ক্ষমতার শতরঞ্জে সাজানো প্রান্তিকতার ব্যবচ্ছেদ 

শব্দগুলো যখন আমাদের সংবাদপত্রে, নীতিমালার খসড়ায় কিংবা সেমিনারের দাফতরিক ঘোষণায় উচ্চারিত হয়—‘পিছিয়ে যাওয়া’, ‘পিছিয়ে পড়া’, ‘পিছিয়ে রাখা’, ‘সুবিধাবঞ্চিত’, ‘অসুবিধাগ্রস্ত’, ‘ছিন্নমূল’, কিংবা এর ইংরেজি প্রতিশব্দ ‘মার্জিনালাইজড’ এবং ‘ডিসঅ্যাডভান্টেজড’ —তখন প্রাত্যহিক জীবনের এক নির্মম সত্য চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু গভীর রাজনৈতিক ও নৃতাত্ত্বিক বিশ্লেষণে প্রশ্ন জাগে— এই শব্দগুলো কি নিছক কিছু বর্ণনামূলক অভিধা, নাকি ক্ষমতা টিকিয়ে রাখার এক সুপরিকল্পিত ভাষিক কৌশল? মানবসভ্যতার সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত কোনো মানুষ কি জন্মসূত্রে ‘পিছিয়ে পড়া’ হিসেবে জন্মগ্রহণ করেছে? নাকি এই পশ্চাৎপদতা রাষ্ট্র, সমাজ এবং ক্ষমতাকেন্দ্রিক কাঠামোগুলোর তৈরি এক সাজানো বঞ্চনা?

আজ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রারমোড়কে ‘কাউকে পেছনে ফেলে রাখা যাবে না’ স্লোগানটি বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। অথচ যে রাষ্ট্র বা শক্তিগুলো এই স্লোগান আওড়ায়, তারাই আবার প্রাতিষ্ঠানিক বৈষম্য ও শ্রেণিবিন্যাসের মধ্য দিয়ে কোটি কোটি মানুষকে ইচ্ছাকৃতভাবে প্রান্তিক করে রাখে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চিরন্তন বাণী আজও আমাদের বিবেককে নাড়া দেয়—“হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান।” এই অপমান কোনো প্রাকৃতিক নিয়তি নয়; এটি রাষ্ট্রীয় উদাসীনতা, রাজনৈতিক সুবিধাবাদ এবং বৈষম্যমূলক সমাজব্যবস্থার সুনিপুণ ফসল।

প্রান্তিকতা কোনো দৈবদুর্বিপাক নয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত চিকিৎসক ও নৃবিজ্ঞানী পল ফারমার তার যুগান্তকারী গ্রন্থ ‘প্যাথলোজিস অব পাওয়ার: হেল্থ, হিউম্যান রাইটস অ্যান্ড দ্য নিউ ওয়ার অন দ্য পুওর’ (২০০৩)-এ স্পষ্টভাবে দেখিয়েছেন যে, দারিদ্র্য বা প্রান্তিকতা কোনো আকস্মিক দুর্ঘটনা নয়; এটি ‘কাঠামোগত বৈষম্য’ দ্বারা উৎপাদিত। সমাজবিজ্ঞানী জোহান গালটুংয়ের তত্ত্বে যাকে সংজ্ঞায়িত করা হয়েছে সুযোগের অসম বণ্টন এবং সম্পদের কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ মানুষকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে। ক্ষমতাসীনেরা সমাজকে একটি পিরামিড হিসেবে কল্পনা করে, যার শীর্ষে থাকে নীতিনির্ধারক বা তথাকথিত ‘কর্তব্যধারী’ শ্রেণি। এই শ্রেণি নিজেদের বিশেষ সুবিধাদি টিকিয়ে রাখার জন্য সমাজের একটি বিশাল অংশকে ‘অন্যান্য’ বা প্রান্তিক হিসেবে চিহ্নিত করে।

লেবেলিংয়ের এই খেলাটি হলো— সমাজকে নিয়ন্ত্রণ করার একটি শক্তিশালী হাতিয়ার। যখন একটি জনগোষ্ঠীকে ‘সুবিধাবঞ্চিত’ বা ‘ছিন্নমূল’ বলে দাগিয়ে দেওয়া হয়, তখন ক্ষমতার মালিকরা তাদের ব্যর্থতাকে আড়াল করে দায় চাপিয়ে দেয় ভুক্তভোগীর ওপরই। এটি কেবল অর্থনৈতিক শোষণ নয়, এটি মানুষের অস্তিত্বের মর্যাদাকে খর্ব করার এক সুদূরপ্রসারী রাজনৈতিক প্রকল্প।

অধিকার বনাম করুণার রাজনীতি

মানবসভ্যতার আদিমতম ঘোষণা থেকে শুরু করে আধুনিক আন্তর্জাতিক মানবাধিকার সনদ— সর্বত্রই মানুষের জন্মগত সমতার কথা বলা হয়েছে। ১৯৪৮ সালের সর্বজনীন মানবাধিকার ঘোষণার প্রথম অনুচ্ছেদেই ঘোষণা করা হয়েছে যে, সব মানুষ স্বাধীনভাবে সমান মর্যাদা এবং অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির পাশাপাশি শিশু অধিকার সনদ ও নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ স্পষ্টভাবে রাষ্ট্রকে বাধ্য করে প্রতিটি নাগরিকের সমতা নিশ্চিত করতে। আমাদের সংবিধানেও সব নাগরিকের সমান অধিকার এবং সুযোগের সমতার কথা বলা হয়েছে (১৯, ২৭, ২৮ এবং ২৯ অনুচ্ছেদ)।

কিন্তু প্রশ্ন হলো, আইনি বিধান থাকা সত্ত্বেও কেন মানুষ ‘পিছিয়ে’ থাকে? উত্তরটি লুকিয়ে আছে আইনি প্রয়োগের ক্ষেত্রে ক্ষমতার কাঠামোগত পক্ষপাতিত্বে। রাষ্ট্র যখন আইন প্রণয়ন করে। কিন্তু সেই আইন বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা ও সচ্ছল শ্রেণির স্বার্থ জলাঞ্জলি দিতে কুণ্ঠিত হয়, তখন আইন নিজেই বৈষম্যের রক্ষাকবচে পরিণত হয়। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তাঁর দ্য আইডিয়া অব জাস্টিজ (২০০৯) এবং ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম   (১৯৯৯)-এ মানুষের ‘সামর্থ্য দৃষ্টিভঙ্গি’ আলোচনা করতে গিয়ে দেখিয়েছেন যে, উন্নয়ন কেবল মাথাপিছু আয় বৃদ্ধি নয়; বরং মানুষের কার্যকর স্বাধীনতা এবং সামর্থ্য সম্প্রসারণ। ক্ষমতা যখন মুষ্টিমেয়’র হাতে কুক্ষিগত থাকে, তখন জনকল্যাণমূলক আইনগুলোও করুণার দানে পর্যবসিত হয়— যা মানুষের মুক্তি ঘটাতে পারে না, বরং নির্ভরতা বাড়ায়।

অপব্যাখ্যার শেকল ভাঙার ডাক

বিশ্বের প্রতিটি প্রধান ধর্ম এবং আধ্যাত্মিক দর্শন জন্মগত সমতা এবং মানবমর্যাদার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছে। কিন্তু ইতিহাসের বিভিন্ন পর্বে সুবিধাবাদী শাসক ও ধর্মীয় অভিজাতরা নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে এই চিরন্তন বাণীগুলোকে বিকৃত করেছে।

পবিত্র কোরআনের সূরা আল-হুজুরাতের ১৩ নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা করা হয়েছে— জন্মগত বর্ণ, গোত্র বা সামাজিক অবস্থানের ভিত্তিতে কোনো উঁচু-নিচু ভেদাভেদ হীনতার। বিদায় হজ্জের ভাষণেও রাসূলুল্লাহ (সা.) ঘোষণা করেছিলেন যে, আরবদের ওপর অনারবের এবং সাদার ওপর কালোর কোনো শ্রেষ্ঠত্ব নেই।

বাইবেলের গালাতীয় ৩:২৮ পদে মানবমর্যাদার এই সার্বজনীনতা সব ধরনের কৃত্রিম সামাজিক বিভাজনকে অস্বীকার করে। ঈশোপনিষদের দর্শন অনুযায়ী, যিনি সমস্ত ভূতে আত্মাকে এবং সমস্ত ভূতের মধ্যে আত্মাকে দর্শন করেন, তিনি কাউকে ঘেন্না করেন না। আর প্রাচীন ভারতীয় দর্শনের ‘বসুধৈব কুটুম্বকম’ এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর মানবতাবাদী শিক্ষা সমস্ত প্রান্তিকীকরণের মূলে কুঠারঘাত করে। গৌতম বুদ্ধ চতুর্বর্ণ প্রথার কঠোর বৈষম্যকে চ্যালেঞ্জ করে ঘোষণা করেছিলেন যে, জন্ম দিয়ে কেউ ব্রাহ্মণ বা চণ্ডাল হয় না, তার কর্ম দ্বারাই সে শ্রেষ্ঠ বা অবমূল্যায়িত হয়।

তাহলে আজ কেন ধর্মের নামে বা সামাজিক প্রথার নামে মানুষকে ছোট করে রাখা হয়? কারণ শোষকেরা ধর্মের চিরন্তন সাম্যবাদকে স্তব্ধ করে কৃত্রিম আচারসর্বস্ব ও বৈষম্যমূলক কাঠামো প্রতিষ্ঠা করেছে। ভেঙে ফেলতে হবে স্থবিরতার দেওয়াল আজ পর্যন্ত যতগুলো উন্নয়নমূলক বা দাতানির্ভর কর্মসূচি নেওয়া হয়েছে, তার প্রায় সবই ছিল উপরিভাগের প্রলেপ-মাত্র। এগুলো কখনোই ক্ষমতার কাঠামোর মূলে আঘাত করেনি। ত্রাণ বিতরণ, সাময়িক সহায়তা বা ‘দয়াভিত্তিক’ অনুদান দিয়ে প্রান্তিকতার অবসান ঘটানো সম্ভব নয়—এ কথা গত তিন দশকের উন্নয়ন অভিজ্ঞতা স্পষ্টভাবে প্রমাণ করেছে।

তাই এখন সময় এসেছে গতানুগতিক ধ্যানধারণা থেকে বেরিয়ে এসে আমূল ও বৈপ্লবিক রূপান্তরের পথ বেছে নেওয়ার। নীতিনির্ধারণী প্রক্রিয়ায় প্রান্তিক মানুষের সরাসরি ও বাধ্যতামূলক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেবল সচিবালয় বা করপোরেট বোর্ডরুমে সীমাবদ্ধ রাখা যাবে না; প্রতিটি জনপদে স্থানীয় মানুষের হাতে পরিকল্পনা ও বাজেটের প্রকৃত নিয়ন্ত্রণ অর্পণ করতে হবে।

রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিক অবহেলার কারণে কোনো মানুষ পিছিয়ে পড়লে সেটিকে নিছক প্রশাসনিক ত্রুটি নয়, বরং সাংবিধানিক অধিকার লঙ্ঘন হিসেবে গণ্য করতে হবে। অবহেলার জন্য দায়িত্বপ্রাপ্ত নীতিনির্ধারক ও ‘কর্তব্যধারী’দের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং ক্ষতিপূরণের আইনি কাঠামো দাঁড় করাতে হবে। প্রশাসনিক ও শিক্ষাগত পরিমণ্ডলে ‘পিছিয়ে পড়া’ বা ‘অসুবিধাগ্রস্ত’ শব্দগুলোর ব্যবহার আইনগতভাবে এবং মানসিকভাবে নিষিদ্ধ করতে হবে। মানুষের আত্মমর্যাদাকে ক্ষুণ্ণ করে এমন যেকোনো লেবেলিং বা ট্যাগিংয়ের বিরুদ্ধে সামাজিক ও আইনি প্রতিরোধ গড়ে তুলতে হবে।

‘মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহান।’ মানুষকে নিজেদের অধিকার আদায় করার জন্য করুণার অপেক্ষায় বসে না থেকে রাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে সংঘবদ্ধ ও সোচ্চার হতে হবে। অধিকার ভিক্ষা করে পাওয়া যায় না, তা ছিনিয়ে আনতে হয়।

মুক্তির ঐন্দ্রজালিক আলো

প্রকৃত মানুষের মুক্তি কোনো অলৌকিক ঘটনা নয়; এটি মানুষের নিজস্ব জাগরণ ও সমতার রাজনৈতিক চেতনার এক সম্মিলিত বিস্ফোরণ। যেদিন সমাজের শেষ মানুষটি বুঝতে পারবে যে সে জন্মগতভাবেই কোনো অংশে কম নয়, সেদিন পৃথিবীর কোনো রাষ্ট্রযন্ত্র বা ক্ষমতাকেন্দ্র তাকে দমিয়ে রাখতে পারবে না। এই আত্মোপলব্ধি এবং অধিকারের দাবি তোলার মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত জাদুকরী শক্তি—যা পুরোনো সমাজকাঠামোর সমস্ত অন্যায় দেওয়াল এক নিমিষে গুঁড়িয়ে দিতে পারে।

আজ সময় এসেছে আয়নায় নিজের মুখ দেখার। যারা নিজেদের ‘মূলধারার’ বলে অহংকার করেন, তাদের চোখ খুলে দেওয়ার সময় এখনই। কেউ পিছিয়ে নেই—তাদের ইচ্ছাকৃতভাবে পেছনে আটকে রাখা হয়েছে। এই শৃঙ্খল ভাঙার সময় আজই, এখনই।

লেখক: একজন উন্নয়নকর্মী