শ্রমিকের মজুরি, পুলিশের বেতন ও সম্মানজনক জীবনের নিশ্চয়তা 

শফিক আর. ভূঁইয়া
১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন হয়েছে। সেই আন্দোলন নিয়ন্ত্রণে মাঠে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। একদিকে শ্রমিকেরা বলছেন, বর্তমান বাজারদরে তাঁদের পক্ষে পরিবার নিয়ে বেঁচে থাকা কঠিন। অন্যদিকে পুলিশ সদস্যদের দীর্ঘ কর্মঘণ্টা, ঝুঁকি, দায়িত্ব এবং সীমিত সুযোগ-সুবিধা নিয়েও প্রশ্ন রয়েছে। কিন্তু এই দুই পক্ষের মধ্যে একটি অদ্ভুত মিল আছে। দুপক্ষই এমন এক অর্থনৈতিক বাস্তবতার অংশ, যেখানে কাজ করেও অনেকের জন্য সম্মানজনক জীবন নিশ্চিত করা কঠিন।

আমরা যখন পুলিশের কথা বলি, তখন প্রায়ই ঘুষ, হয়রানি কিংবা ক্ষমতার অপব্যবহারের প্রসঙ্গ আসে। সাধারণ মানুষের মধ্যে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণাও কম নয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছি, একজন কনস্টেবলের বেতন কত? সেই বেতনে তাঁর নিজের এবং পরিবারের জীবনযাত্রার ব্যয় কতটা মেটে? একজন পুলিশ সদস্যকে যে দায়িত্ব, ঝুঁকি আর অনিয়মিতভাবে দীর্ঘ কর্মঘণ্টার মধ্য দিয়ে যেতে হয়, তার বিপরীতে তাঁর আর্থিক ও সামাজিক নিরাপত্তা কতটুকু?

২০২৬ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী, পুলিশ কনস্টেবল পদটি ১৭তম গ্রেডের অন্তর্ভুক্ত। নতুন বেতন কাঠামোয় এই গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২১ হাজার ৪০০ টাকা। এর সঙ্গে পদ ও কর্মস্থল অনুযায়ী বাড়িভাড়া, ঝুঁকি, রেশন, চিকিৎসাসহ বিভিন্ন ভাতা যুক্ত হতে পারে। অন্যদিকে, গার্মেন্টস শ্রমিকদের বর্তমান নির্ধারিত সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। তাঁরা এখন ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি করছেন।

এখানে একটি তুলনা জরুরি। পুলিশের বেতন কাঠামো এবং গার্মেন্টস শ্রমিকের সর্বনিম্ন মজুরি একেবারে সমতুল্য নয়। একটিতে মূল বেতন ও বিভিন্ন ভাতার ব্যবস্থা রয়েছে, অন্যটি একটি খাতভিত্তিক ন্যূনতম মজুরি। তবু এই সংখ্যাগুলো আমাদের একটি প্রশ্নের সামনে দাঁড় করায়— দায়িত্ব ও পেশা আলাদা হলেও একজন মানুষের সম্মানজনকভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অর্থের হিসাব কি আলাদা হতে পারে?

পুলিশের দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলা অবশ্যই প্রয়োজন। ঘুষ নেওয়া, নিরীহ মানুষকে হয়রানি করা কিংবা আইন প্রয়োগের ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কম বেতন এসব কাজের অজুহাত হতে পারে না।

কিন্তু দুর্নীতি প্রতিরোধের আলোচনায় শুধু ব্যক্তির নৈতিকতার প্রশ্ন তুললে চলবে না; প্রাতিষ্ঠানিক জবাবদিহি, পর্যাপ্ত পরিচালন ব্যয়, স্বচ্ছ বদলি-পদায়ন, কর্মপরিবেশ এবং ন্যায্য পারিশ্রমিকও নিশ্চিত করতে হবে।

