র‍্যাগিংয়ের মনস্তত্ত্ব এবং নিষ্ঠুরতা! 

আমার ছেলে যখন ক্লাস ফোর-ফাইভে পড়তো, তখন থেকেই দেখতাম— স্কুলের বড় ক্লাসের ছেলেদের সঙ্গে তার বেশ খাতির। গল্প করছে, খেলাধুলা করছে। বিষয়টি নিয়ে একসময় আমি একটু দুশ্চিন্তায়ও পড়ে গিয়েছিলাম। ছোট একটি ছেলে কেন এত বড়দের সঙ্গে মিশবে! ছেলে অবশ্য বিষয়টি খুব স্বাভাবিকভাবেই ব্যাখ্যা করতো। বলতো, সে বেশ লম্বা বলে অ্যাসেম্বলিতে বড় ভাইদের সঙ্গে দাঁড়াতে হয়।

ক্লাস সেভেনে হোস্টেলে যাওয়ার পর অবশ্য অন্যরকম অভিজ্ঞতা হলো। একজন সিনিয়র আমার ছেলেকে কাজ করতে বলেছিলেন। সে রাজি হয়নি। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সিনিয়র ভাই তাকে চড় মারেন। ছেলে গিয়ে সরাসরি হোস্টেল সুপারের কাছে অভিযোগ করে। সুপার অভিযুক্ত শিক্ষার্থীকে শাস্তি দেন।

এরপর আমি ছেলেকে বলেছিলাম,তুমি তো ওকে শাস্তি পাওয়ালে। এখন যদি সে প্রতিশোধ নেয়? তার চেয়ে ভালো না, তার সঙ্গে বন্ধুত্ব করে ফেলা? পরে ছেলের হাতে ওই সিনিয়রের জন্য এক বাক্স খাবার পাঠিয়েছিলাম। বলেছিলাম, তুমি ওই ভাইয়াকে গিয়ে বলবে, এটা আমার মা দিয়েছে।এরপর আর কোনো সমস্যা হয়নি। স্কুলে র‍্যাগিংয়ের কিছু ঘটনা শুরু হলে প্রিন্সিপালও বেশ কঠোরভাবে তা নিয়ন্ত্রণ করেছিলেন।

তারপরও মন খারাপ হয়েছিল।একজন শিক্ষার্থীকে কেন নিজের নিরাপত্তার জন্য নির্যাতনকারীর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে? কেন তাকে ভাবতে হবে, অন্যায়ের প্রতিবাদ করলে প্রতিশোধের শিকার হতে পারে?

র‍্যাগিং নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠানে এই চর্চা চলে আসছে। তবে এর পাশাপাশি সিনিয়র ও জুনিয়রদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও গড়ে ওঠে। সিনিয়ররা জুনিয়রদের স্নেহ করেন, সহযোগিতা করেন। সমস্যা শুরু হয় তখন, যখন এই সম্পর্কের জায়গা দখল করে নেয় ক্ষমতা প্রদর্শন ও আধিপত্য বিস্তারের প্রবণতা।

সম্প্রতি সাভারের জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের (নিটার) ১৫তম ব্যাচের শিক্ষার্থীদেরর নির্যাতনের অভিযোগ সামনে এসেছে। পত্রিকায় দেখলাম, প্রায় ১৬-১৭ জন শিক্ষার্থীকে ঘণ্টার পর ঘণ্টা আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে ১২তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। নির্যাতনের শিকার হয়ে একজন শিক্ষার্থী তো নিটার ছেড়ে চলে যেতে চেয়েছিল বলে সংবাদে এসেছে। অথচ সে কেবল প্রথম বর্ষে ভর্তি হয়েছে।

ধরা যাক,সে চলে গেল। এরপর আর কোথাও ভর্তি হতে পারল না। তাহলে কি শুধু র‍্যাগিংয়ের কারণে তার শিক্ষাজীবন থেমে যাবে?

অবশ্য র‍্যাগিংয়ের শিকার হয়ে ২০২৩ সালে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর পর র‍্যাগিং ও শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ সামনে এসেছিল। মৃত্যুর আগে তিনিন সিনিয়রদের হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ ওঠে।

এরও আগে, ২০১৯ সালে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। তার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সহপাঠীদের একাংশের ক্ষোভের কথা সামনে এসেছিল। ঘটনাটির তদন্ত ও পরবর্তী আলোচনায় ক্যাম্পাসে গোষ্ঠীগত আধিপত্যের বিষয়টিও উঠে আসে। এই ঘটনাগুলোর প্রেক্ষাপট ও পরিণতি আলাদা। কিন্তু একটি জায়গায় মিল রয়েছে—শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীর নিরাপত্তা কি অন্য শিক্ষার্থীর হাতে জিম্মি হয়ে পড়ছে না?

বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক এ ধরনের আচরণের ইতিহাস অন্তত ৮০০ বছরের পুরোনো। মধ্যযুগে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা নিজেদের অঞ্চলভিত্তিক বিভিন্ন দলে বিভক্ত থাকতেন। নতুন শিক্ষার্থীদের সেই দলে অন্তর্ভুক্ত হওয়ার আগে কিছু আনুষ্ঠানিকতা পালন করতে হতো। কখনো অর্থ দিতে হতো, কখনো সিনিয়রদের জন্য ভোজের আয়োজন করতে হতো। অর্থাৎ, প্রাথমিক পর্যায়ে নতুন শিক্ষার্থীদের একটি প্রতিষ্ঠানের সামাজিক পরিমণ্ডলে অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিকতার সঙ্গে এ ধরনের আচরণের সম্পর্ক ছিল।

কিন্তু সময়ের সঙ্গে এসব আনুষ্ঠানিকতার কিছু অংশে অপমান, ভয় দেখানো ও শারীরিক নির্যাতন যুক্ত হয়। একপর্যায়ে এই প্রথার একটি অংশ ক্ষমতা প্রদর্শন ও আধিপত্য প্রতিষ্ঠার হাতিয়ারে পরিণত হয়। তবে এটি শুধু ভারতীয় উপমহাদেশের সমস্যা নয়। ইউরোপ, অস্ট্রেলিয়া থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়, আবাসিক স্কুল-কলেজ, এমনকি সামরিক বাহিনীতেও এর বিভিন্ন রূপ দেখা যায়। আধুনিক বিশ্বে, যেখানে সমতা, মানবিকতা ও ব্যক্তিস্বাধীনতার কথা এত জোর দিয়ে বলা হয়, সেখানে র‍্যাগিংয়ের মতো অমানবিক চর্চা এখনো কেন টিকে আছে?

বড়রা ছোটদের স্নেহ করবে। নতুন পরিবেশে মানিয়ে নেওয়া থেকে শুরু করে পড়াশোনা, নিয়মকানুন জানা কিংবা বন্ধুত্ব তৈরির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। জুনিয়ররাও সিনিয়রদের সম্মান করবে, প্রয়োজনে তাদের কাছ থেকে সহযোগিতা নেবে। একটা বন্ধুত্বপূর্ণ বা বড় ভাই-ছোট ভাইয়ের মতো সম্পর্ক তৈরি হবে। এটাই তো আধুনিক সমাজে স্বাভাবিক। কিন্তু সমস্যা শুরু হয় তখন, যখন এই সম্পর্ক বন্ধুত্বের বদলে ক্ষমতা ও আনুগত্যের সম্পর্কে পরিণত হয়। এই পরিবর্তনের পেছনে কিছু মনস্তাত্ত্বিক কারণও কাজ করে।

যেমন, কিছু শিক্ষার্থী সিনিয়র হওয়ার মধ্য দিয়ে নিজেদের মধ্যে একধরনের কর্তৃত্ববোধ তৈরি করেন। তারা মনে করেন, জুনিয়রদের তাদের কথা শুনতে হবে। কাজ করে দিতে হবে। সম্মান দেখাতে হবে। কেউ নির্দেশ না মানলে তাকে অপমান করা কিংবা শাস্তি দেওয়ার অধিকার তাদের আছে।

মনোবিজ্ঞানের দৃষ্টিতে এটি ক্ষমতা ও আধিপত্য প্রতিষ্ঠার প্রবণতার সঙ্গে সম্পর্কিত। অন্যকে নিয়ন্ত্রণ করতে পারার মধ্য দিয়ে কেউ কেউ নিজের গুরুত্ব অনুভব করে। অন্যের ভয় ও অসহায়ত্ব তাদের কাছে নিজের ক্ষমতার প্রমাণ হয়ে ওঠে।

