রাজনীতি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের জীবন বিপন্ন করার জন্য নয়। অথচ বাংলাদেশে আবারও ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা জনমনে আতঙ্ক তৈরি করছে। কারা এসব ঘটনার পেছনে, তা নিয়ে রাজনৈতিক অভিযোগ-পাল্টা অভিযোগ রয়েছে। পুলিশের অভিযোগের আঙুল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর দিকে। তবে অভিযোগ আর অপরাধ প্রমাণ এক বিষয় নয়। অপরাধীর পরিচয় নির্ধারিত হতে হবে তদন্ত ও প্রমাণে, রাজনৈতিক বক্তব্যে নয়। একইসঙ্গে প্রশ্ন উঠছে—নাগরিকের জানমাল রক্ষায় রাষ্ট্রের প্রস্তুতি কোথায়?
বাংলাদেশ কি আবারও সেই পুরোনো রাজনৈতিক দুঃস্বপ্নে ফিরছে? রাস্তায় আগুন, বিস্ফোরণের শব্দ, পুড়ে যাওয়া বাস, আতঙ্কিত যাত্রী—সাম্প্রতিক ঘটনাগুলো স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতির কোনো লক্ষণ নয়। ১০ নভেম্বর পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজায় অবরোধ, ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় বাসে আগুন ও বিস্ফোরণের খবরও এসেছে। ফরিদপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত চালকের মৃত্যু পরিস্থিতির নির্মমতা আরও স্পষ্ট করেছে। রাজনৈতিক উত্তেজনার মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে, কখনো জীবন দিয়ে।
পুলিশ এসব ঘটনার সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ তুলেছে। কোথাও গ্রেফতার, কোথাও অভিযান চলছে। কিন্তু তদন্তের মূল প্রশ্নগুলো এখনো গুরুত্বপূর্ণ— কারা বিস্ফোরণ ঘটাচ্ছে, কারা আগুন দিচ্ছে, কার নির্দেশে এসব হচ্ছে, অর্থ ও পরিকল্পনার উৎস কোথায়? এসবের উত্তর বের করতে হবে নিরপেক্ষ তদন্তে। রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে অপরাধী বানানো যাবে না; আবার রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধীদের রেহাই দেওয়াও চলবে না।
এখানে সরকারের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ১০ নভেম্বর প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা সাম্প্রতিক সহিংসতা ঠেকাতে সরকারের আংশিক ব্যর্থতার কথা স্বীকার করেছেন। এই স্বীকারোক্তি গুরুত্বপূর্ণ।
তবে স্বীকারোক্তির চেয়ে জরুরি হলো, সেই ব্যর্থতা কাটিয়ে ওঠার কার্যকর উদ্যোগ। গোয়েন্দা সংস্থা, পুলিশ ও প্রশাসনের এত আয়োজনের পরও কীভাবে একের পর এক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে? বাসে আগুন দিতে দাহ্য পদার্থ সংগ্রহ, ককটেল তৈরি, লোক জড়ো করা এবং পরিকল্পনা বাস্তবায়ন, এসব কি কোনো আগাম সংকেত ছাড়াই ঘটে? নাকি নিরাপত্তাব্যবস্থার কোথাও বড় ধরনের ফাঁক রয়ে গেছে?
ঘটনার পর পুলিশ মোতায়েন, চেকপোস্ট ও অভিযান বাড়ানো প্রয়োজন। কিন্তু প্রতিটি বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদারের ঘোষণা শুনতে হলে নাগরিকের মনে প্রশ্ন জাগবেই, নিরাপত্তাব্যবস্থা কি অপরাধ ঠেকানোর জন্য, নাকি অপরাধ ঘটে যাওয়ার পর সক্রিয় হওয়ার জন্য?
