দেশের উন্নয়ন-উন্নয়ন কপচিয়ে সারাদিন মুখে ফেনা তুলে ফেলছি, অনেক স্বপ্নই দেখাচ্ছি। দেশ উন্নত হবে, উ-উচ্চ আয়ের অর্থনীতি হবে, ব্যবসা-বাণিজ্য বাড়ানোর জন্যে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। এসব নিয়ে আহা-ইহি-উহু সারাদিন, সারা বছর চলছে।
কিন্তু তেমন কিছু হচ্ছে না। হচ্ছে যে না, তা আমি এবং আমরা বাল্যকাল থেকে দেখছি। তবে কষ্ট হয় যখন দেখি— কিছু মানুষদের কথা আমরা বেমালুম ভুলে গিয়ে তাদেরকে অর্থনীতিতে অন্তর্ভুক্ত করছি না।
হ্যা, আমি প্রতিবন্ধীব্যক্তিদের কথা বলছি। আমাদের দেশের মানুষদের মধ্যে কতজন প্রতিবন্ধী ব্যক্তি, তা আমরা এখনো জানি না। যতটুকু জানি, তা নিয়ে আমরা কতটা কাজ করেছি, সেটাও আমরা ঠিকমতো জানি না। এই মানুষেরা যদি শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত থাকেন, তাহলে বলতেই হয় যে, আমরা আমাদের অর্থনীতির পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে পারছি না।
আমরা এখনও প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের জন্যে কিছু করাকে করুণা, সহানুভূতি কিংবা সামাজিক দায়িত্বের অংশ হিসেবে দেখি। আমার কাছে মনে হয়, এটা একটা অর্থনৈতিক, মানবসম্পদ এবং উন্নয়নের বিষয় হিসেবে সম্পৃক্ত করা উচিত।
একজন প্রতিবন্ধী ব্যক্তি যদি কাজ করতে চান এবং পারেন, আয় করার সক্ষমতা রাখেন এবং নিজের বা নিজের পরিবারের দায়িত্ব নিতে চান এবং পারেন, তাহলে তাকে আমাদের সিরিয়াসলি নেয়া উচিত। তিনি শুধু নিজের জীবনেই পরিবর্তন আনবেন না, আমাদের সমাজও বদলে দেবেন।
যদিও আমাদের প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে, প্রতিবন্ধী ব্যক্তিদের কথা আমাদের পলিটিক্যাল ডিসকোর্সে এসেছে, আমাদের কেন্দ্রীয় ব্যাংকও প্রতিবন্ধী-গ্রাহক এবং কর্মীদের অন্তর্ভুক্তি নিয়ে চিন্তা শুরু করেছে, তবুও এই মানুষেরা উপেক্ষিত রয়েই যাচ্ছেন। সরকার আসলে কী করতে চাইছে, কী ইনিশিয়েটিভ নিচ্ছে, কতটুকু করা সম্ভব— তা নিয়ে তেমন কিছু আমরা জানতে পারছি না। আমরা এই তথ্যগুলো জানতে চাই।
প্রতিবন্ধী ব্যক্তিদেরকে বোঝা মনে করলে চলবে না। আমার, আপনার, সবার ঘরেই কোনো না কোনো প্রতিবন্ধী ব্যক্তি থাকতে পারেন। আমার নিজের সন্তান হলে আমি কি ফেলে দিতে চাই? আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে— আমাদেরই মাইন্ডসেট, দৃষ্টিভঙ্গি। আমরা এখনও ধরেই নিচ্ছি যে, প্রতিবন্ধী ব্যক্তি মানেই তিনি কাজ করতে পারবেন না, করতে চান না, তারা শুধুই আর্থিক সাহায্য চান।
এ ধারণা সঠিক নয়। তাদের সাথে কথা বলুন। কথা বললে জানা যাবে যে, অধিকাংশ প্রতিবন্ধী ব্যক্তি কাজ করতে চান, নিজেদের যোগ্যতা প্রমাণ করতে চান এবং সমাজ-সংসারের জন্য অবদান রাখতে চান। যারা একেবারেই পারেন না, তাদেরকে আমরা আর্থিক সাহায্য করতে পারি।
কিন্তু বেশিরভাগই সুযোগ পাচ্ছেন না। আমরা তাদের সুযোগ করে দেওয়ার মতো কোনো ইনিশিয়েটিভ নিচ্ছি না। যতটুকু নিচ্ছি, তা দায়সারা। পত্রিকায় চাকরির বিজ্ঞপ্তিগুলো পড়লে আমাদের মাইন্ডসেট বোঝা যায়।
পড়লে বোঝা যায় যে, আমরা অঘোষিতভাবে ধরেই নেই যে, আবেদনকারীকে অবশ্যই শারীরিকভাবে সম্পূর্ণ সক্ষম হতে হবে। এসব বিজ্ঞপ্তি দেখে প্রতিবন্ধি ব্যক্তিরা আবেদনের করার কথা চিন্তাই করেন না। যারা আবেদন করেন, তারা ইন্টারভিউতে এসে নিজের যোগ্যতা বোঝানোর আগেই যারা ইন্টারভিউ নিচ্ছেন, তাদের কাছে প্রতিবন্ধিতা চোখে পড়ে। বলেছি না? মাইন্ডসেট। ফলে একজন দক্ষ প্রার্থী শুধু প্রচলিত ধারণার কারণে চাকরির সুযোগ হারান। আমরা তার দক্ষতার কথা জানতেই পারছি না। এটা শুধু বৈষম্য নয়, এটা একটা প্রতিষ্ঠানেরও ক্ষতি। কারণ প্রতিষ্ঠানটা একজন যোগ্য কর্মীকে হারাচ্ছে।
চাকরিতে সবার অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হলে প্রথমেই আমাদের এই মাইন্ডসেটের পরিবর্তন প্রয়োজন। কার মাইন্ডসেট? সবার আগে আমাদের এইচ-আর ভাইবোনদের। আমরা দেখেছি, ব্যবসায়িক প্রতিষ্ঠানের এইচ-আর বিভাগে কর্মীরা কর্মক্ষেত্রে সবার সাথে আমরা যেন একইভাবে আচরণ করি— সেটা নিশ্চিত করতে ইকুয়ালিটির কথা বলেন। আসল সমতা তখনই আসবে, যখন প্রত্যেকটা মানুষ তার প্রয়োজন অনুযায়ী সাহায্য বা ব্যাবহার পাবেন। কারও জন্য র্যাম্প প্রয়োজন, কারও জন্য স্ক্রিন রিডার সফটওয়্যার, কারও জন্য নমনীয় কর্মঘণ্টা, আবার কারও জন্য সহজ কর্মপরিবেশ। এগুলো কোনো বিশেষ সুবিধা নয়, এগুলো কাজ করার জন্যে কিছু মৌলিক সুযোগ সৃষ্টি করা।
আমাদের প্রতিষ্ঠানগুলো মনে করে, প্রতিবন্ধী ব্যক্তি-বান্ধব কর্মপরিবেশ গড়ে তুলতে অনেক টাকা ব্যয় করতে হয়। আসলে তা নয়, অধিকাংশ পরিবর্তনের জন্যে খুব বেশি অর্থের প্রয়োজন হয় না। একটা র্যাম্প, কিছু ডিজিটাল সুবিধা, প্রবেশযোগ্য টয়লেট, বড় অক্ষরের সাইনেজ কিংবা কিছু সহায়ক প্রযুক্তি অনেক মানুষের কর্মজীবনের পথ খুলে দিতে পারে।
আবারও বলি, সবচেয়ে বড় পরিবর্তনটা আসবে মাইন্ডসেটের পরিবর্তনের মাধ্যমে। কর্মসংস্থানের অর্থ শুধু চাকরি দেওয়া নয়। একজন কর্মীকে দীর্ঘদিন কর্মক্ষম রাখাও সমান গুরুত্বপূর্ণ। কর্মজীবনের কোনো এক পর্যায়ে কেউ দুর্ঘটনায়, অসুস্থতায় কিংবা অন্য কারণে প্রতিবন্ধিতার মুখোমুখি হতে পারেন। এমন পরিস্থিতিতে তাকে চাকরি থেকে বাদ না দিয়ে, পুনর্বাসন, পুনঃপ্রশিক্ষণ এবং বিকল্প দায়িত্ব দেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে পারলে, তখনই বোঝা যাবে— আমরা আসলে পরিবর্তন চাইছি কিনা।