‘দ্য ডেইলি স্টার’-এর একটি প্রতিবেদনে পুলিশের তদন্ত ব্যয় ও থানার পরিচালন খাতে বরাদ্দের সীমাবদ্ধতার বিষয়টি উঠে এসেছে। সেখানে কিছু কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, তদন্তের বাস্তব ব্যয়ের তুলনায় সরকারি বরাদ্দ অপর্যাপ্ত। এর অর্থ এই নয় যে, ঘুষ নেওয়ার কোনো বৈধতা তৈরি হয়। বরং এটি দেখায়, একটি প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত রাখতে হলে ব্যক্তিগত সততার পাশাপাশি প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাও ঠিক রাখা প্রয়োজন।

একই প্রশ্ন গার্মেন্টস শ্রমিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাঁরা দীর্ঘ সময় কাজ করেন, উৎপাদন ও রফতানি অর্থনীতিতে অবদান রাখেন। কিন্তু তাঁদের আয় দিয়ে বাসাভাড়া, খাবার, সন্তানের শিক্ষা, জরুরি চিকিৎসা এবং যাতায়াতের ব্যয় মেটানো কতটা সম্ভব? একজন শ্রমিকের আয় যদি মাসের মাঝামাঝি শেষ হয়ে যায়— তাহলে তাঁর কাছে সঞ্চয়,স্বাস্থ্যসেবা কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা কতটা বাস্তবসম্মত?

পরিচ্ছন্নতাকর্মীদের কথাও আমাদের ভাবতে হবে। যাঁরা প্রতিদিন শহরের বর্জ্য পরিষ্কার করেন,ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন, তাঁদের কতজনের স্বাস্থ্যবিমা আছে? অসুস্থ হলে চিকিৎসার খরচ কে বহন করেন? কাজ করতে গিয়ে দুর্ঘটনায় পড়লে তাঁদের পরিবারের নিরাপত্তা কী?

এখানে সরকারি কর্মচারীদের সামাজিক সুরক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত দেশে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ছিল প্রায় ১৪ লাখ ৬৪ হাজার। তাঁদের জন্য সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের মাধ্যমে চিকিৎসা সহায়তা, গুরুতর রোগের চিকিৎসা অনুদান এবং গ্রুপ ইনস্যুরেন্সের মতো সুবিধা রয়েছে। ২০২৫ সালের আগস্টে গ্রুপ ইনস্যুরেন্সের এককালীন সহায়তা দুই লাখ থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়। কিন্তু এই সুবিধা আর পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিমা এক বিষয় নয়। সরকারি কর্মচারীদের কতজনের কার্যকর স্বাস্থ্যবীমা রয়েছে, তার কোনো সমন্বিত প্রকাশ্য পরিসংখ্যানও সহজে পাওয়া যায় না।

২০২৩ সালে সব সরকারি কর্মচারীকে বীমার আওতায় আনতে একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের উদ্যোগের খবর প্রকাশিত হয়েছিল। কিন্তু উদ্যোগ ঘোষণা আর বাস্তবে সুরক্ষা নিশ্চিত করার মধ্যে যে ব্যবধান রয়েছে, সেটি আমাদের বিবেচনায় নিতে হবে। অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন ২০২৫ সালের ডিসেম্বরে ২,৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনার উদ্যোগ নেয়। এটি ইতিবাচক উদাহরণ, কিন্তু এমন সুরক্ষা সারা দেশের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য কতটা বিস্তৃত হয়েছে, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন।

আমাদের সামাজিক সুরক্ষার ধারণা এখনও অনেকাংশে চাকরির ধরন, প্রতিষ্ঠানের পরিচিতি এবং কর্মীর সাংগঠনিক শক্তির ওপর নির্ভরশীল। কেউ সরকারি চাকরি করেন, কেউ বড় শিল্পপ্রতিষ্ঠানে, কেউ ছোট ব্যবসায়, কেউ ব্যক্তিগত বাসায়। কিন্তু অসুস্থতা, দুর্ঘটনা, বেকারত্ব কিংবা পরিবারের আকস্মিক আর্থিক সংকট কোনো পেশার পরিচয় দেখে আসে না।