সরকারের দায়িত্ব শুধু মামলা, গ্রেফতার ও অভিযানের হিসাব দেওয়া নয়; নাগরিককে নিরাপদ রাখাও তার মৌলিক দায়িত্ব। আগাম তথ্য পেয়েও ব্যবস্থা নিতে না পারলে সেটি প্রশাসনিক ব্যর্থতা। আর আগাম তথ্যই না পেলে প্রশ্ন উঠবে— গোয়েন্দা ব্যবস্থার সক্ষমতা নিয়ে। দুই ক্ষেত্রেই জবাবদিহি জরুরি।
তবে নিরাপত্তার নামে নির্বিচারে গ্রেফতার, হয়রানি কিংবা রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের চেষ্টা সমাধান নয়। অপরাধীকে শনাক্ত করতে হবে, নিরপরাধকে নয়। আইন প্রয়োগ করতে হবে, রাজনৈতিক প্রতিশোধ নেওয়া যাবে না। অন্যথায়, সহিংসতা ঠেকানোর নামে নতুন অসন্তোষ তৈরি হবে।
গণতন্ত্রে সরকারের সমালোচনা, সমাবেশ, মিছিল, মানববন্ধন, অবরোধ— এসবই রাজনৈতিক কর্মসূচির অংশ হতে পারে। কিন্তু কোনো কর্মসূচিই বাসে আগুন দেওয়া, ককটেল ছোড়া, অ্যাম্বুলেন্স আটকে রাখা কিংবা সাধারণ মানুষের চলাচল ও জীবিকা বিপন্ন করার অনুমতি দেয় না।
একটি মিছিল সরকারের নীতির বিরুদ্ধে হতে পারে; কিন্তু সেই মিছিল থেকে কোনো যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার অধিকার জন্মায় না। অবরোধ রাজনৈতিক কর্মসূচি হতে পারে; কিন্তু তা জরুরি সেবা বন্ধ করার ছাড়পত্র নয়। ককটেল ছুড়ে আতঙ্ক সৃষ্টি করা রাজনৈতিক বক্তব্য নয়, সরাসরি অপরাধ।
সহজ কথায়, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ গণতন্ত্র; সাধারণ মানুষের বিরুদ্ধে সহিংসতা অপরাধ। অথচ আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এক অদ্ভুত দ্বিচারিতা প্রতিষ্ঠিত হয়েছে। নিজের দলের কর্মীরা সহিংসতা করলে সেটি ‘আন্দোলনের উত্তাপ’, আর প্রতিপক্ষের কর্মীরা করলে ‘নাশকতা’। ক্ষমতায় থাকলে বিরোধীদের কর্মসূচি বিশৃঙ্খলা, বিরোধী অবস্থানে থাকলে নিজেদের কর্মসূচি গণতান্ত্রিক অধিকার। এই সুবিধাবাদী ব্যাখ্যার নাম রাজনীতি হতে পারে, গণতন্ত্র নয়।
গণতান্ত্রিক অধিকার কোনো দলের একচেটিয়া সম্পত্তি নয়। যে অধিকার নিজের দলের জন্য দাবি করা হবে, প্রতিপক্ষের জন্যও তা স্বীকার করতে হবে। একইভাবে, যে সহিংসতার নিন্দা প্রতিপক্ষের বেলায় করা হবে, নিজের দলের কেউ ঘটালেও তার বিরুদ্ধে একই অবস্থান নিতে হবে। বোমা কার হাতে, তা তদন্তের বিষয়; কিন্তু বোমা বিস্ফোরণ যে অপরাধ, তা বুঝতে দলীয় পরিচয়ের প্রয়োজন হয় না।
রাজনৈতিক দলগুলোর কাছে প্রশ্ন,আপনারা জনগণের সমর্থন চান, নাকি জনগণকে ভয় দেখিয়ে নিজেদের শক্তি প্রমাণ করতে চান? মানুষের বাস পুড়িয়ে, রাস্তা বন্ধ করে, জীবিকা বিপন্ন করে কোনো আন্দোলন জনসমর্থন অর্জন করে না। বরং রাজনীতির প্রতি মানুষের আস্থা আরও ক্ষয়ে যায়।
দেশের অর্থনীতি এমনিতেই চাপের মধ্যে। মূল্যস্ফীতি মানুষের ক্রয়ক্ষমতা কমিয়েছে, বিনিয়োগে অনিশ্চয়তা রয়েছে, ব্যাংকিং খাত দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি, কর্মসংস্থান ও উৎপাদন বাড়ানোও বড় চ্যালেঞ্জ। বিশ্বব্যাংকের ২০২৬ সালের অক্টোবরের মূল্যায়নেও প্রবৃদ্ধির ধীরগতি, উচ্চ মূল্যস্ফীতি, আর্থিক খাতের দুর্বলতা ও বিনিয়োগের স্থবিরতার কথা উঠে এসেছে।
এমন পরিস্থিতিতে রাজনৈতিক সহিংসতা অর্থনীতির ওপর বাড়তি বোঝা চাপায়। একটি বাস পুড়লে শুধু একটি যানবাহন নষ্ট হয় না; ক্ষতিগ্রস্ত হন মালিক, চালক, সহকারী, তাঁদের পরিবার এবং যাত্রীরা। সড়ক অবরোধে পণ্য পরিবহন ব্যাহত হয়, ব্যবসার সময় ও অর্থ নষ্ট হয়, শ্রমিকের আয় কমে, রোগী হাসপাতালে পৌঁছাতে পারেন না।