বাংলাদেশের করপোরেট খাত, শিল্পকারখানা এবং সেবা খাত এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ এই প্রতিষ্ঠানগুলো শুধু কর্মসংস্থানই সৃষ্টি করে না, সমাজের জন্য একটা মানদণ্ডও তৈরি করে। যদি বড় প্রতিষ্ঠানগুলো প্রতিবন্ধীবান্ধব নিয়োগনীতি গ্রহণ করে, তাহলে ছোট ও মাঝারি প্রতিষ্ঠানও ধীরে ধীরে সেই পথ অনুসরণ করবে।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দক্ষতা বাড়ানো। অনেক সময় বলা হয়, উপযুক্ত দক্ষ প্রার্থী পাওয়া যায় না। এই সমস্যার সমাধান হচ্ছে— প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আধুনিক দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করা। কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, সফটওয়্যার টেস্টিং, কাস্টমার সার্ভিস, হিসাব রক্ষণ, অনলাইন সাপোর্ট, ডেটা অ্যানালিসিস— এমন অনেক কাজ রয়েছে, যেখানে শারীরিক সীমাবদ্ধতা কোনো বড় বাধা নয়। বরং সঠিক প্রশিক্ষণ পেলে তারা দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন।
ডিজিটাল প্রযুক্তি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সম্ভাবনার দরজা খুলেছে। আজ অনেক কাজ ঘরে বসেই করা যাচ্ছে। রিমোট ওয়ার্ক, অনলাইন শিক্ষা, ভার্চুয়াল অফিস এবং ডিজিটাল আর্থিক সেবা কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। তাই প্রযুক্তিকে অন্তর্ভুক্তিমূলক করার ওপর গুরুত্ব দিতে পারলে অনেক সমস্যা সমাধান হবে। সরকারি ওয়েবসাইট, ব্যাংকের মোবাইল অ্যাপ, এটিএম, ইন্টারনেট ব্যাংকিং এবং অন্যান্য ডিজিটাল সেবা যেন সবাই সহজে ব্যবহার করতে পারেন, তা নিশ্চিত করা জরুরি।
সরকারের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। শুধু আইন প্রণয়ন করলেই হবে না, আইনের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা অনেক বড় কাজ। কর্মক্ষেত্রে বৈষম্যের অভিযোগ যদি পাওয়া যায়, তাহলে তার দ্রুত তদন্ত ও নিষ্পত্তির ব্যবস্থা থাকতে হবে। এ ক্ষেত্রে ঢিলেমি দেখালে আসল কাজ হবে না।
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান নিয়ে নির্ভরযোগ্য ইনফরমেশন ব্যাংক তৈরি করা প্রয়োজন। কতজন কর্মক্ষম, কতজন কাজ করছেন, কোন খাতে তাদের অংশগ্রহণ বেশি, কোথায় কী ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, এসব তথ্য ছাড়া কার্যকর নীতি প্রণয়ন সম্ভব নয়।
