থায়ন সংগ্রহের প্রচেষ্টা জোরদারের কথা বলা হয়। তবে, অর্থায়নের পরিমাণের পাশাপাশি এর ধরনও গুরুত্বপূর্ণ। অর্থের বড় অংশ ঋণ হিসেবে দেওয়া হলে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণের বোঝা আরও বাড়তে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে আবার সেই ক্ষতি মোকাবিলার জন্য ঋণ নিতে হওয়া ন্যায়সংগত নয়। তাই অভিযোজন, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন, উপকূলীয় অবকাঠামো এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবিকা পুনর্গঠনে অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করা জরুরি।

জলবায়ু পরিবর্তনের কিছু ক্ষতি শুধু অভিযোজনের মাধ্যমে মোকাবিলা করা সম্ভব নয়। নদীভাঙনে বসতভিটা হারানো, লবণাক্ততার কারণে কৃষিজমির উৎপাদনক্ষমতা কমে যাওয়া কিংবা ঘূর্ণিঝড়ে দীর্ঘমেয়াদি জীবিকা হারানো এর উদাহরণ। এসব ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে লস অ্যান্ড ড্যামেজ বা ক্ষয়ক্ষতি তহবিল প্রতিষ্ঠিত হয়েছে। তবে, তহবিল প্রতিষ্ঠাই যথেষ্ট নয়।

ক্ষতিগ্রস্ত দেশগুলো কত দ্রুত এবং সহজে অর্থ পাবে, তার ওপর এর কার্যকারিতা নির্ভর করবে। বাংলাদেশের উচিত এই তহবিল থেকে অনুদান পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং বাস্তুচ্যুতি, সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক বন্ধন হারানোর মতো অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতিকেও গুরুত্ব দেওয়ার দাবি জানানো।

আন্তর্জাতিক পর্যায়ে জোরালো দাবি জানানোর পাশাপাশি দেশের অভ্যন্তরে জলবায়ু ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানো প্রয়োজন। বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা এবং বদ্বীপ পরিকল্পনা ২১০০-এর মতো দীর্ঘমেয়াদি নীতিমালা রয়েছে। এখন বড় চ্যালেঞ্জ হলো এসব পরিকল্পনার কার্যকর বাস্তবায়ন, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা।

বিশেষ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে জলবায়ু অভিযোজন কার্যক্রমের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করতে হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের পরিকল্পনা ও বাজেটে জলবায়ু ঝুঁকির বিষয়টি অন্তর্ভুক্ত করা জরুরি। একই সঙ্গে নারী, প্রতিবন্ধী ব্যক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জলবায়ু তহবিলের অর্থ কোথায় ব্যয় হচ্ছে— কারা উপকৃত হচ্ছে এবং প্রকল্পগুলো কতটা কার্যকর হচ্ছে, তার নিয়মিত মূল্যায়ন ও প্রকাশও প্রয়োজন। স্বচ্ছতা ও জবাবদিহি আন্তর্জাতিক অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের বিশ্বাসযোগ্যতা বাড়াবে।

বাংলাদেশের জলবায়ু কূটনীতিতে এলডিসি উত্তরণের বিষয়টিও গুরুত্বপূর্ণ। জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে। এই অতিরিক্ত সময় অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি জোরদারের সুযোগ তৈরি করেছে। তবে এলডিসি থেকে উত্তরণ মানেই জলবায়ু ঝুঁকি কমে যাওয়া নয়। অর্থনৈতিক অগ্রগতি সত্ত্বেও বাংলাদেশের ভৌগোলিক ও পরিবেশগত ঝুঁকি বহাল থাকবে। তাই জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে শুধু অর্থনৈতিক অবস্থান নয়, সংশ্লিষ্ট দেশের প্রকৃত ঝুঁকি ও অভিযোজনের প্রয়োজন বিবেচনা করা জরুরি।

প্রধানমন্ত্রীর এই সফর থেকে তাৎক্ষণিক বড় ধরনের আর্থিক প্রাপ্তির প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়। আন্তর্জাতিক জলবায়ু আলোচনা দীর্ঘমেয়াদি দর-কষাকষি ও বহুপক্ষীয় সমঝোতার ওপর নির্ভরশীল। তবে অভিযোজন অর্থায়ন বৃদ্ধির বিষয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি অর্জন, ক্ষয়ক্ষতি তহবিল থেকে অর্থ পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং জলবায়ু প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানিতে দ্বিপক্ষীয় সহযোগিতার সুযোগ সৃষ্টি করা সম্ভব। এ ক্ষেত্রে স্বল্পোন্নত দেশগুলোর জোট এবং জি-৭৭ ও চীনের সঙ্গে সমন্বিত অবস্থান বাংলাদেশের কূটনৈতিক শক্তি বাড়াতে পারে।

এককভাবে দাবি জানানোর চেয়ে সম্মিলিত অবস্থান অনেক বেশি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কপ-৩১ সফর বাংলাদেশের জলবায়ু কূটনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তবে এর গুরুত্ব শুধু আন্তর্জাতিক মঞ্চে দেওয়া বক্তব্য কিংবা বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। বরং জলবায়ু অর্থায়ন, প্রযুক্তিগত সহযোগিতা এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় কতটা কার্যকর সমর্থন অর্জন করা যায়, সেটিই হবে মূল বিবেচ্য বিষয়।

বাংলাদেশকে একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু ন্যায্যতা ও অনুদানভিত্তিক অর্থায়নের দাবি জোরালো করতে হবে এবং দেশের অভ্যন্তরে পরিকল্পনা বাস্তবায়ন, স্থানীয় পর্যায়ের অংশগ্রহণ ও আর্থিক জবাবদিহি নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজন শুধু আন্তর্জাতিক সহানুভূতি নয়, বরং ন্যায্য অধিকারভিত্তিক সহযোগিতা। আন্তালিয়ার সম্মেলন সেই সহযোগিতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

লেখক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর