বাংলাদেশের পথে-ঘাটে ককটেল বিস্ফোরণ, গণপরিবহনে আগুন, গাছ কেটে রাস্তা অবরোধের চিত্র বছর দুয়েক বিরতির পর আবার ফিরে এসেছে। এ সব কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ আর তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগকে দোষারোপ করা হয়েছে। লীগ যদিও গণপরিবহনে আগুন দেওয়ার কথা অস্বীকার করেছে, এটা বলাই যেতে পারে যে এ মাসের ৯ তারিখ থেকে তাদের কর্মকাণ্ডের মাত্রা বৃদ্ধি করা হয়েছে। এই নতুন মাত্রার কার্যক্রমে নাশকতামূলক কাজও যে থাকতে পারে, তা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর ২০২৫ সালের ১০ মে মোহাম্মাদ ইউনূসের নেতৃত্বাধীন তৎকালীন অন্তর্বর্তী সরকার নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জামায়াতে ইসলামীসহ বিভিন্ন উগ্রপন্থী দল ঢাকায় তিন দিন বিক্ষোভ করার পর ইউনূস সরকার তাদের দাবি মেনে নেয়। সংশোধিত সন্ত্রাসবিরোধী আইনের অধীনে আরোপ করা এই নিষেধাজ্ঞা ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় আসার পর সংসদে অনুমোদন করা হয়। অর্থাৎ, আওয়ামী লীগকে রাজনীতির মাঠ থেকে নির্বাসিত করার সিদ্ধান্তে বিএনপি, জামায়াত এবং এনসিপি একযোগে কাজ করে।
এখন আওয়ামী লীগ বিএনপির কাছে কিছু দাবি নিয়ে আসছে। প্রথমিকভাবে, মূল দাবি হচ্ছে ভারতে অবস্থানরত দলীয় প্রধান শেখ হাসিনাকে দেশে ফেরার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রদান। সরকারের বিভিন্ন মন্ত্রী সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তবে রাজনীতিতে যেহেতু “শেষ কথা” বলে কিছু নেই, তাই আজ যে সম্ভাবনা নাকচ করা হচ্ছে, কাল সেই সম্ভাবনা যে নতুন করে জেগে উঠবে না, তা বলা মুশকিল। বিশেষ করে এখানে যেহেতু, প্রতিবেশী ভারতসহ আন্তর্জাতিক অঙ্গনের ভূমিকা উল্লেখযোগ্য হয়ে ওঠার সম্ভাবনাও রয়েছে। বিগত এক বছর আওয়ামী লীগ তার প্রচারণার লক্ষ্য হিসেবে আন্তর্জাতিক অঙ্গনকেই বেছে নিয়েছিল। সম্প্রতি তারা দেশের ভেতরে সংযোগ বাড়ানোর দিকে মনোনিবেশ করছে বলে মনে হচ্ছে।
‘আন্ডারগ্রাউন্ড’ থেকে ‘ওভারগ্রাউন্ড’
এক বছর আগের সেই রাজনৈতিক অঙ্ক এখনও বহাল আছে। তফাৎ শুধু একটি; গত চার মাসে আওয়ামী লীগ “মাটির নিচ” থেকে বেরিয়ে এসে জমিনে তাদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে। এই নতুন মাত্রার অ্যাক্টিভিজম শুরু হয় ১০ জুলাই, সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর থেকে। ঘটনাপ্রবাহ যেদিক যাচ্ছে, তা দেখে মনে হয় বিগত দুবছর আওয়ামী লীগ সংগঠনকে টিকিয়ে রাখার জন্য, তৃনমূল পর্যায়ে কর্মীদের ধরে রাখার জন্য কাজ করেছে। শেখ হাসিনা যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন, তিনি ডিসেম্বরে ফিরতে চান, তাই এখন এতদিন “আন্ডারগ্রাউন্ড”-এর সক্রিয় নেতাকর্মীরা “ওভারগ্রাউন্ড”-এ কার্যক্রম শুরু করেছে।
আওয়ামী লীগের তৎপরতা হঠাৎ বৃদ্ধি পাওয়ায় সরকারের প্রতিক্রিয়াও এসেছে দ্রুত। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান শুক্রবার প্রেসক্লাবের এক অনুষ্ঠানে বলেন, দেশের মানুষ “পতিত স্বৈরাচারকে” বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ দেবে না। “মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফুলের পাপড়ি বিছায় নিয়ে আসার চেষ্টা করছেন, তারা মনে হয় বাংলাদেশের মানুষকে এখনও চেনেন নাই,” বলেন তিনি। আসাদুজ্জামান আওয়ামী লীগের ককটেলবাজি এবং অগ্নিসংযোগকে “সন্ত্রাসী কর্মকাণ্ড” বলে আখ্যায়িত করছেন, ঠিক যেভাবে ২০১৪-১৫ সালে বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও আন্দোলনকে তৎকালীন মন্ত্রী হাসানুল হক ইনু “অগ্নি সন্ত্রাস” বলে আখ্যায়িত করেছিলেন।
আইনমন্ত্রী কথা বলছিলেন শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে। কিন্তু দেশের ভেতরে এবং বাইরে আওয়ামী লীগের তৎপরতা শুধু শেখ হাসিনাকে নিয়েই হচ্ছে, তা নয়। দলের যেসব নেতাকর্মী মিডিয়ার সঙ্গে কথা বলেন, তারা হাসিনার প্রত্যাবর্তন সামনে রেখেই তাদের তৎপরতা বৃদ্ধি করছেন বলে জানান। কিন্তু শেখ হাসিনার উদ্দেশ্য আরও বড় বলেই মনে হয়। শেখ হাসিনার কাছে, দলের ভবিষ্যৎই এই সময়ে দেশে ফিরতে চাওয়ার প্রধান কারণ বলে মনে হচ্ছে। দেশে ফিরে তিনি প্রকাশ্যে রাজনীতি করতে পারবেন কি না, সেটা নিয়ে আলোচনা-বিতর্ক থাকতে পারে। আইনমন্ত্রী যেমন বলেছেন, শেখ হাসিনাকে রাজনীতি থেকে দূরে রাখা সরকারের উদ্দেশ্য। কিন্তু শেখ হাসিনার লক্ষ্য হবে অন্য জায়গায়।
আওয়ামী লীগের অস্তিত্ব
শেখ হাসিনা জানেন তার কর্মজীবনের সমাপ্তি ঘনিয়ে আসছে। তার বয়স ৮০ ছুঁয়েছে। বাংলাদেশের সংঘাতময় রাজনীতিতে আওয়ামী লীগের মতো একটি অন্তর্ঘাতপ্রবণ দলকে নেতৃত্ব দেওয়ার জন্য যে ধরনের মানসিক এবং শারীরিক শক্তি প্রয়োজন, সেটা শেখ হাসিনার আর কতদিন থাকবে, তা নিয়ে প্রশ্ন তোলা অস্বাভাবিক কিছু হবে না। আওয়ামী লীগ যদি বাংলাদেশে একটি রাজনৈতিক শক্তি হিসেবে টিকে থাকতে চায়, তাহলে দলের ভবিষ্যৎ গতিপথ হাসিনাকে এ বছর না হলেও, আগামী বছরের মধ্যে ঠিক করে ফেলতে হবে।
টিকে থাকার জন্য প্রথমেই আওয়ামী লীগের প্রয়োজন হবে প্রকাশ্যে সাংগঠনিক এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করা। অর্থাৎ, লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যাতে তুলে নেওয়া হয়, সেটাই হবে শেখ হাসিনার প্রাথমিক লক্ষ্য। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আওয়ামী লীগ নিজেদের অনেকটা গুছিয়ে আনতে পেরেছে বলে ধারনা করা যায়। শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণার পেছনেও সেই ধারনা কাজ করেছে বলে মনে হয়। কিন্তু আওয়ামী লীগের মতো একটি বুর্জোয়া দল, যার নেতাকর্মীরা কোনও কঠোর শৃঙ্খলার মধ্যে আবধ্য নয়, তাদের পক্ষে দীর্ঘ সময় “আন্ডারগ্রাউন্ড” থাকা বিপজ্জনক হতে পারে।
বিএনপির মতো আওয়ামী লীগও বেঁচে থাকে ব্যাপক জন সমর্থন এবং জন সম্পৃক্ততার ভিত্তিতে। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং ধর্মনিরপেক্ষ বাঙালি সাংস্কৃতিক মনোভাব দলকে একটি আদর্শগত অবস্থান দিয়েছে ঠিকই, যার কারণে বাংলাদেশে তাদের এখনও প্রচুর অনুসারী রয়েছে; কিন্তু অন্যান্য বুর্জোয়া দলের মতো তারাও ক্ষমতামুখী, যার জন্য তাদের প্রয়োজন নিয়মিত জনসংযোগ এবং আদান-প্রদানের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য নিজেকে প্রয়োজনীয় করে তোলা।
কথাটা শুনতে ভালো না লাগলেও সত্য যে, কোনও রাজনৈতিক দল যদি মানুষকে “কিছু” না দিতে পারে, তাহলে মানুষ কেন তাদের সমর্থন করবে? বুর্জোয়া দলকগুলো এ ধরনের “আদান-প্রদান” এর মাধ্যমেই জনগণের মাঝে তাদের ভীত গড়ে তোলে। বাংলাদেশের পটভূমিতে আওয়ামী লীগের অনন্য ঐতিহাসিক ভূমিকা এবং আদর্শগত ভিত্তি থাকালেও, তারা সাংগঠনিক দিক থেকে অন্যান্য বুর্জোয়া দল থেকে ভিন্ন কিছু নয়। এ ধরনের দল বেশি দিন “আন্ডারগ্রাউন্ড” থাকলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। নেতাকর্মীরা কমিউনিস্ট পার্টি বা জামায়াতে ইসলামীর মতো শৃঙ্খলার মধ্যে থাকেন না বা দলের আদর্শকে জীবন-মরণ ইস্যু হিসেবে দেখেন না। দীর্ঘদিন প্রকাশ্যে তৎপরতা না চালাতে পারলে তারা দল ছেড়ে অন্যত্র চলে যেতে পারে।
বিএনপির সামনে চ্যালেঞ্জ
আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে শেখ হাসিনা নিজেই তার ফেরার পেছনে তিনটি লক্ষ্য চিহ্নিত করেছেন। সেগুলো হলো দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার; কারাগার থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মুক্তি এবং দলের কর্মীসমর্থকদের বিরুদ্ধে করা হাজার হাজার মামলার নিষ্পত্তি। এই তিনটি লক্ষ্যের উদ্দেশ্য একটিই, এবং তা হচ্ছে আওয়ামী লীগকে সুসংহত করে রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসা এবং পুনরায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বী করে তোলা।
এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি কেন আওয়ামী লীগকে পুনর্গঠিত হতে সহায়তা করবে? ফেব্রুয়ারি মাসের নির্বাচনে নৌকার অনুপস্থিতিতে তারেক রহমানের ধানের শীষ ফাঁকা মাঠে গোল দিয়েছে। জামাতের দাঁড়ি-পাল্লা কিছুটা বিরক্তিকর মাছির মতো ভন-ভন করেছে মাত্র। সেই ফাঁকা মাঠ তারা আবার জনবহুল করে নিজেদের সাজানো বাগান কেন তছনছ করবে? সবকিছু নির্ভর করবে বিএনপি কোন দলকে তাদের মূল প্রতিপক্ষ মনে করে।
ক্ষমতার লড়াইয়ে বিএনপি ও আওয়ামী লীগ যে একে ওপরকে প্রতিপক্ষ গণ্য করে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। অন্যদিকে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামায়াত নিজেদের ক্ষমতার জন্য প্রস্তুত করার স্বপ্ন দেখা শুরু করেছিল, যেটা তাদের বিএনপির মুখোমুখি অবস্থানে নিয়ে এসেছে। এই পটভূমিতে আওয়ামী লীগ পুনরায় প্রবেশ করলে দুই দলই ক্ষতির মুখে পড়তে পারে। আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখতে পারলে বিএনপি, জামাত ও এনসিপিও দীর্ঘ মেয়াদে লাভবান হওয়ার আশা রাখছে। অর্থাৎ, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়ার কোনও তাগিদ বিএনপি শুধু তাদের সংকীর্ণ দলীয় স্বার্থে অনুভব করবে না। সেই অবস্থানে তারা জামায়াত এবং এনসিপির পূর্ণ সমর্থন পাবে।
আওয়ামী লীগের সামনে চ্যালেঞ্জ হচ্ছে, বিএনপিকে তাদের সংকীর্ণ দলীয় স্বার্থের ঊর্ধ্বে বৃহৎ কোনও স্বার্থের কথা চিন্তা করার জন্য পর্যাপ্ত চাপ সৃষ্টি করা।
আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি
বিএনপির সামনে এখন প্রচুর চ্যালেঞ্জ তৈরি হয়েছে। অর্থনীতির করুন হাল, বিনিয়োগের অভাব, প্রবিদ্ধির ধীর গতি, কর্মসংস্থানের সংকট, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি। এগুলো সমাজে রাজনৈতিক অস্থিরতার মোক্ষম পরিবেশ সৃষ্টি করছে। এই অস্থিরতার সুযোগ আওয়ামী লীগ নিতে চাইবে। একইসঙ্গে অর্থনীতি সামাল দেওয়ার জন্য বিএনপির যে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন হবে, সেটা কোনও রাজনৈতিক মূল্য ছাড়া নাও আসতে পারে।
আন্তর্জাতিক মহল ২০২৪ সালের পর আশা করেছিল বাংলাদেশ পুনরায় একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে, যেখানে সবার, সব দলের রাজনীতি করার অধিকার থাকবে। তারা আশা করেছিল অতীতের মতো কোনও প্রতিহিংসাপরায়ণ নীতি অনুসরণ করা হবে না, আর প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বিচার ব্যবস্থার অপব্যবহার করা হবে না। কিন্তু ২০২৪-পরবর্তী ব্যবস্থা সেই প্রত্যাশা পুরণে ব্যর্থ হয়েছে।
ইউনূসের আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত, প্রতিশোধপ্রবণতা আর আইনের অপব্যবহার আন্তর্জাতিক মহলে নিন্দিত হয়েছে। আরেক বড় উদাহরণ হচ্ছে আওয়ামী লীগের মতো বৃহৎ দলকে তাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত রাখা। শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, এই দুই বিষয়ে সরকার আগামীতে দেশের ভেতর এবং বাইরে থেকে যে চাপের মুখে পড়তে পারে, না নিয়ে কোনও সন্দেহ নেই।
লেখক একজন সাংবাদিক এবং পডকাস্টার।
ইমেইল: sabir.mustafa@gmail.com