চাকরির ক্ষেত্রে বেসরকারি খাতকে উৎসাহিত করা প্রয়োজন— যেন তারা এই বিষয়টা বোঝে এবং এগিয়ে আসে। যারা প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ দেবে, তাদের জন্য কর-সুবিধা, প্রশিক্ষণ সহায়তা, স্বীকৃতি কিংবা প্রণোদনার ব্যবস্থা করা যেতে পারে। তাহলে প্রতিষ্ঠানগুলো অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থানে আরও আগ্রহী হবে। আমি মনে করি, ব্যবসায়িক সংগঠন, চেম্বার অব কমার্স এবং শিল্প সমিতিগুলোকেও এই উদ্যোগে এগিয়ে আসা খুব দরকার।
এবার শিক্ষার কথা বলি।
প্রতিবন্ধীব্যক্তিদের উপযুক্ত শিক্ষার জন্যেআমরা কী করছি বা করেছি? কিছু কি করেছি বা করছি? বর্তমান শিক্ষা ব্যবস্থা কি এই মানুষদের জন্যে ঠিক আছে? আমরা দেখেছি, অনেক প্রতিবন্ধী শিশু শুধু মানসম্মত কেন, কোনো শিক্ষাই পাচ্ছে না। এই শিশুরা সুযোগই পাচ্ছে না। তাহলে এরা বড় হয়ে কী করবে? চাকরির বাজার পর্যন্ত যেতে পারলে, সেখানে প্রতিযোগিতায় অংশ নেবে কেমন করে?
অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা আসলে কী, তা কি আমরা জানি? আমার মনে হয় না। শুধু স্থাপত্যের দিকে তাকালেই বোঝা যায় যে আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান-ভবনগুলোতে এরা কেউ সহজে ঢুকতেই পারে না।
সংবাদ মাধ্যম কি এসব কথাগুলো বলছে। বড় বড় পত্রিকাগুলো বা কয়েকটা টেলিভিশন স্টেশন বছরে কয়েকবার এমন খবর দিচ্ছে। এক ছেলে বা এক মেয়ের হাত নেই বলে, সে পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে এবং কেউ কেউ পা দিয়ে লিখে জিপিএ-ফাইভ পেয়েছে, সেই খবর আমাদের ইয়ো-ইয়ো মাধ্যমগুলো নিজেদের জাহির করার জন্যে প্রকাশ করছে।
আমি শুধু সমস্যার কথা বলতে বলছি না, প্রতিবন্ধী ব্যক্তিদের শুধু সংগ্রামের গল্প সামনে আনতে অনুরোধ করছি না। অনেক প্রতিবন্ধী ব্যক্তি আছেন সফল উদ্যোক্তা, অনেকেই আছেন দক্ষ কর্মী, গবেষক, শিক্ষক, প্রকৌশলী, শিল্পী, লেখক ও নেতা। সাংবাদিক ভাইবোনদের কাছে অনুরোধ থাকবে— তারা যেন প্রতিবন্ধী ব্যক্তিদের হিরো হিসেবে পোর্ট্রেট করেন। সমাজ যখন সফল উদাহরণ বেশি দেখবে, তখন প্রচলিত নেতিবাচক ধারণাও বদলে যাবে।
শেষে একটা কথা বলি। আমাদের ভাষা বদলাতে হবে। ‘ওদের জন্যে কিছু করা’ নয়, বরং ‘আমাদের সমাজকে সবার জন্য উপযুক্ত করা’— এই চিন্তা যদি সবার মনে বুনে দিতে পারি, তাহলেই কিছু করা হবে। করতে পারার ইচ্ছে থাকলে করেন, না হলে প্রতিবন্ধী-প্রতিবন্ধী এবং অন্তর্ভুক্তি-অন্তর্ভুক্তি জাবর কাটার দরকার নেই।
আমি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যে কোনো দয়া-দাক্ষিণ্য দেখানোর কথা বলছি না, কোনো অনুদান দেওয়ার অনুরোধও করছি না, কোনো দায়বদ্ধতার কথাও নয়। শুধু বলতে চাইছি— বাংলাদেশের সরকার ও সমাজ যেন তাদেরকে শ্রমবাজারে নিয়ে আসে।
ইকরাম কবীর: কথাসাহিত্যিক