র‍্যাগিংয়ের আরেকটি কারণ হতে পারে প্রতিশোধের মানসিকতা। একজন শিক্ষার্থী জুনিয়র অবস্থায় নির্যাতনের শিকার হলে পরবর্তী সময়ে সিনিয়র হয়ে একই আচরণ করতে পারেন। এভাবে নির্যাতনের একটি চক্র তৈরি হয়। মনোবিজ্ঞানে এ ধরনের প্রবণতাকে অনেক সময়—নির্যাতনের চক্র’ বা ‘সাইকেল অব অ্যাবইউজ’ হিসেবে ব্যাখ্যা করা হয়। তবে নির্যাতন বা র‍্যাগিংয়ের শিকার প্রত্যেক মানুষ যে পরবর্তী সময়ে নির্যাতনকারী হয়ে ওঠেন, তা নয়।

দলগত আচরণও এখানে গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থী একা হয়তো কাউকে মারধর করার সাহস পান না। কিন্তু কয়েকজন মিলে যখন একজনকে ঘিরে ধরেন, তখন ব্যক্তিগত নৈতিকতা, বিচার ও বিবেচনাবোধ দুর্বল হয়ে যায়। অন্যরা করছে দেখে তিনিও তাতে অংশ নেন। দলের কাছে নিজেকে সাহসী বা বিশ্বস্ত প্রমাণ করার চেষ্টাও থাকে। এ ক্ষেত্রে দলগত চাপ এবং গোষ্ঠীর সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার প্রবণতা কাজ করে।

এছাড়া রয়েছে সহমর্মিতার অভাব। একজন মানুষ যখন অন্যের কষ্ট অনুভব করতে পারেন না, তখন তার পক্ষে অন্যকে অপমান বা নির্যাতন করা সহজ হয়ে যায়। ভুক্তভোগীর ভয়, কান্না কিংবা অসহায়ত্বও তখন নির্যাতনকারীকে থামাতে পারে না।

তবে র‍্যাগিং শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত আচরণের সমস্যা নয়। এর পেছনে প্রতিষ্ঠানের পরিবেশ ও কর্তৃপক্ষের ভূমিকাও গুরুত্বপূর্ণ। কোনো প্রতিষ্ঠানে অভিযোগ করেও প্রতিকার না পেলে, কিংবা ক্ষমতাবান শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে নির্যাতনকারীরা আরও উৎসাহিত হন। তখন ভুক্তভোগীরা অভিযোগ করতেও ভয় পান।

তাই র‍্যাগিং বন্ধ করতে হলে শুধু সচেতনতামূলক বক্তব্য যথেষ্ট নয়। অভিযোগ জানানোর নিরাপদ ব্যবস্থা, নিরপেক্ষ তদন্ত, অপরাধীদের বিরুদ্ধে যথাযথ শাস্তি এবং ভুক্তভোগীদের মানসিক সহায়তা নিশ্চিত করতে হবে।

বিশেষ করে আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশাসনের নিয়মিত নজরদারি জরুরি। কারণ কর্তৃপক্ষ চাইলে অনেক কিছুই নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু সব প্রতিষ্ঠান একইভাবে দায়িত্ব পালন করে না। ফলে স্কুল থেকে বিশ্ববিদ্যালয়—বিভিন্ন পর্যায়ে র‍্যাগিং টিকে থাকে।

এই আমাদের দেশেই একসময় র‍্যাগিংয়ের ভয়ে অনেক শিক্ষার্থী নির্দিষ্ট কিছু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আগ্রহী হতেন না। যে প্রতিষ্ঠানের জ্ঞান অর্জন, আত্মবিশ্বাস তৈরি ও ভবিষ্যৎ নির্মাণের জায়গা হওয়ার কথা, সেটিই যদি কারও কাছে ভয়ের জায়গা হয়ে ওঠে, এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে? একজন শিক্ষার্থী কেন আরেকজন শিক্ষার্থীকে নির্যাতন করে? সিনিয়র হওয়ার মধ্যে কী এমন ক্ষমতার অনুভূতি তৈরি হয়, যা একজন মানুষকে অন্য মানুষের প্রতি নিষ্ঠুর করে তুলতে পারে?

সিনিয়র হওয়া মানে কাউকে শাসন করার অধিকার পাওয়া নয়। বরং নতুনদের জন্য পথ সহজ করে দেওয়ার দায়িত্ব নেওয়া। একজন শিক্ষার্থীকে ভয় দেখিয়ে, অপমান করে কিংবা মারধর করে কখনোই সম্মান বা ভালোবাসা অর্জন করা যায় না।

লেখক: সাইকোলজিস্ট