গত জুন মাসে প্রধানমন্ত্রীর চীন সফরের সময়ে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দেয় বেইজিং। ২৭ জুন বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, এই ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হচ্ছে— বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তি বাড়ানো, ট্রানজেকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনকে আরও জোরদার করা।
প্রধানমন্ত্রীর চীন সফরে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। সংবাদ সম্মেলনে মাহদী আমিন জানান, বাংলাদেশ চায় রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। এ বিষয়ে কোনো সংলাপের প্রয়োজন হলে চীন বাংলাদেশকে সহযোগিতা দিতে ইচ্ছুক বলেও জানান তিনি। পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ে প্রথমবারের মতো বাংলাদেশের সঙ্গে চীনের একটা সমঝোতা হয়েছে বলেও উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
প্রধানমন্ত্রীর চীন সফরের চার মাস পরে নভেম্বরের শুরুতে বাংলাদেশে আসেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। তাকে বিমানবন্দরে বিদায় দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, চীন সরকারের করিডোরের প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ। আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনের জন্য রাখাইনের স্থিতিশীলতার স্বার্থেও এই করিডোর প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। তিনি মনে করেন, চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোর হলে— এখানে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে নতুন একটি সংযোগ চালু হবে।
সবশেষ গত বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক করিডোর বা চায়না-মিয়ানমার-বাংলাদেশ ইকোনমিক করিডোর পুরোপুরি কার্যকর করার আগে দীর্ঘদিনের অমীমাংসিত রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান জরুরি। তার মানে চীনের প্রস্তাবিত করিডোর বাস্তবায়নের সঙ্গে বাংলাদেশ এখন রোহিঙ্গা সংকট সমাধান তথা তাদের টেকসই প্রত্যাবাসনকে একটি শর্ত হিসেবে আরোপ করছে। অর্থাৎ এটি বাংলাদেশের জন্য একটি বার্গেইনিং পয়েন্ট বা দরকষাকষির হাতিয়ার।
বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে করিডোরের আলোচনাটি শুরু হয় বিগত অন্তর্বর্তী সরকারের আমলে। ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমানের আলোচনায় ‘হিউম্যানিটারিয়ান চ্যানেল’ বা মানবিক করিডোরের বিষয়টি প্রথমে উত্থাপিত হয়। এ বিষয়ে খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, ‘জাতিসংঘ মহাসচিবকে আমরা বলেছি, রাখাইনে যে মানবিক সমস্যা, যে সংকট— সেটা মোকাবিলার জন্য আন্তর্জাতিক সাহায্যের বিকল্প নাই। সেই কাজটি জাতিসংঘের তত্ত্বাবধানেই হবে।’
এর এক মাস পরে মার্চ মাসে বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘ মহাসচিব। এ সময় তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে যৌথ সম্মেলনে বলেছিলেন, মিয়ানমারে লড়াই বন্ধ ও সেখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মিয়ানমারের সমস্ত প্রতিবেশী দেশের চাপ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। এর প্রথম ধাপ হবে সহিংসতা বন্ধ করা এবং একইসঙ্গে এমন কার্যকর ব্যবস্থা গঠন করা, যা মিয়ানমারে প্রকৃত গণতান্ত্রিক সমাধানের পথ সুগম করবে— যা স্বাভাবিকভাবেই রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্তনকে সহজ করবে।