বিনিয়োগকারীর কাছেও দেশের স্থিতিশীলতা নিয়ে নেতিবাচক বার্তা যায়। যে দেশে নতুন বিনিয়োগ, কর্মসংস্থান ও উৎপাদন বাড়ানো জরুরি, সেখানে অস্থিরতা তৈরি করা অর্থনীতির পায়ে কুড়াল মারার শামিল। রাজনৈতিক নেতাদের কাছে ক্ষমতার হিসাব বড় হতে পারে; কিন্তু একজন রিকশাচালকের কাছে দিনের আয়, ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে দোকান খোলা রাখা, আর একজন চাকরিজীবীর কাছে নিরাপদে কর্মস্থলে পৌঁছানোই বাস্তবতা। তাঁদের জীবন কোনো রাজনৈতিক দলের শক্তি প্রদর্শনের মঞ্চ নয়।
বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের প্রয়োজন বাস্তবভিত্তিক রাজনৈতিক উদ্যোগ। মত প্রকাশ ও শান্তিপূর্ণ কর্মসূচির অধিকার নিশ্চিত করতে হবে, রাজনৈতিক বিরোধ মোকাবিলায় সংলাপ ও সমঝোতার পথ খোলা রাখতে হবে। একইসঙ্গে সহিংসতার প্রতিটি ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত জরুরি। কারা বিস্ফোরণ ঘটাচ্ছে, কারা যানবাহনে আগুন দিচ্ছে, কারা অর্থ ও নির্দেশনা জোগাচ্ছে—তদন্তে পাওয়া তথ্য প্রমাণসহ প্রকাশ করতে হবে। অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।
রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব কম নয়। শুধু প্রতিপক্ষের সহিংসতার নিন্দা করে নিজের পক্ষের অপরাধ আড়াল করলে দায়িত্বশীলতার দাবি অর্থহীন হয়ে পড়ে। প্রতিটি দলকে নিজেদের কর্মী-সমর্থকদের সহিংসতা থেকে বিরত রাখার স্পষ্ট অবস্থান নিতে হবে। রাজনৈতিক বিরোধ থাকবে, ক্ষমতার প্রতিযোগিতা থাকবে, আন্দোলনও হবে; কিন্তু সেই লড়াইয়ের ভাষা হওয়া উচিত যুক্তি, কর্মসূচি ও জনসমর্থন—ককটেল, পেট্রলবোমা কিংবা অগ্নিসংযোগ নয়।
যাঁরা মনে করেন, কয়েকটি বাসে আগুন দিলে, কিছু সড়ক বন্ধ করলে কিংবা আতঙ্ক ছড়ালে সরকারকে চাপে ফেলা যাবে, তাঁরা ভুলে যান—এই আগুনে পুড়ছে তাঁদের সম্ভাব্য সমর্থক, সাধারণ মানুষের সম্পদ এবং দেশের অর্থনীতি।
রাজনৈতিক দাবার বোর্ডে জনগণ কোনো ঘুঁটি নয়, যাঁদের প্রয়োজন মতো বলি দেওয়া যাবে। দেশ কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি নয়। রাষ্ট্র কোনো দলের প্রতিশোধ নেওয়ার যন্ত্র নয়। আর জনগণ কোনো রাজনৈতিক কর্মসূচির জ্বালানি নয়। যাঁরা বিস্ফোরণের শব্দকে রাজনীতির ভাষা বানাতে চান, তাঁদের বোঝা উচিত— ভয় দেখিয়ে সাময়িক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়, মানুষের আস্থা অর্জন করা যায় না। একইভাবে, যে সরকার নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তার স্থিতিশীলতা ও সুশাসনের প্রতিশ্রুতিও প্রশ্নের মুখে পড়ে।
দেশের মানুষ নতুন কোনো রাজনৈতিক সংঘাত চান না। তাঁরা চান নিরাপদ সড়ক, নির্বিঘ্নে চলাচল, স্বাভাবিক ব্যবসা- বাণিজ্য, কর্মসংস্থান এবং শান্তিতে বেঁচে থাকার নিশ্চয়তা। রাজনীতির লড়াই রাজনীতির মাঠেই হোক, রাস্তায় নয়; প্রতিপক্ষের সঙ্গে লড়াই হোক যুক্তিতে, বোমায় নয়। কারণ, ক্ষমতার পালাবদল হয়, সরকার বদলায়, রাজনৈতিক দলও বদলায়— কিন্তু পুড়ে যাওয়া বাস, হারিয়ে যাওয়া প্রাণ আর ক্ষতিগ্রস্ত অর্থনীতির মূল্য শেষ পর্যন্ত দিতে হয় পুরো দেশকেই।