তাহলে আমাদের করণীয় কী? প্রথমত, বিভিন্ন পেশার জন্য ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে শুধু প্রতিষ্ঠানের সামর্থ্য নয়, জীবনযাত্রার ব্যয়কেও বিবেচনায় নিতে হবে। দ্বিতীয়ত, পুলিশসহ ঝুঁকিপূর্ণ পেশায় কর্মরত ব্যক্তিদের পর্যাপ্ত বেতন, কর্মঘণ্টা, বিশ্রাম, চিকিৎসা ও বীমা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, পরিচ্ছন্নতাকর্মী, গৃহকর্মী, গাড়িচালক, নিরাপত্তাকর্মীসহ অনানুষ্ঠানিক খাতের শ্রমজীবীদের জন্যও স্বাস্থ্য ও দুর্ঘটনা বীমা এবং আয় হারানোর সময় আর্থিক সুরক্ষার ব্যবস্থা গড়ে তুলতে হবে।

পুলিশের কাছে আমরা আইন মেনে চলার প্রত্যাশা করি, শ্রমিকের কাছে উৎপাদনশীলতার, পরিচ্ছন্নতাকর্মীর কাছে পরিচ্ছন্ন শহরের। কিন্তু তাঁদের প্রত্যেকের কাছ থেকে দায়িত্ব প্রত্যাশা করার পাশাপাশি তাঁদের জন্য সম্মানজনক জীবন নিশ্চিত করার দায়িত্বও আমাদের নিতে হবে।

একজন পুলিশ সদস্য ঘুষ নিলে তাঁকে জবাবদিহির আওতায় আসতে হবে। একজন শ্রমিকের ন্যায্য মজুরি আটকে রাখলেও নিয়োগকর্তাকে জবাব দিতে হবে। একইভাবে, একজন পরিচ্ছন্নতাকর্মীকে ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করিয়ে তাঁর চিকিৎসা ও নিরাপত্তার দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ থাকা উচিত নয়।

আমরা কি এমন একটি দেশ গড়তে চাই— যেখানে মানুষের পেশা ও কর্মক্ষেত্র আলাদা হলেও ন্যূনতম অর্থনৈতিক নিরাপত্তার অধিকার সবার থাকবে? নাকি সম্মানজনকভাবে বেঁচে থাকার সুযোগটিও নির্ভর করবে— কে কতটা সংগঠিত, কার দাবি কতটা দৃশ্যমান এবং কে কতটা প্রতিবাদ করতে পারে তার ওপর?

একটি দেশের অর্থনীতি শুধু যারা উৎপাদন করেন তাঁদের দিয়ে চলে না; যারা আইনশৃঙ্খলা রক্ষা করেন, শহর পরিষ্কার রাখেন এবং প্রতিদিনের প্রয়োজনীয় সেবা দেন, তাঁদের শ্রমের ওপরও দাঁড়িয়ে থাকে। তাঁদের সবার জন্য সম্মানজনক জীবন নিশ্চিত করাই হওয়া উচিত আমাদের উন্নয়নের অন্যতম মাপকাঠি।

লেখক: কমিউনিকেশন, কালচার ও করপোরেট দায়িত্বশীলতা পেশায় নিয়োজিত

/এপিএইচ/

*** প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব।

বাংলা ট্রিবিউনের সর্বশেষ
বন্যার ক্ষতি পুষিয়ে দিতে প্যারামেট্রিক বীমার আওতায় ১ লাখ মানুষ
বন্যার ক্ষতি পুষিয়ে দিতে প্যারামেট্রিক বীমার আওতায় ১ লাখ মানুষ
শ্রমিকের মজুরি, পুলিশের বেতন ও সম্মানজনক জীবনের নিশ্চয়তা 
শ্রমিকের মজুরি, পুলিশের বেতন ও সম্মানজনক জীবনের নিশ্চয়তা 
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
আর্জেন্টিনার সফরসূচিতে হঠাৎ পরিবর্তন
আর্জেন্টিনার সফরসূচিতে হঠাৎ পরিবর্তন
সর্বশেষ সর্বাধিক