তার বক্তব্যে দুটি বিষয় খুব স্পষ্ট ছিল— ১. আরাকান আর্মি একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হওয়া সত্ত্বেও বাংলাদেশ যেন তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এবং ২. রাখাইনে সহায়তা পাঠাতে যেন বাংলাদেশ একটি চ্যানেল (করিডোর) তৈরি করে।
এর অর্ধ মাস পরে গত ৮ এপ্রিল খলিলুর রহমানকে ঊদ্ধৃত করেই গণমাধ্যমে খবরে বলা হয়, রাখাইনে ‘মানবিক সহায়তার চ্যানেল’ হতে যাচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, ‘‘এই জায়গা থেকে আমরা সবাই একত্রিত হয়েছি। আমি এটুকু বলতে পারি, আমাদের চেষ্টায় কোনো ঘাটতি থাকবে না। আমরা চেষ্টা করবো, যাতে মানবিক সাহায্য প্রদান প্রক্রিয়াতে আরাকানে একটা স্থিতির অবস্থা আসে, শান্তির অবস্থা আসে এবং সেখান থেকে আরাকান তার নবসূচনা করতে পারে।’’ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ৮ এপ্রিল ২০২৫)।
পরবর্তীকালে করিডোরের এই আলোচনাটি আর এগোয়নি। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের চার মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে আবারও করিডোরের প্রসঙ্গটি ওঠে। যদিও এটি আগের মতো মানবিক করিডোর নয়, বরং অর্থনৈতিক করিডোর।
বলা হচ্ছে, এ করিডোর হলে বাংলাদেশের সড়ক, রেলওয়ে, বন্দর এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিপুল পরিমাণ চীনা বিনিয়োগ আসার সুযোগ তৈরি হবে। দক্ষিণ-পূর্ব এশিয়া এবং চীনের বিশাল বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ সহজ হবে। পাশাপাশি পণ্য পরিবহনের ক্ষেত্রে সময় ও খরচ উভয়ই উল্লেখযোগ্য হারে কমে আসবে, যা বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াবে। সেইসঙ্গে যোগাযোগ ও লজিস্টিক হাব গড়ে উঠলে— দেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই করিডোরের একটি গুরুত্বপূর্ণ অংশ মিয়ানমারের অস্থিতিশীল রাখাইন রাজ্যের ওপর দিয়ে যাবে। চীনের ভাষ্য— রাখাইনে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হলে সেখানকার জাতিগত ও রাজনৈতিক অস্থিরতাও কমে আসবে।
বছরের পর বছর ধরে যে রোহিঙ্গা সংকটের বোঝা বাংলাদেশকে বইতে হচ্ছে, তার সমাধান খুব সহজ নয়। আন্তর্জাতিক পরিসরে চেষ্টা কম হয়নি। কিন্তু প্রত্যাবাসনের প্রক্রিয়ায় কোথাও কোনো আশার আলো দৃশ্যমান নয়। সেরকম একটি পরিস্থিতিতে চীন যদি সত্যিই এই বিপুল জনগোষ্ঠীকে তাদের জন্মভূমিতে প্রত্যাবাসনের প্রক্রিয়ায় মধ্যস্থতা করতে পারে, সেটি বাংলাদেশের জন্য স্বস্তির কারণ হবে।
রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের প্রথম শর্ত হলো— রাখাইন রাজ্যের স্থিতিশীলতা ও শান্তি। এটি নিশ্চিত না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের সেখানে ফেরত পাঠালেও সহিংসতা বন্ধ হবে না বা রোহিঙ্গারা সেখানে যেতে চাইবে না। আবার একটি সংঘাতপূর্ণ এলাকায় এই জনগোষ্ঠীকে ফেরত পাঠানোর বিষয়টিকে আন্তর্জাতিক বিশ্বও ইতিবাচক চোখে দেখবে না। তার মানে প্রথম শর্ত হলো— রাখাইনে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফেরানো। সেটি নিশ্চিত হবে কীভাবে?
জাতিসংঘের ‘ইন্ডিপেনডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার’ গত ২৪ সেপ্টেম্বর বলেছে, রাখাইনে পরিস্থিতি এখনো অত্যন্ত অস্থিতিশীল ও বিপজ্জনক। সেখানে বিমান হামলা, গোলাবর্ষণ, ড্রোন হামলা, আটক, নির্যাতন ও হত্যার মতো ঘটনা চলছে এবং মানবিক সহায়তাও বাধাগ্রস্ত হচ্ছে। তাদের মতে, বর্তমান পরিস্থিতি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের উপযোগী নয়।
তার মানে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ যে ধরনের কূটনীতিই প্রয়োগ করুক না কেন, রাখাইনে যদি নিরাপত্তা না থাকে; রোহিঙ্গাদের নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত না হয়; তাদের চলাচলের স্বাধীনতা না থাকে; তাদের বসতভিটা ও সম্পত্তির নিরাপত্তা না থাকে এবং মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত অব্যাহত থাকে— তাহলে রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবে টেকসই হবে না। প্রশ্ন হলো, এগুলো নিশ্চিত করবে কে? সহজ উত্তর হলো মিয়ানমার। কিন্তু মিয়ানমারকে রাজি বা বাধ্য করবে কে? আবার রোহিঙ্গা প্রত্যাবাসনের ইস্যুতে আরাকান আর্মির ভূমিকা কী হবে—সেটিও বড় প্রশ্ন। কেননা, তারা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হলেও বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত তাদের দখলে। ফলে আনুষ্ঠানিকভাবে না হলেও তাদের সঙ্গে বাংলাদেশ সরকারের একধরনের যোগাযোগ রাখতে হবে।
মিয়ানমারের সংকট বহুমুখী। গণমাধ্যমের খবর অনুযায়ী, রাখাইন এখন কার্যত আরাকান আর্মির নিয়ন্ত্রণে। ফলে মিয়ানমারের জান্তা সরকারের সাথে তাদের নিয়মিত সংঘাত চলে। এই সংঘাত বন্ধে কি চীন ভূমিকা রাখতে পারে? আরাকান আর্মি রাখাইনে স্বায়ত্তশাসন চায়। মিয়ানমার সরকার সেটি না দিলে সংঘাত কি বন্ধ হবে বা জান্তা সরকার কি আরাকান আর্মিকে পুরোপুরি নির্মূল করতে পারবে? চীন কি আরাকান আর্মির পক্ষে নাকি মিয়ানমার সরকারের পক্ষে? নাকি তারা উভয়ের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে রাখাইনে শান্তি ও স্থিতিশীলতা স্থাপনের ভূমিকা রাখতে পারবে? এই প্রশ্নগুলোর খুব সহজ জবাব নেই। কিন্তু এটা বিশ্বাস করা হয় যে, যেহেতু মিয়ানমারের ওপর চীনের একটা প্রভাব আছে, এমনকি আরাকান আর্মির সঙ্গে তাদের যোগাযোগ আছে বলে শোনা যায়, ফলে তারা রাখাইনে স্থিতিশীলতা স্থাপনে ভূমিকা রাখতে পারে। আর এজন্য প্রয়োজন সরাসরি যোগাযোগ—যেটি করিডোরের মাধ্যমে সহজ।
রোহিঙ্গাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদে ফিরিয়ে নেওয়াই যে এই সংকটের একমাত্র সমাধান, সেটি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমানও বলেছেন। তার ভাষায়: রোহিঙ্গা সংকটের উৎস ও উৎপত্তি মিয়ানমারে; তাই এর সমাধানও সেখানেই নিহিত।
বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সাত দফা প্রস্তাব পেশ করেছিলেন। এর মধ্যে রয়েছে— রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, মর্যাদাপূর্ণ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনের জন্য একটি কার্যকর রোডম্যাপ তৈরি করা; আন্তর্জাতিক দাতাগোষ্ঠী ও মানবিক অংশীদারদের সহায়তা অব্যাহত রাখা; আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আসিয়ানসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের তৎপরতা বাড়ানো ইত্যাদি। অধ্যাপক ইউনূসও বলেছিলেন যে, রোহিঙ্গা সংকটের সূত্রপাত মিয়ানমারে, তাই সমাধানও হতে হবে সেখানেই। তার মানে এবার জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান মূলত সেই কথারই প্রতিধ্বনি করলেন।
২০১৭ সাল থেকে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে তাদের অবস্থানের কারণে দেশের সম্পদ, পরিবেশ, নিরাপত্তা ও স্থানীয় জনগোষ্ঠীর ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা ও হতাশা নতুন নতুন চ্যালেঞ্জ ও নিরাপত্তাঝুঁকি তৈরি করছে। এর মধ্যে রয়েছে মানবপাচার, অবৈধভাবে অভিবাসী পাচার, মাদকপাচার এবং অন্যান্য আন্তঃদেশীয় অপরাধ। কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে মালয়েশিয়ার উদ্দেশে পাড়ি দিচ্ছেন। একটি দেশে অমীমাংসিত থেকে যাওয়া সংকট পুরো অঞ্চলের জন্য নিরাপত্তাজনিত চ্যালেঞ্জে পরিণত হতে পারে।
আমীন আল রশীদ: সাংবাদিক ও লেখক